যশোর–নড়াইল অঞ্চলের রসপাকান পিঠা খেয়েছেন? রেসিপি দেখুন
যশোর–নড়াইল ছাড়াও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় রসপাকান পিঠা খাওয়ার চল বেশি। ময়দার রুটি বেলে কাঁচা নারকেল কোরার সঙ্গে চিনির পুর দিয়ে তৈরি হয় এই মজার পিঠা। অতিথি আপ্যায়ন ও বিয়েবাড়িতে রসপাকান বিশেষ পদ হিসেবে পরিবেশিত হয়। রেসিপি দিয়েছেন সিতারা ফেরদৌস
উপকরণ
ময়দা দেড় কাপ, তেল ২ টেবিল চামচ, লবণ আধা চা–চামচ, চিনি ১ চা–চামচ, কুসুম গরম পানি প্রয়োজনমতো, কোরানো নারকেল ২ কাপ ও চিনি ১ কাপ।
প্রণালি
নারকেল ও চিনি বাদে বাকি সব উপকরণ কিছুক্ষণ ময়ান দিয়ে পানিতে মথে ঢেকে রাখুন।
এবার চিনি ও নারকেল আলতো হাতে মিশিয়ে নিন।
মথে রাখা ময়দা থেকে পাতলা রুটি বেলে নিন।
রুটির এক পাশে নারকেল–চিনির পুর দিয়ে পুলি পিঠার মতো চেপে চেপে মুখ আটকে নিন।
এবার চুলায় ডুবোতেল গরম করে দ্রুত ভেজে তুলুন।
(রেসিপিটি বর্ণিল বিয়ে জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশিত)