যে কারণে টি–ব্যাগ চিপড়ে নেবেন না, সঙ্গে জানুন নিখুঁত চা বানানোর গোল্ডেন রুল
নিখুঁজ চা বানানো সহজ নয়, এ যেন একধরনের বিজ্ঞান। তাপমাত্রা, সময়, দুধ দেওয়ার মুহূর্ত—সবকিছুই স্বাদের ওপর প্রভাব ফেলে। চা নিয়ে গবেষণা করা রসায়নবিদ ও পুষ্টিবিশেষজ্ঞদের পরামর্শ থেকে জানা গেল চা বানানোর কিছু গোল্ডেন রুল, যা মানলে প্রতিটি কাপই হয়ে উঠতে পারে আরও সুস্বাদু ও উপভোগ্য।
চায়ের পাত্র আগে গরম করা জরুরি
চা বানানোর আগে কাপ বা কেটলি গরম করে নেওয়ার অভ্যাস আমাদের অনেকেরই নেই। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এটি খুব গুরুত্বপূর্ণ।
ফুটন্ত পানি ঠান্ডা কাপে ঢাললে সঙ্গে সঙ্গেই তাপমাত্রা কমে যায়। এতে চায়ের পাতা ঠিকভাবে ভেজে না বা ফুটিয়ে তোলা যায় না। ফলে ঠিক স্বাদটাও পাওয়া যায় না।
সমাধান সহজ, চা বানানোর আগে কাপে বা কেটলিতে একটু গরম পানি ঢেলে তা ফেলে দিন। এতে পাত্র গরম হয়ে যাবে, আর চা হবে আরও ভালো।
টি-ব্যাগ চিপড়ে নেবেন না
চা বানানোর সময় আমরা অনেকেই টি-ব্যাগ তুলে ভালো করে চিপড়ে নিই। ভাবি, এতে বুঝি বাড়তি স্বাদ পাওয়া যাবে। বাস্তবে উল্টোটা ঘটে।
চিপড়ে নিলে চা–পাতা থেকে অতিরিক্ত ট্যানিন বের হয়, যা চাকে তেতো করে তোলে। এ ছাড়া ব্যাগ ছিঁড়ে গিয়ে পাতার গুঁড়া পানিতে মিশে যাওয়ার ঝুঁকিও থাকে।
বিশেষজ্ঞদের পরামর্শ, ৩ থেকে ৫ মিনিট রেখে ধীরে টি-ব্যাগ তুলে ফেলুন। চেপে ধরার দরকার নেই।
কতক্ষণ ভিজিয়ে রাখবেন
চায়ের স্বাদ ও উপকারিতা—দুটির জন্যই টি–ব্যাগ ভিজিয়ে রাখার সময়টা গুরুত্বপূর্ণ।
৩–৫ মিনিট: আদর্শ সময়
১ মিনিটের কম: স্বাদ হবে পানসে
৫ মিনিটের বেশি: তেতো হতে পারে
দুধ আগে, না পরে
এ প্রশ্ন অনেকের মনেই আসে, দুধ আগে দেব, না চা বানানোর পরে? বিশেষজ্ঞদের মতে, টি-ব্যাগ দিয়ে কাপে চা বানালে দুধ অবশ্যই পরে দিতে হবে। আগে দিলে পানির তাপমাত্রা কমে যায়, ফলে চা ঠিকমতো তৈরি হয় না।
চায়ের কেটলিতে আলাদা করে বানালে দুধ আগে বা পরে—দুটিতে তেমন পার্থক্য হয় না। তবে খুব ঠান্ডা দুধ আগে দিলে কখনো কখনো দুধ ফেটে যেতে পারে।
ফুটন্ত পানি কেন এত গুরুত্বপূর্ণ
লাল চা বানাতে হলে টগবগে ফুটন্ত পানি ব্যবহার করাই সবচেয়ে ভালো। পানি যদি খুব গরম না হয়, তাহলে চায়ের ভেতরের স্বাদ ও ঘ্রাণ পুরোপুরি বের হয় না। ফলে চা পানসে লাগতে পারে।
চায়ের রং কেমন হওয়া উচিত
এটি একান্তই ব্যক্তিগত পছন্দ। তবে গবেষণায় দেখা গেছে, বেশির ভাগ মানুষ হালকা গাঢ় বাদামি বা সোনালি আভাযুক্ত রং পছন্দ করেন, যেখানে দুধের পরিমাণ মাঝারি।
ভালো চা বানানোর সংক্ষিপ্ত নিয়ম
কাপ বা কেটলি আগে গরম করুন
টগবগে ফুটন্ত পানি ব্যবহার করুন
টি-ব্যাগ ৩–৫ মিনিট রাখুন
ব্যাগ চিপড়ে নেবেন না
টি–ব্যাগ দিয়ে বানালে দুধ দিন চা বানানোর পর
নিজের রুচি অনুযায়ী রং ও ঘনত্ব ঠিক করুন
সূত্র: সাগা