ফুচকার রেসিপি
উপকরণ
ফুচকার জন্য: সুজি এক কাপ, ময়দা আধা কাপ, বেকিং সোডা আধা চা-চামচ, তালমাখনা দেড় চা-চামচ, লবণ সিকি চা-চামচ, কুসুম গরম পানি আধা কাপ, তেল ভাজার জন্য।
পুরের জন্য: আলু তিনটি, কাঁচা মরিচকুঁচি পাঁচটি, পেঁয়াজকুঁচি একটি, ধনেপাতাকুঁচি দুই টেবিল চামচ, লবণ আধা চা-চামচ।
তেঁতুলের সসের জন্য: তেঁতুল ৫০ গ্রাম, ভাজা জিরার গুঁড়া পৌনে এক চা-চামচ, ভাজা শুকনা মরিচের গুঁড়া সিকি চা-চামচ, লবণ এক চা-চামচ, বিট লবণ সিকি চা-চামচ, চিনি দুই চা-চামচ।
প্রণালি
একটি বাটিতে সুজি, ময়দা, লবণ, বেকিং সোডা ও তালমাখনা ভালো করে মিশিয়ে কুসুম গরম পানি দিয়ে মাখিয়ে শক্ত ডো তৈরি করুন। ৩০ মিনিট ঢেকে রাখুন। আলু সেদ্ধ করে ছিলে আধা ভাঙা করে নিন।
তাতে কাঁচা মরিচ, লবণ, পেঁয়াজ, ধনেপাতাকুঁচি দিয়ে মিশিয়ে রাখুন। তেঁতুল এক কাপ পানিতে আধা ঘণ্টা মতো ভিজিয়ে রেখে ক্বাথ বের করে নিন। এবার তাতে সসের সব উপকরণ মিশিয়ে নিন।
এবার মেখে রাখা ডো থেকে বল বানিয়ে রুটি বেলে গোলাকার কিছুর সাহায্যে ছোট ছোট করে কেটে নিন। এভাবে সব রুটি থেকে ছোট রুটি কেটে নিন। গরম তেলে ফুচকাগুলো একটা একটা করে দিয়ে বাদামি করে ভেজে তুলুন।
সব ভাজা হয়ে গেলে ঠান্ডা করে ফুচকার মাঝখানে ছিদ্র করে তাতে মেখে রাখা আলুর পুর দিয়ে তেঁতুলের সস দিয়ে পরিবেশন করুন।