বেগুন বাহারের এখনই সময়
পোলাও–মাংস খেয়ে যদি হাঁপিয়ে ওঠেন, চেখে দেখতে পারেন ‘বেগুন বাহার’। বেগুনের এই চমকপ্রদ পদটির রেসিপি দিয়েছেন সেলিনা আক্তার।
উপকরণ: বেগুন আধা কেজি, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ চা–চামচ, হলুদগুঁড়া আধা চা–চামচ, কাশ্মীরি লাল মরিচগুঁড়া ২ চা–চামচ, জিরাগুঁড়া আধা চা–চামচ, ভাজা জিরাগুঁড়া আধা চা–চামচ, গরমমসলার গুঁড়া ১ চা–চামচ, কাজুবাদামবাটা ৩ টেবিল চামচ, তেজপাতা ১টি, আস্ত জিরা সিকি চা–চামচ (ফোড়নের জন্য), কুকিং ক্রিম সিকি কাপ, লবণ স্বাদমতো, চিনি আধা চা–চামচ, টক দই (পানি ঝরানো) আধা কাপ, তেল সিকি কাপ।
প্রণালি: বেগুন কেটে ধুয়ে সামান্য হলুদ, মরিচগুঁড়া ও লবণ মেখে তেলে ভেজে নিন। ওই তেলেই আস্ত জিরা ও তেজপাতার ফোড়ন দিন। এরপর একে একে সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে ভুনে নিন। টক দই ও কাজুবাদামবাটা দিয়ে ভালো করে কষান। একটু পানি দিয়ে আবার কষান। এবার এক কাপ পরিমাণ পানি দিন। ফুটে উঠলে কিছুক্ষণ পর ভাজা বেগুনগুলো দিন। একে একে ক্রিম, গরমমসলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া ও কাঁচা মরিচ দিয়ে ৩ মিনিট চুলায় রেখে নামিয়ে নিন।