নামকিন বিফের নাম শুনেছেন? জেনে নিন রেসিপি

গরুর মাংসের চেনা রেসিপির বাইরে একটু আলাদা স্বাদ যাঁরা চান, এই ঈদে নামকিন বিফ রাঁধতে পারেন। রেসিপি দিয়েছেন সেলিনা আক্তার

নামকিন বিফছবি: খালেদ সরকার

উপকরণ: চর্বিসহ গরুর সিনার মাংস ২ কেজি, ঘি সিকি কাপ, আদা–রসুনবাটা ১ টেবিল চামচ, দারুচিনি ২-৩ টুকরা, লবঙ্গ ৩টি, বড় পেঁয়াজ ৩টি, আস্ত রসুন ৪টি, আস্ত টমেটো ৪টি, গোলমরিচ (আস্ত) ৮টি, কাঁচা মরিচ ৬টি, লবণ স্বাদমতো, সাদা ভিনেগার ৩ টেবিল চামচ।

প্রণালি: ভিনেগারে ১ কাপ পানি মিশিয়ে রাখুন। লবণ ও ভিনেগার মেশানো পানিতে মাংস মেখে রেখে দিন ১ ঘণ্টা। লবণ–পানি থেকে মাংস তুলে ভালো করে ধুয়ে পানি ছেঁকে রাখুন। একটি বোলে মাংসের সঙ্গে ঘি ছাড়া সব উপকরণ দিয়ে আবারও মেখে রাখুন ১ ঘণ্টা। যে হাঁড়িতে রান্না করবেন, তাতে ঘি দিয়ে মাখানো মাংসসহ অন্য সব উপকরণ আর বেশি করে গরম পানি দিয়ে অল্প আঁচে ঢেকে রাখুন দুই ঘণ্টা।

পরিবেশনটাও সুন্দর হওয়া চাই
ছবি: খালেদ সরকার

এই দুই ঘণ্টায় আর ঢাকনা তুলবেন না। সম্ভব হলে আটা দিয়ে ঢাকনার চারপাশ আটকে দিন। এই রান্নাটার ঝোল অনেকটা নেহারির মতো হবে। মাংস হয়ে যাবে তুলতুলে। রুটি, নান বা পোলাওয়ের সঙ্গে গরম–গরম পরিবেশন করুন।