খাসির কোরমার রেসিপি
একটু অন্য রকম স্বাদে খাসি খেতে চাইলে রান্না করুন কোরমা। রেসিপি দিয়েছেন সিতারা ফেরদৌস
উপকরণ
খাসির মাংস ২ কেজি
আদাবাটা ২ টেবিল চামচ
রসুনবাটা দেড় টেবিল চামচ
পেঁয়াজবাটা ৩ টেবিল চামচ
কাঠবাদাম ও কাজুবাদামবাটা ২ টেবিল চামচ
গরমমসলার গুঁড়া ১ চা–চামচ
জায়ফল–জয়ত্রীগুঁড়া আধা চা–চামচ
সাদা গোলমরিচের গুঁড়া ১ চা–চামচ
টক দই ১ কাপ
টমেটো সস ৩ টেবিল চামচ
ধনেগুঁড়া ১ চা–চামচ
জিরাগুঁড়া ২ চা–চামচ
মরিচগুঁড়া ১ চা–চামচ
লবণ পরিমাণমতো
তেল আধা কাপ
ঘি পৌনে ১ কাপ
দুধ ১ কাপ
চিনি ২ টেবিল চামচ
তেঁতুলের ক্বাথ স্বাদমতো
মালাই আধা কাপ
কেওড়া ১ টেবিল চামচ
আলুবোখারা ৮টি
কাঁচা মরিচ ৮টি
পেঁয়াজ বেরেস্তা আধা কাপ
প্রণালি
মাংস টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
এবার তাতে দই, সামান্য আদা–রসুন, পেঁয়াজবাটা, লবণ দিয়ে মাখিয়ে ২-৩ ঘণ্টা রেখে দিন।
কড়াইতে তেল ও আধা কাপ ঘি গরম করে পেঁয়াজ ভাজুন।
তাতে সব বাটা মসলা, গরমমসলা, গুঁড়া মসলা দিয়ে কয়েকবার কষিয়ে মাংস দিন।
তেল ওপরে উঠে এলে গরম পানি ও আলুবোখারা দিতে হবে।
মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে এলে চিনি, দুধ, বাদামবাটা, কেওড়া, কাঁচা মরিচ দিয়ে নাড়ুন।
কিছুক্ষণ পর বেরেস্তা, গরমমসলার গুঁড়া মেশান। এবার মাংসে মালাই ও বাকি ঘিটুকু দিয়ে চুলা থেকে নামিয়ে নিন।