সঙ্গীর প্রতি অতিরিক্ত বিরক্তি কি ভালোবাসার প্রকাশ
চেনা-অচেনা বহু মানুষের প্রতিই আপনার বিরক্তি জন্মাতে পারে। অচেনা মানুষ, যাঁর সঙ্গে আপনার আর দেখা হওয়ার সম্ভাবনা নেই, তাঁর প্রতি বিরক্তিটা সাময়িক; তবে চেনা মানুষের বেলায় বিষয়টা আলাদা। বিশেষত ওই মানুষটা যদি আপনার সঙ্গী হন, আর তাঁর জীবনধারার বেশ কিছু দিক আপনার সঙ্গে না মেলে। ভালোবাসার সঙ্গে বিরক্তির সম্পর্কটা আদতে কী? শিশু–কিশোর ও পারিবারিক মনোরোগবিদ্যার সহকারী অধ্যাপক এবং যুক্তরাজ্যের সিনিয়র ক্লিনিক্যাল ফেলো ডা. টুম্পা ইন্দ্রানী ঘোষ-এর সঙ্গে কথা বলে লিখেছেন রাফিয়া আলম।
ভালোবাসায় কেন বিরক্তি
একজন ব্যক্তির নানা ইতিবাচক বৈশিষ্ট্যের জন্য আপনি তাঁকে ভালোবাসতে পারেন। তবে ভালোবাসার অর্থ সব সময় শতভাগ ভালো লাগা না-ও হতে পারে। ভালো না লাগার মতো বৈশিষ্ট্যগুলো অধিকাংশ ক্ষেত্রেই আবিষ্কৃত হয় একসঙ্গে থাকতে গিয়ে।
খুবই সাধারণ আর ছোটখাটো বিষয়ে সঙ্গীর প্রতি বিরক্তি জন্মাতে পারে। ভেজা তোয়ালে বিছানায় রাখা কিংবা মশারি টাঙানোর মতো ক্ষুদ্র বিষয়ই হয়ে উঠতে পারে রোজকার বিরক্তির কারণ। ভালোবাসলে মানুষের মধ্যে প্রত্যাশাও তৈরি হয়। আপনি ধরে নেন, সঙ্গী আপনার প্রত্যাশা অনুযায়ী কোনো একটা কাজ করবেন অথবা করবেন না।
ওই প্রত্যাশার সঙ্গে যখন বাস্তবটা মেলে না, তখন আপনি বিরক্ত হতেই পারেন। ভালোবাসার মানুষ আপনার চাওয়াটাকে বুঝতে পারছেন না বলে মনে হতে পারে আপনার, হতে পারে অভিমান। একসময় কিছুটা ক্ষোভও জন্মাতে পারে।
আরেকটা বিষয় হলো সংসারের চাপে বহু মানুষ নিজের যত্ন নেওয়ার সময় পান না। কম বয়সে স্বাস্থ্য এবং স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে ফেলেন কেউ কেউ। কারও মনে অভিযোগ জন্মে যে সঙ্গী তাঁকে আগের মতো সময় দেন না। এসব কারণেও সম্পর্কে বিরক্তি চলে আসতে পারে।
একঘেয়েমি জীবনধারাও বিরক্তির কারণ। আবার জীবনধারার আকস্মিক পরিবর্তন হলে সঙ্গী তাতে মানিয়ে নিতে না পারলেও বিরক্ত অনুভব করতে পারেন আপনি।
নাকি সমস্যাটা অন্য কোথাও
তবে এসব সমস্যা না থাকলেও একজন মানুষ সঙ্গীর প্রতি বিরক্ত হতে পারেন। এ ক্ষেত্রে কারণটা তিনি নিজেই। ঘরে বাইরে নানামুখী চাপে পিষ্ট একজন মানুষ অকারণেই সঙ্গীর ওপর বিরক্ত হতে পারেন।
ভালোবাসা বেশি নাকি বিরক্তি
বুঝতেই পারছেন, ভালোবাসার মধ্যে বিরক্তি আসার নানান কারণ থাকে। তবে বিরক্তি মানেই যে ভালোবাসা বা নির্ভরতার প্রকাশ, ব্যাপারটা এমন না-ও হতে পারে। একজন ব্যক্তি তাঁর সঙ্গীকে যতটুকু ভালোবাসেন, তার চেয়ে অনেক বেশি বিরক্ত হতে পারেন তাঁর ওপর।
কীভাবে বোঝা যায়, সঙ্গীর প্রতি ভালোবাসা বেশি নাকি বিরক্তি? ভালোবাসা ঠিক থাকার পরও বিরক্তি জন্মালে সে ক্ষেত্রে সম্পর্কের অন্যান্য বিষয়গুলো ঠিক থাকে। পারস্পরিক সম্মান, যত্ন এবং একে অন্যকে গুরুত্ব দেওয়ার মতো ইতিবাচক বৈশিষ্ট্য থেকেই বোঝা যায়, ভালোবাসা এখনো জোরালো। এই সম্পর্কে বিরক্তি থাকলেও তা সমাধান করা সম্ভব।
কিন্তু উল্টোটা হলে, অর্থাৎ যত্ন, সম্মান বা গুরুত্বের অভাব থাকলে সম্পর্কটা নিয়ে গভীরভাবে ভাবার প্রয়োজন হতে পারে।