চামড়ার আধুনিক পণ্য কিনতে চান? জেনে নিন কোথায় যাবেন

পণ্য তৈরির পর বেঁচে যাওয়া অব্যবহৃত চামড়ারও এক অভিনব ব্যবহার বের করেছে ওয়াইল্ড ওভেন। তাঁরা বিনা মূল্যে ওয়ার্কশপ পরিচালনা করেন।

রাজধানীর বনানীতে নিজেদের একটা আউটলেট চালু করেছে ওয়াইল্ড ওভেন
ছবি: সাবিনা ইয়াসমিন

‘পৃথিবীর যেকোনো জায়গায় আপনি যান, মেড ইন বাংলাদেশ ট্যাগ লাগানো পণ্য পাবেন। কিন্তু একটা মেড ইন বাংলাদেশ ব্র্যান্ড পাবেন না।’ বলছিলেন ফয়সাল ইসলাম। এনামুল হকেরও এই আক্ষেপ ছিল। দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন।

ফয়সাল ইসলাম লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ২০১৪ সালে স্নাতক সম্পন্ন করেন। এনামুল হক ২০১৩ সালে লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং থেকে স্নাতক সম্পন্ন করেন। আক্ষেপ থেকে এই দুই উদ্যোক্তা ২০১৯ সালে লাখখানেক টাকা নিয়ে শুরু করেন ‘ওয়াইল্ড ওভেন’।

চামড়াজাত পণ্যের ব্র্যান্ডটি এত দিন অনলাইনেই কেনাবেচা করত। সম্প্রতি রাজধানীর বনানীতে নিজেদের একটা আউটলেট চালু করেছে। পাশাপাশি দেশের বাইরে জাপানেও বিপণন শুরু করতে যাচ্ছে দেশীয় এই ব্র্যান্ড।

বাংলাদেশিদের উপযোগী নকশা

চামড়াজাত পণ্যের ব্র্যান্ডটি অনলাইনেও কেনাবেচা করে
ছবি: সাবিনা ইয়াসমিন

ওয়াইল্ড ওভেন প্রথম বাজারে আনে ওয়ালেট। ফয়সাল ইসলাম বলছিলেন, ‘বাজারে যে ওয়ালেটগুলো পাওয়া যেত, সেগুলো আমাদের দেশের মানুষের কথা ভেবে নকশা করা হয়নি।’ দেশীয় টাকার আকৃতির সঙ্গে প্রচলিত ওয়ালেটের আকৃতির পার্থক্য দেখালেন তিনি। নকশায় পয়সা এবং কার্ড রাখার অতিরিক্ত খাঁজ কমিয়ে ফেলেন।

হালকা সেই ওয়ালেট বেশ জনপ্রিয়তা পায়। নতুন আরও কিছু করার কথা ভাবেন তাঁরা। ওয়ালেট সাধারণত পেছনের পকেটে থাকে। দীর্ঘদিন উঁচু ওয়ালেট পেছনের পকেটে রেখে বসার কারণে ৫০ বছরের পর অনেকের কোমরে ব্যথা হয়। বিষয়টি মাথায় রেখে সামনের পকেটে রাখার উপযোগী ওয়ালেটের নকশা করেন তাঁরা।

এই ওয়ালেটও ক্রেতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। বর্তমানে ওয়ালেটে প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করছেন তাঁরা। নিরাপত্তার জন্য স্ক্যান–প্রতিরোধী ওয়ালেট এনেছেন। এতে অ্যাপলের ‘এয়ার ট্যাগ’ রাখারও জায়গা আছে। ফলে ওয়ালেটটি কোথাও ফেলে এলে সঙ্গে সঙ্গে বার্তা পাওয়া যাবে।

আমাদের দেশের টাকা রাখার উপযোগী করেই নকশা করা হয়েছে ওয়াইল্ড ওভেনের ওয়ালেটগুলো
ছবি: সাবিনা ইয়াসমিন

ওয়ালেট ছাড়াও ওয়াইল্ড ওভেনে পাওয়া যায় কার্ড হোল্ডার, পাসপোর্ট হোল্ডার, বেল্ট, ল্যাপটপ স্লিভ, রোদচশমার কেস, কলম ও ঘড়ি রাখার কেস।

আছে চাবির রিং এবং প্রয়োজনীয় জিনিসপত্র রাখার ব্যাগসহ আরও নানা কিছু। ছয়টি রঙে এসব পণ্য পাওয়া যাবে। চামড়ার জ্যাকেটও বাজারে আনতে যাচ্ছে ব্র্যান্ডটি।

নৈতিক ব্যবসা এবং সততা

চামড়ার তৈরি ল্যাপটপ স্লিভ
ছবি: সাবিনা ইয়াসমিন

শুরু থেকেই পণ্যের মানের সঙ্গে কখনো আপস করেননি ফয়সাল–এনামুল। পরিবেশগত বিষয়গুলোও মাথায় রেখেছেন।

ফয়সাল ইসলামের ভাষায়, ‘যত দিন আমাদের পৃথিবী সুস্থ থাকবে, আমরা সুস্থ থাকব। যেদিন সে পড়ে যাবে, আমরা সবাই পড়ে যাব।’

আরও পড়ুন
চাবির রিং থেকে ব্যবহার উপযোগী নানা নকশার ওয়ালেট
ছবি: সাবিনা ইয়াসমিন

চামড়া প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে পূর্ণাঙ্গ পণ্য তৈরি পর্যন্ত প্রতিটি ধাপে পরিবেশগত সুরক্ষার বিষয়টি নিশ্চিত করেন তাঁরা। ফয়সাল তাঁর কাজের অভিজ্ঞতায় লক্ষ করেছিলেন, চামড়াজাত পণ্য তৈরির সঙ্গে সংশ্লিষ্ট কারিগরেরা বেশির ভাগই অপুষ্টির শিকার। বর্তমানে তাঁদের কারখানায় ৭০ জন কারিগর কাজ করেন। বেতনের বাইরে এই কারিগরদের পুষ্টিকর খাবার এবং দক্ষতা উন্নয়নে ইংরেজি শিক্ষার ব্যবস্থা করেছেন তাঁরা।

ওয়াইল্ড ওভেনের দোকানটিও সাজানো হয়েছে এমনভাবে যেখানে গ্রাহক প্রিমিয়াম অভিজ্ঞতা পাবেন
ছবি: সাবিনা ইয়াসমিন

পণ্য তৈরির পর বেঁচে যাওয়া অব্যবহৃত চামড়ারও এক অভিনব ব্যবহার বের করেছে ওয়াইল্ড ওভেন। তাঁরা বিনা মূল্যে ওয়ার্কশপ পরিচালনা করেন। সেখানে যাঁরা শিখতে আসেন, প্রশিক্ষণ শেষে তাঁদের সেই অব্যবহৃত চামড়া দেওয়া হয়। সেগুলো প্রশিক্ষণার্থীরা অনুশীলন এবং নতুন পণ্য তৈরিতে ব্যবহার করতে পারেন।

কথা বলার জায়গা

এনামুল হক এবং ফয়সাল ইসলাম
ছবি: সাবিনা ইয়াসমিন

ওয়াইল্ড ওভেনের একটি ওয়ালেটের নাম ‘হাইকু’। ফয়সাল জানালেন, ‘হাইকু’তে যেমন তিন লাইন আর ১৭ অক্ষরে লেখা হয়, ওয়ালেটটিও তিনটি অংশে বিভক্ত এবং ১৭টি উপাদানে তৈরি।

চামড়ার তৈরি ফ্যাশনেবল বেল্ট
ছবি: সাবিনা ইয়াসমিন

ওয়াইল্ড ওভেনের আউটলুকে ঢুকলে দেখবেন, ভেতরের দেয়ালের একটা অংশজুড়ে চলচ্চিত্রের কিছু দৃশ্য চলছে। কখনো আব্বাস কিয়ারোস্তামির ‘২৪ ফ্রেম’, কখনোবা তারেক মাসুদের ‘আদম সুরত’।

একপাশে আছে কয়েকজনের বসার জায়গা
ছবি: সাবিনা ইয়াসমিন

সেসব দৃশ্যের সঙ্গে হালকা শব্দ মানসিক প্রশান্তি দেবে। একপাশে আছে কয়েকজনের বসার জায়গা। সেখানে কোনো পণ্য রাখা নেই।

ফয়সাল ইসলাম বলছিলেন, ‘আমরা মানুষকে কেবল ক্রেতা হিসেবে দেখতে চাই না। আমরা চাই, তাঁদের সঙ্গে কথা হোক। এটা মূলত কথা বলারই জায়গা।’

আরও পড়ুন