ছোটদের ঘরের আসবাব কিনবেন? জেনে নিন বিস্তারিত
শিশু-কিশোরদের ব্যক্তিত্ব ও মানসিক বিকাশে চারপাশের পরিবেশের ভূমিকা অনেক। পড়ার টেবিল, বুকশেলফ থেকে শুরু করে শোয়ার খাট—প্রতিটি আসবাবই তাঁদের কাছে যেন এক একটা জগৎ। তাই তাদের আসবাব কিনতে হবে ভেবেচিন্তে। এখানে রইল বিভিন্ন শোরুমে ছোটদের জন্য আনা নানা আসবাবের খোঁজ।
শোয়ার খাট
বর্তমানে ছোটদের জন্য সিঙ্গেল কিংবা সেমিডাবল বেড বেশ জনপ্রিয়। রাজধানীর বিভিন্ন শোরুমে মেহগনি কাঠ, মেটাল ও বিদেশ থেকে আমদানি করা বোর্ড দিয়ে তৈরি খাট পাওয়া যাচ্ছে। আধুনিক অন্দরসজ্জায় খাটের হেডবোর্ডে ফোম বা কৃত্রিম লেদারের কারুকাজ নতুন মাত্রা যোগ করেছে। মেটাল খাটের দাম মূলত ১১ হাজার টাকা থেকে শুরু।
অন্যদিকে ১৬ হাজার টাকা থেকে পাওয়া যাবে কাঠের সিঙ্গেল খাট। যার ওপর আধুনিক উড ফিনিশ কালারের প্রলেপ দেওয়া থাকে। একটু বেশি নকশা বা কারুকাজ–সংবলিত সেমিডাবল কিংবা কুইন ও কিং সাইজ খাটের জন্য খরচ হতে পারে ৩৬ হাজার টাকা বা বেশি।
পড়ার টেবিল
পড়াশোনায় শিশুর আগ্রহ ধরে রাখতে আরামদায়ক পড়ার টেবিল প্রয়োজন। বর্তমানে বাজারে মালয়েশিয়ান বোর্ড ও মজবুত কাঠের তৈরি পড়ার টেবিল পাওয়া যাচ্ছে। শিশুদের জন্য তৈরি টেবিলগুলোয় বিভিন্ন স্তর বা র্যাকের সুবিধা থাকে, যা বই ও প্রয়োজনীয় সরঞ্জাম গুছিয়ে রাখতে সাহায্য করে। সাধারণত বোর্ড বা প্রসেসড কাঠের পড়ার টেবিল ৫ হাজার ৫০০ টাকা থেকে পাওয়া যায়। তবে দীর্ঘস্থায়িত্বের জন্য কাঠের তৈরি টেবিল বেছে নিতে পারেন, ৬ হাজার ২০০ থেকেই পেয়ে যাবেন।
বইয়ের তাক বা বুকশেলফ
ঘরে বইয়ের তাক শিশুর পড়ার অভ্যাস গড়ে তুলতে জরুরি। ঢাকার বিভিন্ন শোরুমে এখন শিশুদের উপযোগী চমৎকার সব বুকশেলফ পাওয়া যাচ্ছে। এসব শেলফ সাধারণত কাঠের তৈরি এবং দীর্ঘস্থায়ী। এ ছাড়া ঘরের স্থান সংকুলান করতে অনেক সময় মাল্টিপারপাস শেলফকেও বুকশেলফ হিসেবে ব্যবহার করা হয়। এ ধরনের শেলফগুলোর দাম ধরনভেদে ৬ হাজার থেকে শুরু করে ১৭ হাজার টাকা হয়ে থাকে।
থিমভিত্তিক বেডরুম সেট
অনেক দোকানেই পাওয়া যায় থিমভিত্তিক বেডরুম সেট। শিশু থেকে কিশোর—সবার জন্যই রয়েছে সংগ্রহ। একটি পরিপূর্ণ বেডরুম সেটে সাধারণত পাঁচ থেকে ছয়টি আসবাব থাকে: শোয়ার খাট, পড়ার টেবিল, ওয়ার্ডরোব, আলমারি, সাইড টেবিল ও ড্রেসিং টেবিল। ড্যান্সিং বল, হ্যাপি কার, মুন ইন দ্য স্কাই, ডাইনো এবং রকেট থিমের মতো বৈচিত্র্যময় সব ডিজাইন দেখা যায় এখন।
মেহগনি কাঠের তৈরি আসবাবের ওপর ডকুপ্রিন্টের ব্যবহার এদের করে তোলে রঙিন ও টেকসই। ৫-৬ আসবাবের পুরো সেটের দাম ১ লাখ টাকা থেকে শুরু হলেও ক্রেতারা চাইলে নিজের প্রয়োজনমতো আসবাব আলাদাভাবে কিনতে পারেন।
বহুমুখী বিছানা বা বাঙ্ক বেড
যাদের ঘরের আয়তন ছোট, তাদের জন্য স্টাডি টেবিল কাম বেড বা বাঙ্ক হতে পারে চমৎকার সমাধান। একই কাঠামোর ভেতর টেবিল ও বিছানার সমন্বয় থাকায় এটি ছোট কক্ষের জন্য কার্যকরী। এ ধরনের আসবাব মূলত মালয়েশিয়ান বোর্ড এবং কাঠের সমন্বয়ে তৈরি করা হয়। কাঠের তৈরি মাল্টিপারপাস বেডগুলোর দাম বোর্ড বা মেটালের তুলনায় কিছুটা বেশি। এ ধরনের বহুমুখী আসবাবের দাম শুরু হয় ৫৪ হাজার ৫০ টাকা থেকে। এগুলো মূলত ভাগে ভাগে ঘরে সেট করা যায়।
কিস্তির সুবিধা
বর্তমানের প্রায় সব বড় শোরুমেই ইএমআই বা কিস্তির সুবিধা রয়েছে। অনেক শোরুম শূন্য শতাংশ সুদে কিস্তিতে আসবাব কেনার সুযোগ দিচ্ছে, আবার কিছু জায়গায় থাকছে কম মূল্যের সার্ভিস চার্জ। ব্র্যান্ডের শোরুমগুলো সাধারণত তৈরি করা আসবাবের ওপর গুরুত্ব দেয়। তবে শিশুর ঘরের মাপ বা থিম অনুযায়ী কাস্টমাইজড ডিজাইনের প্রয়োজন হলে ফার্নিচার হাউস বা কাঠের দোকান থেকে বানিয়ে নিতে পারবেন পছন্দমতো আসবাব।