মাইডাস সেন্টারে হাল ফ্যাশন ঈদ ফিয়েস্তা ২০২৬
ধানমন্ডির মাইডাস সেন্টারে চলছে ‘হাল ফ্যাশন ঈদ ফিয়েস্তা ২০২৬’। তিন দিনের এ মেলায় অংশ নিয়েছে ৫৮টি দেশীয় ব্র্যান্ড। উদ্যোক্তাদের বেশির ভাগই নারী। ১২টি প্যাভিলিয়নে ছড়ানো ৫৫টি স্টলে পোশাক, গয়না, সাজের অনুষঙ্গ, ঘর সাজানোর উপকরণ, চামড়ার পণ্য ও উপহারসামগ্রীর পাশাপাশি আছে খাদ্যপণ্য। বিভিন্ন ধরনের পোশাক নিয়ে এসেছে এসো, তেরো পার্বণ, মিতার গল্প, যাদুর হাট, শখের ডিব্বা, নকশা মিস্ত্রি, ভারমিলিয়নসহ নানা ব্র্যান্ড। গয়না ও অন্যান্য সাজ অনুষঙ্গ এনেছে কাদম্বরী, বিমূর্ত, পেটাল গহনা, দয়ীতা, পসরা, কারু নগরীসহ প্রায় ২০ উদ্যোক্তা।
ব্যতিক্রমী কিছু করার ভাবনা
উদ্যোক্তাদের বেশির ভাগই তাঁদের কাজে ব্যতিক্রমী কিছু করার চেষ্টা করেছেন।
জামদানি নিয়ে কাজ করছেন উদ্যোক্তা আফরীন চৌধুরী। তাঁর উদ্যোগ ‘দ্য জামদানি’ শাড়ি ছাড়াও এনেছে ছেলেদের জামদানির পাঞ্জাবি ও ফতুয়া। এ ছাড়া মেয়েদের জন্য আছে জামদানির কাফতান, কুর্তা ও দুই ধরনের ফতুয়া।
নকশিকাঁথার ব্যতিক্রমী কাজ নিয়ে এসেছে ‘নকশা মিস্ত্রি’। নতুনদের নকশিকাঁথার সঙ্গে পরিচয় করিয়ে দিতে করেছে ফিউশনধর্মী কাজ। শার্টের হাতা, পকেট, কাঁধ ও পায়জামায় রেখেছে নকশিকাঁথার ছোঁয়া। আছে প্যাচওয়ার্কের কাজও। নকশা মিস্ত্রিতে আরও পাওয়া যাবে শাড়ি, কুর্তা, টপ, প্যান্ট, স্কার্ট, স্কার্ফ, ওড়না ও ব্যাগ। এর সবই বানানো হয়েছে প্রাকৃতিক তন্তু (ফাইবার) দিয়ে।
‘জুট বর্ডার’ নিয়ে কাজ করে ‘শাড়ি কথন’। এতে পাটের বুননে করা হয় শাড়ির পাড়। শাড়িতে ডেনিমের কাজও করেছে তারা। প্রাকৃতিক টাইডাইয়ের কিছুটা ভিন্নধর্মী টাই, পকেট স্কয়ার ও লুঙ্গির দেখা মিলবে।
‘যাদুর হাট’-এ পাওয়া যাবে গামছা ও কাঁথা দিয়ে তৈরি ফিউশন পণ্য।
আছে গয়নার আয়োজন
মেলায় বেশ কয়েকটি গয়নার স্টল বসেছে। এর মধ্যে পিতলের ওপর রুপার আস্তর দেওয়া নানা গয়না এনেছে ‘মল্লিকা’। তাদের বিশেষ পণ্য পলার সেট। পলার ওপর রুপার আস্তরণে নকশা করা মালা, চুড়ি ও আংটি মিলবে।
জামদানি, নকশিকাঁথা, শীতলপাটি, সূচিকাজ ও গামছা দিয়ে হাতে তৈরি গয়না এনেছে ‘দয়ীতা’। ডিজাইনার টিপ তাদের প্রধান পণ্য। ১০ ধরনের ডিজাইনার টিপ আছে তাদের স্টলে। পাওয়া যাবে প্রাকৃতিক পাথরের তৈরি গয়নাও।
গয়নার ঐতিহ্যবাহী (ট্র্যাডিশনাল) মোটিফগুলোকে হাল আমলের উপযোগী করে নিজেদের নকশায় ব্যবহার করে ‘কাদম্বরী’। ঈদ উপলক্ষে তারা এনেছে কানটানা দেওয়া নানা স্টেটমেন্ট দুল। এ ছাড়া আছে নথ, বালা, চুলের টানা, চুলের কাঁটা ও টিপ।
‘কারু নগরী’তে পাওয়া যাবে পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না। মাটি, গামছা, পাট, চামড়া ও কাঠ দিয়ে বানানো মালা, চুড়ি, দুল, চুলের কাঁটা, পায়েল ও ব্রেসলেট এনেছে তারা। কারু নগরীর উদ্যোক্তা রেন্সিয়া খান বলেন, ‘প্রায় দুই বছর হলো আমি দেশীয় উপকরণের পণ্য নিয়ে কাজ করছি। আমাদের দেশে গয়না নিয়ে খুব কাজ হচ্ছে না। ফলে আমাদের কাজে দেশীয় উপকরণে একটু অনন্য কিছু করার চেষ্টা থাকে।’
আনুষঙ্গিক পণ্য ও খাবারের স্টল
‘রোদচশমা’র স্টলে পাওয়া যাবে কাঠের ফ্রেমের ব্যতিক্রমী চশমা। ২৮টি ভিন্ন ডিজাইনের চশমা এখানে পাওয়া যাবে। বার্মাটিক কাঠের তৈরি চশমাগুলো টেকসই বলে জানালেন এর কারিগরেরা।
চুলের যত্নের নানা পণ্য নিয়ে কাজ করে ‘দীঘল’। মেলায় শিশু থেকে বৃদ্ধ সবার জন্য নিজেদের তৈরি বিভিন্ন ভেষজ তেল এনেছে তারা। আছে নিম ও চন্দন কাঠের চিরুনি এবং বাঁশের তৈরি চিরুনি ও চুলের ব্রাশ।
চামড়ার তৈরি নানা পণ্য নিয়ে অংশ নিয়েছে ‘রুজ’। চামড়ার ব্যাগ, মানিব্যাগ, জুতা, ওয়ালেট, বেল্ট, ল্যাপটপ ব্যাগ মিলবে এ স্টলে। হাজারীবাগে রুজের নিজের কারখানায় তৈরি হয় এসব পণ্য।
তিন্তিড়ী, চালতালীলা, আমলক, আমগ্ন, জলপাইসত্ত্ব, গোলপাই—এমন বাহারি সব নামের আচার পাওয়া যাবে ‘আঁচারি’র স্টলে। কাঁচা তেঁতুলের মোরব্বা ধাঁচের আচার তিন্তিড়ী ক্রেতাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়।
মেলায় খাবারের স্টল দিয়েছে ‘এন’স কিচেন’।
‘রেডি টু ইট’ খাবার নিয়ে এসেছে ‘নবাবী’। বিরিয়ানি, তেহারি, খিচুড়ি, শর্ষে ইলিশের মতো ১০টি খাবার এনেছে তারা। প্যাকেটজাত এই খাবারগুলো রান্না করার কোনো ঝামেলা নেই। কেবল গরম করে নিলেই খাওয়া যাবে।
‘হাল ফ্যাশন ঈদ ফিয়েস্তা ২০২৬’ আয়োজনের উদ্দেশ্য নিয়ে হাল ফ্যাশনের কনসালট্যান্ট শেখ সাইফুর রহমান বলেন, ‘ক্ষুদ্র উদ্যোক্তারা আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির একটা অংশ। তাঁরা দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখছে। কিন্তু এটা আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি ওইভাবে স্বীকার করেনি। এই আয়োজনের মাধ্যমে আমরা তাঁদের সেই স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছি।’
উদ্বোধনের পর মেলার দ্বিতীয় দিনটা ছিল ডিজাইনারস ডে। আজ তৃতীয় ও শেষ দিনে মেলায় অংশ নেবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মেলায় আসা দর্শনার্থীরা কেনাকাটার মাধ্যমে র্যাফল ড্র জিতে নিতে পারবেন। এ ছাড়া থাকছে পাঁচ তারকা হোটেলের ‘কাপল কুপন’ পাওয়ার সুযোগও। এ জন্য মেলার নির্দিষ্ট ফটো বুথে ছবি তুলে হ্যাশট্যাগ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে হবে। সেখান থেকে নির্বাচিত পাঁচজন পাবেন এ কুপন। আজ সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।