ফ্রিজ থেকে দুর্গন্ধ, কী করবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রিজ সংসারের অন্যতম প্রয়োজনীয় অনুষঙ্গ। কাজের ব্যস্ততায় বাজার করা কিংবা প্রতিদিনের রান্নার খুঁটিনাটি অনেক সমস্যার সমাধান হয়ে যায় ইলেকট্রনিক এই পণ্যটির কারণে। বন্ধুর মতো সেবা দেওয়া এই পণ্যটিকে তাই নিয়মিত যত্নে রাখতে হয়। কারণ, অনেক সময় দেখা যায় ফ্রিজের দরজা খুললে কেমন একটা বিদঘুটে গন্ধ বের হচ্ছে। এই গন্ধ কেন হয়? কীভাবে এ থেকে রেহাই পাওয়া যায়? আসুন জেনে নিই।

ফ্রিজের সঠিক তাপমাত্রা বজায় রাখা

ফ্রিজের ‘নরমাল’ অংশের তাপমাত্রা ৩৫-৪০ ডিগ্রি ফারেনহাইটে রাখতে হবে। আর ডিপ ফ্রিজের তাপমাত্রা রাখতে হবে -১৭ (মাইনাস ১৭) ডিগ্রি সেলসিয়াস বা এর কাছাকাছি। ফ্রিজের খাবারের পরিমাণের ওপরও নির্ভর করে প্রয়োজনীয় তাপমাত্রা। কাঁচা খাবার (সবজি-ফলমূল) খোলা না রেখে আলাদা আলাদা ছোট জিপার-ব্যাগে রাখতে হবে। কাঁচা মাছ-মাংস অবশ্যই ডিপ ফ্রিজে আলাদা আলাদা প্যাকেটে রাখতে হবে।

ফ্রিজেরও প্রয়োজন আলাদা যত্ন
ছবি: প্রথম আলো

এয়ারটাইট কনটেইনার ব্যবহার

অনেক সময় খাবার থেকে ছড়ানো গন্ধই ফ্রিজকে দুর্গন্ধময় করে ফেলে। এই জটিলতা এড়াতে সব ধরনের খাবার এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রাখুন। এ ধরনের বক্সের ভেতর থেকে গন্ধ বাইরে আসতে পারে না, তাই ফ্রিজ দুর্গন্ধমুক্ত থাকে। একটি পাত্রে এক বেলার জন্য প্রয়োজনীয় খাবারের বেশি খাবার সংরক্ষণ করবেন না। অর্থাৎ খাবার বের করার সময় একটি পাত্র থেকে খানিকটা নিয়ে আবার সেটি ফ্রিজে ওঠানোর প্রয়োজন যেন না পড়ে।

পচনশীল সবজি-ফলের ক্ষেত্রে

‘ফ্রোজেন’ অর্থাৎ হিমায়িত সবজি বা ফলমূলও এমনভাবে ছোট ছোট বক্স বা পলিব্যাগে সংরক্ষণ করতে হবে, যা একবার বের করলে আর বাকি অংশ ফ্রিজে ওঠাতে না হয়। অবশ্য সবজি-ফলমূল হিমায়িত না করাই ভালো।

নিয়মিত চেক করতে হবে

বারবার ফ্রিজ খোলা-বন্ধ করা থেকে বিরত থাকুন। নিয়মিত চেক করতে হবে যেন কোনো পচা খাবার কিংবা সবজি ফ্রিজে না থাকে। সে রকম কিছু পেলে সেগুলো আলাদা করে ফেলুন। কাটা পেঁয়াজ-রসুন ফ্রিজে রাখবেন না। তাতে দুর্গন্ধের পাশাপাশি বিষক্রিয়ার ঝুঁকিও এড়াতে পারবেন।

বেকিং সোডার ব্যবহার

কুসুম গরম পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে পরিষ্কার করলে ফ্রিজ দুর্গন্ধমুক্ত থাকে। তবে এত পরিশ্রম করতে না চাইলে এক বাটি বেকিং সোডা ফ্রিজে রেখে দিন। সব দুর্গন্ধ এটি শুষে নেবে।

নিয়মিত যত্ন নিন

মাসে একবার ফ্রিজের বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে (সব খাবার বের করে) কুসুম গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে ফ্রিজ পরিষ্কার করতে হবে। রোজ একবার ফ্রিজের ভেতরটা দেখে নিন। যেসব খাবার পচে যাওয়ার বা দুর্গন্ধ ছড়ানোর আশঙ্কা রয়েছে বলে মনে করছেন, সেগুলো বের করে ফেলুন।

গন্ধ তাড়ায় এমন উপাদান রাখুন ফ্রিজে

একটি বাটিভর্তি কফি, ওট, লেবু, ভিনেগার কিংবা বেকিং সোডা রাখতে পারেন। এগুলো ফ্রিজের বাজে গন্ধ দূর করতে সাহায্য করবে। তুলার টুকরা ভ্যানিলা এসেন্সে ডুবিয়ে ১২ ঘণ্টার জন্য রেখে দিন ফ্রিজে। সুন্দর একটা গন্ধ ছড়িয়ে পড়বে ফ্রিজজুড়ে।

আপেল সিডার ভিনেগারের ব্যবহার

এক ভাগ আপেল সিডার ভিনেগার তিন ভাগ পানির সঙ্গে মিশিয়ে উচ্চ তাপে জ্বাল দিন। ফুটে উঠলে নামিয়ে একটি হিট প্রুফ গ্লাসে ঢালুন। গ্লাসটি ফ্রিজে রেখে ঢেকে দিন। ছয় ঘণ্টা পর বের করে ফেলুন। দুর্গন্ধ দূর করতে এটি ম্যাজিকের মতো কাজ করে।

আরও পড়ুন
আরও পড়ুন