কম খরচে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা দিতে চাই
রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলছে ‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব ২০২৩’। এ উপলক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে তাঁদের ভাবনা জানিয়েছেন। এখানে পড়ুন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি মুজিব খান–এর বক্তব্য।
ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ অনেক ক্ষেত্রেই স্বতন্ত্র। পুঁথিগত পড়ালেখার পাশাপাশি সামাজিক, নৈতিক ও মানবিক মূল্যবোধ শিক্ষা দিয়ে আমরা সৃষ্টিশীল, কর্মমুখর ও আদর্শ মানুষ গড়তে চাই। ইউডাতে অভিভাবকদের আয় অনুযায়ী শিক্ষার্থীদের টিউশন ফি নির্ধারণের সুবিধা আছে, এটিও আমাদের একটি বিশেষত্ব। নানা ধরনের বৃত্তি, ব্যতিক্রমী ছাত্র সংসদ, ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা আবাসিক হোস্টেল সুবিধা—এসব তো আছেই। সেবার মানসিকতা আমাদের শক্তির জায়গা। কারণ, শিক্ষাকে আমরা কখনোই বাণিজ্যিক পণ্য হিসেবে গ্রহণ করিনি। আমরা কম খরচে আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চতর শিক্ষা দিতে চাই।
শিক্ষার্থীই শক্তি
আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করছেন। গবেষণা, শিক্ষকতাতেও যুক্ত আছেন অনেকে। যেমন জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফে গবেষণা কর্মকর্তা হিসেবে যুক্ত আছেন সাহাব সবুজ, ইউনিভার্সিটি অব টেক্সাসের ফার্মাসি বিভাগে সহকারী অধ্যাপদ পদে আছেন নূরুন্নবী বাতেন, চীনের জেংহু বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল প্রকৌশল বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে আছেন আশরাফুল আলম, সিনিয়র প্রিন্সিপাল সায়েন্টিস্ট পদে গিনার ইনকরপোরেশনে কাজ করছেন মুহিত রানা। ইউডার এমন আরও বহু প্রাক্তন শিক্ষার্থী ভিনদেশের নামী প্রতিষ্ঠানে গবেষক হিসেবে কাজ করছেন।
ব্যাংক, বিমা ও আর্থিক খাত থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠান, ওষুধশিল্প, গণমাধ্যম—এমনকি সাংস্কৃতিক ক্ষেত্রেও আমাদের ছেলেমেয়েরা ভালো করছে। ইউডার সংগীত বিভাগ থেকে স্নাতক শেষ করে অনেক শিক্ষার্থী সংগীতকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন।
আছে ক্লাব, আছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন
বিজ্ঞান ক্লাব, ডিবেট ক্লাব, কালচারাল ক্লাব, কম্পিউটার ক্লাব, সংগীত ক্লাব, ইনডোর ও আউটডোর গেমস ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, মিডিয়া ক্লাব, আর্ট ক্লাব—এসব সংগঠনের ভূমিকা ক্যাম্পাসে খুবই ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক।
আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনও কার্যকর আছে। অ্যাসোসিয়েশনের সদস্যদের অনেকেই নিয়মিতভাবে ক্যাম্পাসে বা নিজেদের বিভাগে আসছেন, জুনিয়র শিক্ষার্থীদের সঙ্গে বসছেন, তাঁদের উৎসাহ ও অনুপ্রেরণা দিচ্ছেন। বিভিন্ন কর্মশালা, সেমিনার, আয়োজনেও অ্যালামনাইরা যুক্ত থাকেন।
গবেষণায় উদ্যোগ
গবেষণা খাতে সরকারি কোনো অনুদান বা আর্থিক বরাদ্দ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পায় না। ফলে এই খাতে আমাদের নিজস্ব অর্থায়নের ওপর নির্ভর করতে হচ্ছে। শিক্ষার্থী ও শিক্ষকেরা যেন গবেষণার কাজ করতে পারেন, সে জন্য সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যেই আমরা একটি গবেষণা ইনস্টিটিউট স্থাপন করেছি। আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ গবেষণাগার ও ল্যাব প্রতিষ্ঠা করেছি। গবেষণা খাতে প্রতিবছর মোট ব্যয়ের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করছি, যার শতকরা হার ২ শতাংশ।
বাধ্যতামূলকভাবে প্রত্যেক শিক্ষককে একটি করে গবেষণা পরিচালনা করতে হয়। এই কাজে প্রয়োজনে তাঁরা শিক্ষার্থীদেরও যুক্ত করতে পারবেন, এমন সিদ্ধান্তও নেওয়া হয়েছে; শিক্ষার্থীরা যেন ক্রমান্বয়ে দক্ষ ও অভিজ্ঞ গবেষক হয়ে উঠতে পারে। প্রতিবছর এই প্রতিষ্ঠান থেকে গড়ে ১০০টি গবেষণাপত্র দেশি ও বিদেশি বিভিন্ন জার্নালে প্রকাশিত হচ্ছে।