তাহসানের পছন্দের ৫ বইয়ের শীর্ষে কোনটি
একজন শিল্পীর সৃজনশীলতা গড়ে ওঠে শুধু কাজের অভিজ্ঞতায় নয়, বই পড়া ও জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিতেও। ব্যতিক্রম নন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। নিয়মিত বই পড়া তাঁর দীর্ঘদিনের অভ্যাস। তাহসানের কাছে জানতে চেয়েছিলাম পছন্দের পাঁচটি বইয়ের নাম। তাঁর পছন্দের বইয়ের তালিকায় আছে সৃজনশীলতা, ভ্রমণ ও আত্মানুসন্ধান থেকে কল্পবিজ্ঞানের বই। এই পছন্দই বলে দেয়, তাঁর আগ্রহ নানা ক্ষেত্রে। জেনে নিন তাঁর পছন্দের পাঁচ বই সম্পর্কে।
৫. ‘এন্ডারস গেম’: অরসন স্কট কার্ড
বিজ্ঞান কল্পকাহিনি নিয়ে বেশ আগ্রহী তাহসান। যে কারণে ছাত্রাবস্থায় খুঁজে বের করেন এই বিষয়ের নানান বই। এর মধ্যে তাঁর মনে ধরে যায় আমেরিকান লেখক অরসন স্কট কার্ডের জনপ্রিয় কল্পবিজ্ঞান উপন্যাস ‘এন্ডারস গেম’।
এই বইয়ের কেন্দ্রে আছে কিশোর অ্যান্ড্রু ‘এন্ডার’ উইগিন। ভিনগ্রহের প্রাণীদের সম্ভাব্য আক্রমণ মোকাবিলায় তাকে মহাকাশের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে পাঠানো হয়। সেখানে কঠিন যুদ্ধকৌশল, প্রতিযোগিতা ও মানসিক চাপের মধ্য দিয়ে এন্ডারকে নেতা হয়ে উঠতে হয়। তাহসান মনে করেন, যুদ্ধ, নেতৃত্ব, বুদ্ধিমত্তা ও নৈতিকতার প্রশ্ন বইটির গুরুত্বপূর্ণ দিক।
৪. ‘শঙ্কু সমগ্র’: সত্যজিৎ রায়
সত্যজিৎ রায়ের সিনেমা তাহসানের খুব পছন্দের। সেই সঙ্গে শৈশব থেকেই পড়েছেন তাঁর অনেক বই। ‘শঙ্কু সমগ্র’ এর মধ্যে অন্যতম প্রিয়। বাংলা সাহিত্যের জনপ্রিয় কল্পবিজ্ঞান চরিত্র অধ্যাপক ত্রিলোকেশ্বর শঙ্কু।
বিজ্ঞানী শঙ্কুর আবিষ্কার, বিচিত্র অভিযান এবং অজানা জগতের রহস্য নিয়ে সত্যজিৎ রায়ের গল্পগুলো তাহসানকে নিয়ে যায় কল্পনার এক বিস্ময়কর জগতে। বিজ্ঞান, কৌতূহল ও রোমাঞ্চের মিশেলে তৈরি এই সংকলন বাংলা কল্পবিজ্ঞানের অন্যতম সৃষ্টি।
৩. ‘উইন্ড, স্যান্ড অ্যান্ড স্টারস’: আঁতোয়ান দ্য সঁ-একঝুপেরি
তাহসান জানান, কখনো কখনো একটি বই তাঁর জীবনকে নতুন করে ভাবতে শিখিয়েছে। এই তালিকায় আছে বিখ্যাত ফরাসি লেখক, কবি, সাংবাদিক এবং পেশাদার বিমানচালক আঁতোয়ান দ্য সঁ-একঝুপেরির এই স্মৃতিকথা।
এই বইয়ে উঠে এসেছে আকাশপথে লেখকের অভিযানের অভিজ্ঞতা। মরুভূমির বিপদ, বিমান দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা, সহযাত্রীদের সঙ্গে বন্ধন এবং প্রতিকূলতার মুখে টিকে থাকার শক্তি। এসব অভিজ্ঞতার মধ্য দিয়ে লেখক জীবন ও মানবিকতা নিয়ে ভাবনার খোরাক জোগান।
২. ‘দ্য রোড টু মক্কা’: মুহাম্মদ আসাদ
তাহসানের পছন্দের তালিকায় আছে অস্ট্রীয় বংশোদ্ভূত মুসলিম পণ্ডিত, সাংবাদিক ও রাজনৈতিক তাত্ত্বিক মুহাম্মদ আসাদের আত্মজীবনী ও ভ্রমণকাহিনি ‘দ্য রোড টু মক্কা’।
এই বইয়ে উঠে এসেছে লেখকের ভ্রমণ, চিন্তার পরিবর্তন এবং ইসলাম গ্রহণের অভিজ্ঞতা। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা, স্থানীয় মানুষের সঙ্গে পরিচয় এবং বিশ্বাস ও জীবনের অর্থ খোঁজার কাহিনি।
১. ‘দ্য ক্রিয়েটিভ অ্যাক্ট: আ ওয়ে অব বিয়িং’: রিক রুবিন
সৃজনশীল বিষয়ের বইগুলো তাহসানকে দারুণভাবে টানে। এমনই একটি বই আছে তাঁর পছন্দের শীর্ষে। বইটির নাম ‘দ্য ক্রিয়েটিভ অ্যাক্ট: আ ওয়ে অব বিয়িং’। লিখেছেন আমেরিকান সংগীত প্রযোজক রিক রুবিন। বইটি সৃজনশীলতা নিয়ে ভাবনার খোরাক জোগায়।
শিল্পী কীভাবে চারপাশের জগৎ থেকে অনুপ্রেরণা খুঁজে পেতে পারেন, একই সঙ্গে কীভাবে নতুন চিন্তা করা যায়, তা আছে এই বইয়ে। তাহসানের ভাষায়, নতুন কিছু সৃষ্টিতে ভাবনার খোরাক জোগাতে পারে এই বই। তিনি মনে করেন, শিল্পী হিসেবে নিজের স্বতন্ত্র দিক খুঁজে পাওয়ার জন্যও বইটি গুরুত্বপূর্ণ।