অর্জিত জ্ঞানকে জীবনে কাজে লাগাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ জুলাই শতবর্ষ পূর্ণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের হাত ধরেই ১৯২৩ সালে প্রথম এ দেশে সমাবর্তন আয়োজিত হয়েছিল ।১০০ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয়েছে মোট ৫৩টি সমাবর্তন। সমাবর্তনের বক্তার আসন অলংকৃত করেছেন অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব। তাঁদের বক্তৃতা শিক্ষার্থীদের জন্য ছিল উদ্দীপনাময়, পরবর্তী জীবনের পথনির্দেশনা। ১৯৩৬ সালে ১৫ তম সমাবর্তনে বক্তা হয়ে এসেছিলেন বাঙালি ইতিহাসবিদ যদুনাথ সরকার। কী বলেছিলেন তিনি?

যদুনাথ সরকার
ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের মূল কাজ কখনোই নিছক প্রযুক্তিবিদ বা সংকীর্ণমনা বিশেষজ্ঞ তৈরি করা নয়। বিশ্ববিদ্যালয় তৈরি করবে এমন যোগ্য নেতা, যিনি যেকোনো সমস্যার সামগ্রিক চিত্র উপলব্ধি করতে পারবেন এবং সবাইকে নিয়ে তা সমাধানের সমন্বিত পন্থা আবিষ্কার করবেন। আর এ কথা তো নির্দ্বিধায় বলা যায় যে পৃথিবীর অন্য যেকোনো অংশের চেয়ে ভারতবর্ষে আজ মুক্তমনা, সত্যান্বেষী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় শিক্ষিত মানুষ বড় বেশি প্রয়োজন।

আরও পড়ুন

সমাজ-অর্থনীতি-রাজনীতিবিষয়ক অর্ধসত্য ও ভুল মতবাদের বিভ্রান্তি বর্তমানে এই ভূখণ্ডের যে ভয়াবহ ক্ষতি সাধন করেছে, তা অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। সত্যিকারের প্রগতি অর্জন করতে হলে এগিয়ে আসতে হবে সেই তরুণদের, যাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভের সৌভাগ্য হয়েছে, যারা বিশ্ব ইতিহাসের সত্যরূপ সম্পর্কে জ্ঞান অর্জন করে নিজেদের মাঝে তা ধারণ করতে পেরেছে। চিন্তার যত অসাধুতা, সমাজের যত অরাজকতা, জনসাধারণের মধ্যে যত অশিক্ষা ও ভুল ধারণা, সেসবের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এই তরুণদেরই। এই দায়িত্ব পালনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য নিহিত। অর্জিত জ্ঞানকে জীবনে কাজে লাগাও। একজন প্রকৃত জ্ঞানী হবেন সত্যের সারথি, সেন্ট জর্জের মতো তিনি সমাজে মাথা চাড়া দিয়ে ওঠা মিথ্যের ড্রাগনকে বধ করবেন।

(সংক্ষেপিত ও ইংরেজি থেকে অনুদিত)

সূত্র: ঢাকা ইউনিভার্সিটি দি কনভোকেশন স্পিচেস ভলিউম ১ (১৯২৩-১৯৪৬)