আগামী ১ জুলাই শতবর্ষ পূর্ণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের হাত ধরেই ১৯২৩ সালে প্রথম এ দেশে আয়োজিত হয়েছিল সমাবর্তন। ১৯২৪ সালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে বক্তা ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রথম উপাচার্য স্যার ফিলিপ জোসেফ হার্টগ। সমাবর্তন বক্তৃতায় কী বলেছিলেন তিনি?
আমাদের সাফল্য নিয়ে অতিরিক্ত প্রশংসা আমি করতে চাই না। কিন্তু এ দাবি আমি করতেই পারি যে এ বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করার পর থেকে, গত আড়াই বছরে আমরা একটি সত্যিকারের বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন করতে পেরেছি। আজ মনে করিয়ে দিতে চাই যে তোমাদের সবার ওপর অর্পিত হয়েছে এক বিশেষ দায়িত্ব। এই নতুন বিশ্ববিদ্যালয়টির পরিচয় এবং সম্মান এখন অনেকাংশেই তোমাদের ওপর, তোমাদের ব্যক্তিত্বের ওপর নির্ভর করছে।
তোমরা আজ যে ডিগ্রি গ্রহণ করলে, সেটি মূলত এক সাফল্যের নিদর্শন। কিন্তু মনে রেখো, স্বর্ণ, রৌপ্যের মতো অপরিবর্তনীয় ধাতুর নিদর্শন আর এই সার্টিফিকেটের নিদর্শনের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। এই সার্টিফিকেটের শক্তি জ্ঞানের ধারাবাহিক চর্চার ওপর নির্ভরশীল।
আমি আশা করছি, এই বিশ্ববিদ্যালয় থেকে তোমরা পড়ালেখার চেয়েও বেশি কিছু শিখেছ। এই বিশ্ববিদ্যালয় তোমাদের মধ্যে সেই ইচ্ছাশক্তির জাগরণ ঘটিয়েছে, যা তোমাদের শত সমালোচনা-নিন্দা-উপহাসকে উপেক্ষা করে নিজের লক্ষ্যে অবিচল থাকার সাহস জোগাবে। মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের একজন বিশিষ্ট শিক্ষক কিছুদিন আগেই বলেছেন যে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা মূলত একধরনের ফেলোশিপ। অর্থাৎ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়ার পর তুমি শুধু উপার্জন করবে, ব্যক্তিগত সফলতার পেছনে ছুটবে তা নয়; তোমাকে হতে হবে সমগ্র বিশ্বের নাগরিক।
(সংক্ষেপিত ও ইংরেজি থেকে অনুদিত)
সূত্র: ঢাকা ইউনিভার্সিটি দি কনভোকেশন স্পিচেস ভলিউম ১ (১৯২৩-১৯৪৬)