কুয়াশা উৎসবকে সারা দেশে ছড়িয়ে দিতে চায় জাককানইবি
ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) প্রথমবার কুয়াশা উৎসব হয়েছিল ২০১৯ সালে। সেবারের প্রতিপাদ্য ছিল, ‘কুয়াশায় সু-আশায় কহ কুশলাদি’। করোনা মহামারির কারণে দুই বছর বিরতি দিয়ে ৫-৬ জানুয়ারি আবার হলো সেই উৎসব। এবারের প্রতিপাদ্য, ‘প্রত্যাশার নব কহন, কুয়াশায় অবগাহন’।
এই আয়োজন জাককানইবির শিক্ষক-শিক্ষার্থীদের কাছে কেবল উৎসব নয়, বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার সংকল্পও। কুয়াশা উৎসবের অন্যতম আয়োজক বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষক, অভিনয়শিল্পী মনোজ প্রামাণিক বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয় শুধু এর ক্যাম্পাস ও শিক্ষক-শিক্ষার্থীদের নিয়েই নয়, বরং চারপাশের মানুষ, আবহাওয়া কিংবা সংস্কৃতি—সবকিছুই জড়িত। তাই আমরা চেয়েছি সবার অংশগ্রহণে যেন একটি সর্বজনীন উৎসব করতে পারি। এই অংশগ্রহণের মানে কিন্তু এমন নয় যে আশপাশের মানুষ স্রেফ অতিথি হয়ে আসবে, আর আমাদের পরিবেশনা উপভোগ করবে। বরং তারা যেন এ অনুষ্ঠানে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সব ধরনের কার্যক্রমে অংশ নিতে পারে—আমরা তা নিশ্চিত করতে চেয়েছি।’
যুক্ত হচ্ছে নতুনত্ব
আবহমান গ্রামবাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে উৎসবে যুক্ত হচ্ছে নানা আয়োজন। কুয়াশায় মোড়ানো শীতের সকালকে আরও উপভোগ্য করে তুলতে এবার যুক্ত হয়েছিল ‘রস উৎসব’। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল চিত্রকলা প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী, পিঠা পার্বণ উৎসব, বইমেলা, সংগীত, নৃত্য, স্ট্যান্ড-আপ কমেডি, পারফরম্যান্স আর্ট, কীর্তন। শুধু শিক্ষকদের অংশগ্রহণে ছিল সাহিত্য আলোচনা। উৎসবকে কেন্দ্র করে আয়োজিত প্রতিটি আয়োজনেই ছিল বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াস। গেট থেকে শুরু করে আমন্ত্রণপত্র—সবকিছুতেই ছিল গ্রামীণ সংস্কৃতির ছোঁয়া।
এই প্রথম পুরো আয়োজন গণ অর্থায়নে হয়েছে। পুরো উৎসব বাণিজ্যিক প্রভাবমুক্ত রাখতে এবার নেওয়া হয় একটি ভিন্নধর্মী উদ্যোগ। ব্যক্তি উদ্যোগে উৎসবে শরিক হওয়ার জন্য রাখা হয় ‘উৎসব বন্ধু’ হওয়ার সুযোগ। উৎসব বন্ধু হতে মানুষকে উত্সাহী করতে প্রথম ৩০০ জনের জন্য ছিল বিশেষ স্মারকের ব্যবস্থা।
জাতীয় কবির নামে বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়েরই এত বড় একটি উৎসবে কবি থাকবেন না, তা কি হয়! উৎসবের অন্যতম আয়োজক পার্বন মাজহার বলেন, ‘আমাদের উৎসবে নজরুলকে উৎসর্গ করে একটি অংশ থাকে। এবার যেহেতু বিদ্রোহী কবিতার ১০০ বছর ছিল, তাই আমরা বিদ্রোহী কবিতা নিয়ে একটি বিশেষ অংশ রেখেছিলাম। উৎসবের প্রথম দিনে নজরুল মঞ্চে এটি পরিবেশিত হয়।’
দুই দিনব্যাপী এই উৎসবকে সবার কাছে সুন্দরভাবে তুলে ধরতে প্রায় এক মাস ধরে প্রস্তুতি নিয়েছিল পুরো বিশ্ববিদ্যালয়। যেখানে ছিল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ক্লাসের ফাঁকে ফাঁকে প্রচারণা থেকে শুরু করে মঞ্চ তৈরি, স্টল তৈরি কিংবা আলোকসজ্জা—সবকিছুর দায়িত্ব নিয়েছেন শিক্ষার্থীরা।
জাতীয় উৎসবে রূপান্তরের ভাবনা
কুয়াশা উৎসব সত্যিকার অর্থেই একটি সর্বজনীন উৎসব হয়ে উঠেছে। যেখানে শিক্ষার্থীদের মতো একই রকম উদ্যম নিয়ে সার্বিক আয়োজনের সঙ্গে যুক্ত থাকছেন শিক্ষকেরা। কিন্তু শিক্ষক-শিক্ষার্থীদের এই মেলবন্ধন কীভাবে হলো? বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষক মেহেদী উল্লাহ বলেন, ‘কুয়াশা উৎসব এমন আনুষ্ঠানিক রূপ লাভ করার আগেও আমরা শিক্ষক-শিক্ষার্থীরা কুয়াশা পোহাতাম। কারণ, ত্রিশালের কুয়াশাটা নগরের কুয়াশার মতো নয়। তখন দেখা যেত কুয়াশাকে আলিঙ্গন করতে শিক্ষকেরা হয়তো ক্যাম্পাসে হেঁটে বেড়াচ্ছেন। আবার শিক্ষার্থীরা রাতের ক্যাম্পাসে গলা ছেড়ে গান গাচ্ছে। সাধারণত যেটি হয়, একটি সমাজে যখন সমমনা মানুষেরা বাস করে, তখন হয়তো টেলিপ্যাথির মাধ্যমে তাদের মধ্যে কোনো একটা সংযোগ তৈরি হয়। এখানেও হয়েছে তা–ই। তাই কুয়াশা উৎসব এখন শিক্ষক-শিক্ষার্থী সবার উৎসব।’
কুয়াশা উৎসব ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলাদা কোনো ভাবনা আছে কি না, জানতে চাইলে উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর দে বলেন, ‘বিদ্যায়তনিক জায়গা থেকে আমরা এই উত্সবটিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিতে চাই। উৎসবটিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অনুষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। যেমন পৌষমেলার কথা বললেই মানুষ শান্তিনিকেতনের পৌষমেলার কথা ভাবে এবং অনেক আগে থেকেই সিদ্ধান্ত নেয় যে আমরা শান্তিনিকেতনের পৌষমেলায় যাব। ঠিক তেমনিভাবে আমরাও কুয়াশা উৎসবের জন্য একটি সুনির্দিষ্ট তারিখ ঠিক করার পরিকল্পনা করছি। এতে আরও মানুষ এই উৎসবে যুক্ত হতে পারবে।’