পাহাড়ের ডাকে ঘরছাড়া এক তরুণ

বিভিন্ন ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রাখা সম্ভাবনাময় তরুণদের নিয়ে প্রতি বৈশাখেই বিশেষ সংখ্যা প্রকাশ করে ‘ছুটির দিনে’। ১৪২৯ বঙ্গাব্দেও ক্রীড়া, অভিনয়, সংগীত, ব্যবসায় ব্যবস্থাপনা, গবেষণা, অ্যাডভেঞ্চারে অগ্রগামী ৯ তরুণকে নিয়ে হাজির হয়েছে। এখানে পড়ুন সালেহীন আরশাদীর গল্প।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাডভেঞ্চার, পর্বতারোহণ কিংবা এ–সংক্রান্ত বিষয়ে সালেহীন আরশাদীর অপার আগ্রহ
ছবি: সাবিনা ইয়াসমিন

সালেহীন আরশাদীকে আমরা মাঝেমধ্যে ‘দুমা’ বলেও ডাকি। দুমা মানে ‘দুঃখী মানব’! বাংলা ব্লগের স্বর্ণযুগের পাঠকপ্রিয় এক ব্লগার। তার ব্লগ ও ছবি থেকে অপ্রথাগত ভ্রমণের প্রতি ঝোঁকটা বোঝা যেত। আর সে কারণেই ১৩ বছর আগে একটা ক্যাম্পিং ভ্রমণের আগের দিন দলের মেহেরুন যখন ফোন দিয়ে বলল, ‘দুঃখী মানব’ আমাদের সঙ্গে যেতে চায়, তখন অচেনা একজন আমাদের সঙ্গে শেষ মুহূর্তে হুট করে যোগ দিতে চায় জেনেও বিরক্ত হওয়ার বদলে খুশিই হয়েছিলাম। সেই ভ্রমণে সালেহীন আর সম্রাট জেলেদের পটিয়ে সারা রাত নৌকায় থেকে ইলিশ ধরার পর সকালে ঘাটে গিয়ে মাছ বিক্রি করে ফিরে এসেছিল।

সালেহীন তখন নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি বিভাগে ভর্তি হয়েছে। ট্রাভেলার্স অব বাংলাদেশ (টিওবি) প্ল্যাটফর্মটির বয়স তখন বছর দুই। আমাদের নিয়মিত আড্ডার বিষয় তখন বাংলাদেশে আউটডোর ও অ্যাডভেঞ্চার কর্মকাণ্ড। টিওবির প্রজেক্ট ‘বাংলাট্রেক’-এর কাজও চলছে। যার সঙ্গে ওতপ্রোতভাবে কাজ করছিল সালেহীন। প্রজেক্ট বাংলাট্রেক ও ডি-ওয়ে এক্সপেডিটর্সের যৌথ উদ্যোগে দেশের বিভিন্ন ঝরনার তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছিল। দেশের পাহাড়চূড়া, জলপ্রপাত, প্রাকৃতিক হ্রদের তথ্যসহ পূর্ণাঙ্গ তালিকা করার কাজটিও সে সময় শুরু করে বাংলাট্রেক। এরই ধারাবাহিকতায় দেশের তিন হাজার ফুট বা তার চেয়ে বেশি উচ্চতার সব কয়টি পাহাড়চূড়ার উচ্চতা মাপার প্রজেক্টও তারা শুরু করে। এই প্রজেক্টেরই একটি অভিযান শেষে ফেরার পথে বান্দরবানের থানচিতে সড়ক দুর্ঘটনায় মারা যায় প্রজেক্টের অন্যতম দুই অভিযাত্রী বন্ধু মুগ্ধ ও সুজন।

আরও পড়ুন
সাকা হাফংয়ের চূড়ায় সহ-অভিযাত্রীদের সঙ্গে সালেহীন (বাঁয়ে), ২০১১
ছবি: সংগৃহীত

এ দুর্ঘটনায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে যায় সালেহীন। কোমরের হাড়সহ শরীরের নানা হাড় ভেঙে যায়, মারাত্মকভাবে জখম হয় শরীর। প্রিয় বন্ধুদের মৃত্যুর শোক ওকে মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত করে। শারীরিক ও মানসিক এই অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে সালেহীন আর কখনো পাহাড়ে বা অভিযানে যাবে, অনেকেই সে সময় সেটা কল্পনাও করতে পারেনি। কিন্তু সালেহীনের স্বভাব নিজেকে চ্যালেঞ্জ করে নিজের সীমানা ছাড়িয়ে যাওয়া। দুর্ঘটনা থেকে সেরে উঠে নিজেকে প্রস্তুত করে তুলে আরও বেশি উদ্যমে পর্বত অভিযান আর অ্যাডভেঞ্চার কর্মকাণ্ড শুরু করে। সহ-অভিযাত্রী বন্ধুদের হারিয়ে কিছুটা একা একাই অসমাপ্ত প্রজেক্টটি শেষ করার লড়াইয়ে নামে। এক এক করে বাকি চূড়াগুলোর তথ্য সংগ্রহ করতে থাকে এবং শুরুর এক যুগ পরে গত বছর দেশের তিন হাজার ফুটের ওপরের সব কয়টি পাহাড়চূড়ার তথ্য সংগ্রহের প্রজেক্টটি সফলভাবে শেষ করে।

সালেহীনদের উদ্যোগগুলোর মধ্যে আমার খুব পছন্দের একটি হলো ‘অদ্রি’। এটি বাংলাদেশে পাহাড়-পর্বতবিষয়ক জানাশোনা ও চিন্তাভাবনার একটা বুদ্ধিবৃত্তিক মঞ্চ। দেশের একমাত্র পাহাড়–পর্বতবিষয়ক অনলাইন পোর্টাল ও ম্যাগাজিন। তবে এটা অদ্রির অনেকগুলো কাজের একটা মাত্র।

এত সব কাজের মধ্যেও সালেহীন তার প্যাশন লেখালেখির জন্য ঠিকই সময় বের করে নেয়। পর্বতারোহণ ও অ্যাডভেঞ্চার বিষয়ে ওর একাধিক বই প্রকাশিত হয়েছে। ট্রেকিংয়ের হাতেখড়ি নামে ওর দারুণ একটি বই আছে, যা বেশ জনপ্রিয়তাও পেয়েছে।

সালেহীনের মাথায় সব সময় অ্যাডভেঞ্চার, পর্বতারোহণ কিংবা এ–সংক্রান্ত বিষয়ে আইডিয়া ঘুরতে থাকে। কিছুদিন ধরে সালেহীন ‘ক্লাইম্ব ফর আর্থ’ নামে এটা নতুন প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছে। এর মাধ্যমে দেশের দুর্গম পাহাড়ে শিশুদের প্রাথমিক শিক্ষা, চিকিৎসাসেবা, পাহাড়ের প্রকৃতি সংরক্ষণ এবং প্রকৃতি পুনরুদ্ধার নিয়ে ইতিবাচক কাজ করা হবে। এ ছাড়া ‘গ্রেট হিমালয়ান ট্রেইল’ সম্পূর্ণ করা, পামির অঞ্চলের পর্বতগুলোয় অভিযানের মতো দারুণ সব ভবিষ্যৎ পরিকল্পনাও তার রয়েছে। আমার বিশ্বাস, নিজেকে এবং নানা প্রতিকূলতাকে চ্যালেঞ্জ করে ভবিষ্যতে সালেহীন তার জীবনযাত্রায় বারবার নিজের সীমানা অতিক্রম করে উঠতে থাকবে নতুন উচ্চতায়। সালেহীনের জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা।

লেখক: উপদেষ্টা, ট্রাভেলার্স অব বাংলাদেশ (টিওবি)