বিদেশে পড়তে গিয়ে যদি বিপদে পড়তে না চান
ঠিকমতো খোঁজখবর না করেই ভিনদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়ে অনেক সময় বিপাকে পড়ে যান শিক্ষার্থীরা। ভুয়া ওয়েবসাইট বা পরামর্শক প্রতিষ্ঠানের (এজেন্সি) ফাঁদে পড়ার মতো ঘটনা তো আছেই। বিশ্ববিদ্যালয় বা বৃত্তি প্রদানকারী কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা ও শর্তগুলো আগে থেকে ভালোভাবে না জানার কারণেও আপনি ভুগতে পারেন। তা ছাড়া বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে শুধু টিউশন ফি নয়, ক্যাম্পাসে আসা-যাওয়া, থাকা-খাওয়া, জীবনযাত্রা ইত্যাদির খরচও বিবেচনায় নিতে হবে। আপনি কোথায়, কতক্ষণ খণ্ডকালীন কাজ করার সুযোগ পাবেন, জানতে হয় তা-ও।
ভিনদেশে পড়তে যাওয়ার আগে কোন বিষয়গুলো সম্পর্কে সতর্ক হওয়া প্রয়োজন, জেনে নেওয়া যাক।
‘ফ্রি অ্যাডমিশন’-এর ফাঁদে পড়বেন না
অনেক শিক্ষার্থী ই–মেইলের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত বিজ্ঞাপন ও তথ্য পান। যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ফেলো রওশন ই ফাতিমার সঙ্গে এ প্রসঙ্গে কথা হচ্ছিল। তিনি বলেন, ‘ফ্রি অ্যাডমিশন, কোনো টিউশন ফি নেই—এমন সব বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অনেক শিক্ষার্থী ভর্তির আবেদন করেন। আবেদনের শেষ দিকে দেখা যায় অন্যান্য খাতে বড় অঙ্কের টাকা দিতে হয়। আবার ভাষাগত দক্ষতার প্রমাণ বা আইইএলটিএস স্কোর লাগবে না—এ কথা দেখেও আকৃষ্ট হন শিক্ষার্থীরা। এসব ফাঁদে পা দেওয়া যাবে না।’
যুক্তরাজ্য, কানাডার প্রথম শ্রেণির বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত স্পষ্ট করে আবেদনের যোগ্যতা হিসেবে আইইএলটিএসের ন্যূনতম স্কোর জানিয়ে দেয়। অনেক সময় কোনো কোনো বিশ্ববিদ্যালয় বা ভর্তিসংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান আইইএলটিএস স্কোর ছাড়াও ভর্তির সুযোগ করে দেয়।
যুক্তরাজ্য, কানাডার প্রথম শ্রেণির বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত স্পষ্ট করে আবেদনের যোগ্যতা হিসেবে আইইএলটিএসের ন্যূনতম স্কোর জানিয়ে দেয়। অনেক সময় কোনো কোনো বিশ্ববিদ্যালয় বা ভর্তিসংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান আইইএলটিএস স্কোর ছাড়াও ভর্তির সুযোগ করে দেয়। কিন্তু সে ক্ষেত্রে আপনি ভিসাসংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। অথবা উচ্চশিক্ষা শেষে যদি ভিনদেশে স্থায়ীভাবে থাকতে চান বা চাকরি করতে চান, তখন বাতিল হতে পারে আবেদন।
ইএমকে সেন্টারের এডুকেশন ইউএসএর আউটরিচ কো-অর্ডিনেট কাউন্সিলর রুহুল আমিন বলেন, ‘বিদেশে যে ক্ষেত্রেই ভর্তি হন না কেন, ভাষা দক্ষতার সনদ প্রয়োজন হবে। আইইএলটিএস, টোয়েফল বা অন্য দেশে অন্যান্য ভাষার সনদ নিশ্চয়ই জরুরি। কেউ যদি আপনাকে এসব ছাড়াই ভর্তির কথা বলে, তাহলে সতর্ক থাকবেন। ভাষাগত দক্ষতার পরীক্ষা এড়ানোর চেষ্টা করা বুদ্ধিমানের কাজ নয়।’
এজেন্সি থেকে সাবধান
ভিনদেশি বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে অনেক সময় ব্যক্তি বা প্রতিষ্ঠান পরামর্শক বা তৃতীয় পক্ষ হিসেবে কাজ করে। চটকদার বিজ্ঞাপন দেখে কিংবা অনির্ভরযোগ্য কারও কথায় আশ্বস্ত হয়ে কোনো পদক্ষেপ নিয়ে ফেলবেন না। এ প্রসঙ্গে কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট আরেফিন আজম বলছিলেন, ‘উচ্চশিক্ষার জন্য ভর্তি প্রক্রিয়া কিন্তু জটিল নয়। সব তথ্যই অনলাইনে পাওয়া যায়। তারপরও অনেক শিক্ষার্থী সহজ পথ খুঁজতে তৃতীয় পক্ষ হিসেবে নানা প্রতিষ্ঠানের সহায়তা নেয়। বেশির ভাগ সময় আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়ার জন্য তারা সার্ভিস চার্জ নেয়। কিন্তু স্বনামধন্য প্রতিষ্ঠান ছাড়া আর কোথাও সাহায্যের জন্য যাওয়া ঠিক নয়। বাংলাদেশে যেমন ব্রিটিশ কাউন্সিল, আইডিপি, আমেরিকান সেন্টার, আলিয়ঁস ফ্রঁসেজ, ইএমকে সেন্টারে মতো প্রতিষ্ঠান আছে। তাদের কাছ থেকে উচ্চশিক্ষার জন্য ভর্তি তথ্য পাওয়া যাবে। এ ছাড়া যেকোনো তথ্যের জন্য সরকারি ওয়েবসাইটের ওপর নির্ভর করাই শ্রেয়। প্রয়োজনে সরাসরি বিশ্ববিদ্যালয়ে ই–মেইল করেও আপনার জিজ্ঞাসার উত্তর পেতে পারেন।’
কোথায় পড়ছেন, কী পড়ছেন
উচ্চশিক্ষার জন্য কোথায় পড়বেন, কোন বিষয়ে পড়বেন তা জানতে হবে গভীরভাবে। বিশ্ববিদ্যালয় স্বীকৃত কি না, জানতে হবে। কমিউনিটি কলেজ, স্টেট বিশ্ববিদ্যালয়, ফর প্রফিট বিশ্ববিদ্যালয়—এসবের পার্থক্য সম্পর্কেও জেনে রাখা ভালো। কোনোভাবে শুধু বিদেশে যেতে পারলেই হলো—এমন মনোভাব থাকা চলবে না।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে ডিজিটাল মার্কেটিংয়ে স্নাতকোত্তর করছেন সাবরিন সাফিন। কয়েক মাস হলো সে দেশে পড়তে গিয়েছেন। উচ্চশিক্ষার ভর্তি ও ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য একটি পরামর্শক প্রতিষ্ঠানের সহায়তা নিয়েছিলেন। অনেকটা তাড়াহুড়ার মধ্যে বিদেশে পড়তে গিয়ে সমস্যায় পড়েন তিনি। সাবরিন বলছিলেন, ‘আমি জানতাম না যে আমার বিশ্ববিদ্যালয়ে দুই বছরের মাস্টার্স করা যায়। না জেনে এক বছরের মাস্টার্সে ভর্তি হয়েছি। আবার আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শহর থেকে একটু দূরে, এটা আমি খেয়াল করিনি। এ কারণে পার্টটাইম চাকরি পেতে দেরি হয়েছে।’
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব অ্যালাবামা অ্যাট বার্মিংহামের সহযোগী অধ্যাপক ড. রাগিব হাসান বলেন, ‘সচেতন না হওয়ার কারণে অনেককেই সমস্যায় পড়তে দেখছি। অনেক এজেন্সি ভুল তথ্য দিয়ে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রলোভন দেখিয়ে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে। তারপর বিপদে পড়লে, কাগজপত্র নিয়ে ঝামেলা হলে আর কোনো সহায়তা দেয় না। কোনো কোনো ক্ষেত্রে অপেশাদার ফর প্রফিট বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রলোভনে পড়েন ছাত্রছাত্রীরা। তখন পড়াশোনায় অনেক খরচ হয়ে যায়। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশে এজেন্ট নিয়োগ দেয়, তাদের মাধ্যমেও অনেকে সমস্যায় পড়েন।’
যেসব বিষয়ে খেয়াল রাখা জরুরি
আবেদনের সময় স্টেটমেন্ট অব পারপাস, সুপারিশপত্রসহ যেসব কাগজপত্র জমা দিতে হয় তা সতর্কতার সঙ্গে তৈরি করতে হবে। কোনোভাবে নকল বা অন্যের কাগজপত্র পরিবর্তন করে নিজের নামে জমা দেওয়া যাবে না। জাল কাগজপত্রের জন্য ভর্তি বাতিল হয়।
ভিসার জন্যও কখনো অসত্য তথ্য বা ভুয়া কাগজ জমা দেবেন না। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার সনদ, সহশিক্ষা কার্যক্রমের সনদ বা আর্থিক সনদ নকল করে জমা দেওয়া অনৈতিক। এ জন্য ভবিষ্যতে বিপাকে পড়তে পারেন।
অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের কাজের সুযোগ দেয় না। সে ক্ষেত্রে লুকিয়ে কাজ করে ধরা পড়লে বিপদে পড়তে হবে। ভিসার বাধ্যবাধকতাগুলো তাই আগেই খেয়াল করুন।
অনেকে ডিগ্রি নিতে গিয়ে পড়া অর্ধেক শেষ করেই কাজ শুরু করে দেন। তাঁদের জন্য সমস্যা হতে পারে বহুমুখী। ভিসা ও ভর্তি, দুই–ই বাতিল হতে পারে।
অনেক সময় পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার সনদসহ বিভিন্ন কাগজপত্রে নামের বানানসংক্রান্ত ভুল থাকে। এসব ভুল আগেই সংশোধন করে নেওয়া উচিত।