বিশ্ববিদ্যালয় শুধু স্কুল-কলেজের পরবর্তী ধাপ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ জুলাই শতবর্ষ পূর্ণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের হাত ধরেই ১৯২৩ সালে প্রথম এ দেশে সমাবর্তন আয়োজিত হয়েছিল । ১০০ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয়েছে মোট ৫৩টি সমাবর্তন। সমাবর্তনের বক্তার আসন অলংকৃত করেছেন অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব। তাঁদের বক্তৃতা শিক্ষার্থীদের জন্য ছিল উদ্দীপনাময়, পরবর্তী জীবনের পথনির্দেশনা। ১৯৩৮ সালে ১৭ তম সমাবর্তনে বক্তা হয়ে এসেছিলেন বাঙালি ইতিহাসবিদ আর সি মজুমদার। কী বলেছিলেন তিনি?

আর সি মজুমদার

দেশের যত সমস্যা, যত দুঃখ-দুর্দশা তার প্রায় সবকিছুর জন্যই আজকাল বিশ্ববিদ্যালয়কে দায়ী করা হয়। বেকার সমস্যা, অর্থনৈতিক দীনতা তো বটেই এমনকি তরুণদের শারীরিক দুর্বলতা, শিল্প-বাণিজ্যে অনগ্রসরতা, জাতীয় চেতনাবোধের অভাব এবং মূল্যবোধের অবক্ষয়ের দায় চাপানো হয় বিশ্ববিদ্যালয়ের ওপর। এমনকি সরকারও যেকোনো অরাজকতা এবং বিপ্লবী আন্দোলনের জন্য দায়ী করে বিশ্ববিদ্যালয়কে। তাই ইদানীং প্রায় সব মহল থেকেই একটি জোরালো দাবি উঠেছে, বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলো যেন বস্তুগত চাহিদা পূরণের উপযোগী করে সাজানো হয়। সোজা কথায়, আধুনিক যান্ত্রিক জীবনের সব গুপ্তরহস্য শেখানোই নাকি বিশ্ববিদ্যালয়ের প্রধান এবং সঠিক উদ্দেশ্য।

আরও পড়ুন

অথচ একটি বিশ্ববিদ্যালয় যদি নিজ আদর্শে সত্যিই অটল থাকে, তবে বিপরীতমুখী স্রোত যত শক্তিশালীই হোক না কেন, সেই স্রোতের বিপক্ষেই তাকে যুদ্ধ করতে হয়। এটি জোরালোভাবে বলতে হবে যে বিশ্ববিদ্যালয় শুধু স্কুল-কলেজের পরবর্তী ধাপ নয়। মানুষকে জানাতে হবে যে বিশ্ববিদ্যালয় কারিগরি শিক্ষাদানের কোনো স্থানও নয়। বিশ্ববিদ্যালয়ের কিছু নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য আছে; সেগুলো হলো জ্ঞান বিতরণ ও জ্ঞান অনুসন্ধানের মাধ্যমে শিক্ষার অগ্রগতি নিশ্চিত করা, শিক্ষার্থীদের ব্যক্তিত্ব ও নেতৃত্বের বিকাশ ঘটানো। যা-ই বলি না কেন, আমাদের মনে রাখতেই হবে যে মানবতাবাদ বিশ্ববিদ্যালয়ের মূলমন্ত্র, জ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছানো বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং সত্যের অনুসন্ধান করা বিশ্ববিদ্যালয়ের মহত্তম আদর্শ।

(সংক্ষেপিত ও ইংরেজি থেকে অনুদিত)

সূত্র: ঢাকা ইউনিভার্সিটি দি কনভোকেশন স্পিচেস ভলিউম ১ (১৯২৩-১৯৪৬)