মানুষকে কখনোই তার সাফল্য দিয়ে যাচাই করা যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ জুলাই শতবর্ষ পূর্ণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের হাত ধরেই ১৯২৩ সালে প্রথম এ দেশে সমাবর্তন আয়োজিত হয়েছিল ।১০০ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয়েছে মোট ৫৩টি সমাবর্তন। সমাবর্তনের বক্তার আসন অলংকৃত করেছেন অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব। তাঁদের বক্তৃতা শিক্ষার্থীদের জন্য ছিল উদ্দীপনাময়, পরবর্তী জীবনের পথনির্দেশনা। ১৯৪০ সালে ১৯ তম সমাবর্তনে বক্তা ছিলেন ইতিহাসবিদ, রাজনীতিবিদ, সমাজসংস্কারক ও শিক্ষাবিদ এ এফ রহমান। কী বলেছিলেন তিনি?

এ এফ রহমান
ছবি: সংগৃহীত

নিজেকে প্রশ্ন করো, তোমার মূল্যবোধ কী? যেকোনো উপায়ে, নৃশংসতম উপায়েও কি তুমি সাফল্য অর্জন করতে চাও? নাকি যে অশুভ শক্তি নিজের সুবিধা আর আকাঙ্ক্ষা ছাড়া সবকিছু তুচ্ছ মনে করে, সেই শক্তিকে রুখে দিতে চাও? যেকোনো একটি পথ বেছে নেওয়া এখন অনিবার্য। এই সিদ্ধান্ত থেকেই সৃষ্টি হবে নতুন পৃথিবী।

মানুষকে কখনোই তার সাফল্যের নিরিখে যাচাই করা যায় না, মানুষকে যাচাই করো তার মূল্যবোধের মাধ্যমে। ভেবে দেখো নাৎসিজম আজ কোন মূল্যবোধের কথা বলছে? একজন মানুষের ইচ্ছাই সব ধরনের ন্যায়-অন্যায় ঠিক করবে, তা কি কখনো মেনে নেওয়া সম্ভব?

আরও পড়ুন

মনে রেখো, নাৎসিজমের জয় মানেই সামাজিক প্রতিষ্ঠানের, সামাজিক অধিকারের, পরিশীলিত আচরণবিধির, সামাজিক শৃঙ্খলার এবং আইনের বিধির অবলুপ্তি ও ধ্বংস। তাই এমন পক্ষকে আজ সমর্থন করো যারা এই অশুভ শক্তিকে প্রতিহত করতে লড়াই করছে, যারা আনন্দের সঙ্গে, উদ্যমের সঙ্গে আত্মত্যাগের পথ বেছে নিয়ে অন্যদের জন্য জীবনকে সুন্দর ও শুভ করে তুলতে চাইছে।

এ বিশ্বমঙ্গলের জন্য, নিরাপদ সমাজ গঠনের জন্য সব সময় তরুণদের আত্মত্যাগ চায়। কিন্তু আমি বলব, প্রথমে নিজের মতাদর্শ গঠন করো। আগে আত্মবিশ্বাসী হয়ে সিদ্ধান্ত নিতে শেখো, অন্যকে অনুসরণ করে নয় বরং নিজের সিদ্ধান্ত, নিজের মতামত নিজেই গড়ে তোলো।

(সংক্ষেপিত ও ইংরেজি থেকে অনুদিত)

সূত্র: ঢাকা ইউনিভার্সিটি দি কনভোকেশন স্পিচেস ভলিউম ১ (১৯২৩-১৯৪৬)