যেন বাবাকেই কাছে পাওয়ার ব্যাকুলতা
প্রায় সাড়ে সাত বছর আগে মারা গেছেন ভাষাসৈনিক আবদুল মতিন। কিন্তু আজও তাঁর দান করে যাওয়া কর্নিয়া দিয়ে পৃথিবীর আলো দেখছেন স্বাস্থ্যকর্মী রেশমা নাসরিন। ভাষা মতিনের পরিবারের সদস্যদের কৃতজ্ঞতা জানাতে এসেছিলেন তিনি।
নিজের ঘরে একটা ইজিচেয়ারে বসে পুরোনো দিনের গল্প করছিলেন গুলবদননেসা। গায়ে চাদর জড়ানো। জানালার ফাঁক গলে মাঝেমধ্যে ঘরে এসে ঢুকছিল শীতের হিমেল হাওয়া। বাইরে মাঘের মিষ্টি রোদের লুকোচুরি। পরিপাটি ঘরটির দেয়ালে তাঁর স্বামী ভাষাসৈনিক আবদুল মতিনের ছবি। স্মৃতির সাগরে ডুব দিয়েছিলেন গুলবদন। আসলে সামনে বসা রেশমা নাসরিনকে স্বামীর গল্প শোনাচ্ছিলেন তিনি। দরজার পাশে চুপচাপ দাঁড়িয়ে ভাষাসৈনিকের মেয়ে ও নির্মাতা মাতিয়া বানু শুকু।
দিনটা ছিল ৭ ফেব্রুয়ারি, সময় সকাল। ঢাকার উত্তরার ৭ নম্বর সেক্টরের লেক ড্রাইভ সড়কের ৫৭ নম্বর বাড়ির এই ফ্ল্যাটে ধামরাই উপজেলার ঈশান নগর গ্রাম থেকে ছুটে এসেছেন রেশমা, সঙ্গে পরিবারের অন্য সদস্যরা। ভাষা মতিনের পরিবারের সদস্যদের কৃতজ্ঞতা জানাতে এসেছেন তাঁরা। কিন্তু কেন এই কৃতজ্ঞতা? ২০১৪ সালে মৃত্যুর পর ভাষা আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক ভাষা মতিনের দান করে যাওয়া একটি কর্নিয়ার দৌলতেই পৃথিবীর আলো দেখছেন রেশমা নাসরিন।
আলাপের ফাঁকে ফাঁকে রেশমার বাঁ চোখে বারবার আটকে যাচ্ছিল গুলবদননেসার দৃষ্টি। সে চোখে কয়েকবার আলতো করে হাতের পরশও বুলিয়ে দিয়েছেন। রেশমার এই চোখের মাঝে যে বসানো আছে আট বছর আগে মারা যাওয়া তাঁর স্বামীর একটি কর্নিয়া।
আলাপ শেষে রেশমাকে একেবারে বুকে জড়িয়ে ধরলেন গুলবদননেসা। আবেগাপ্লুত হয়ে বললেন, মতিন সাহেবের নিদর্শন আজ মেয়েটির কাছে। তিনি নেই কিন্তু এখনো পৃথিবীর আলো দেখছে তাঁর চোখ, ভাবতেও আমার খুব ভালো লাগছে। মানুষ জানুক, মৃত্যুর পর একজনের দিয়ে যাওয়া চোখে কীভাবে পৃথিবীর আলো দেখতে পায় আরেকজন মানুষ।
গুলবদননেসার ঘর থেকে বের হতেই রেশমাকে কাছে টেনে নেন মাতিয়া বানু শুকু। ছলছল করে ওঠে তাঁর দুচোখ। চোখের পানি হাতের উল্টো পিঠে মুছে নেন শুকু। অন্য কেউ নন, বাবা ভাষা মতিনই যেন তাঁকে দেখছেন। রেশমার সঙ্গে গল্পের ফাঁকে শুকু বলেন, ‘বাবার চোখটি জীবিত আছে, পৃথিবীর আলো দেখছে, এটি দেখতে সত্যি অনেক ভালো লাগছে। সামনাসামনি বসে বাবার সঙ্গে চোখে চোখে কথা হতো। আজ বাবার সেই চোখ কাছ থেকে দেখতে পাচ্ছি। আজকের দিনটা আমার কাছে অনেক আনন্দের।’
বিদায়বেলায় মাতিয়া বানু শুকু রেশমাকে বলেন, ‘বাবার চোখটি আপনার কাছে, আপনারা আমাদের পরিবারেরই সদস্য। যখনই মন চাইবে চলে আসবেন।’
মাতিয়া বানুর এ আহ্বান যেন বাবাকেই কাছে পাওয়ার ব্যাকুলতা।