লাল-সবুজ

আমার খুকু সবুজ রঙের মাঝখানে দেয় লাল
সাক্ষী মহাকাল—
সাত মার্চে শেখ মুজিবের
বজ্রকণ্ঠ যায় শোনা ফের
পাকসেনারা গুলি ছোড়ে
মা বলে শোন্ ‘খোকা ওরে—
মায়ের চেয়ে দেশটা আগে’
দেশের জন্য মায়া লাগে
মায়ের কথাই কানে বাজে
তাই তো খোকা ‘মুক্তি’ সাজে।

মুক্তিসেনা ছুটে আসে
রক্ত জমে সবুজ ঘাসে
মা বলে ফের ‘শত্রু তাড়া’
যায় পালিয়ে পাকসেনারা
জয় বাংলা আওয়াজ ওঠে
খোকার মুখে হাসি ফোটে
মুক্তিসেনা, সালাম জানাই
স্মৃতির মিনার যত্নে বানাই।
সাক্ষী মহাকাল—
আমার খুকু সবুজ রঙের মাঝখানে দেয় লাল।