সেদিন সকালে সবাই কাঁদছিলো কেন?

১৯৭১ সাল। এপ্রিল মাসের ১৭ তারিখ। রাতের একপশলা বৃষ্টির পর সকাল সকাল বৈশাখি সূর্য তার খরতাপ ছড়াচ্ছে চারিদিকে। কিছুক্ষণের মধ্যে এক অসম্ভব ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। সেই ইতিহাস বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গে সম্পর্কিত।

গার্ড অব অনারে সালাম নিচ্ছেন সৈয়দ নজরুল ইসলাম। তাঁর পেছনে ডানে তাজউদ্দীন আহমদ এবং বাঁয়ে এম এ জি ওসমানী। ১৭ এপ্রিল ১৯৭১ছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ এপ্রিল ৫টায় পশ্চিমবঙ্গের দেতাই বিএসএফ পোস্ট থেকে রওনা দিয়ে ভোর ৬টার মধ্যেই দুজন—মাহবুব আর তৌফিক—দুই গাড়িতে হাজির বৈদ্যনাথতলায়। রাস্তায় তাঁরা সূর্যোদয় দেখতে পেলেন। সূর্য দেখে তৌফিকের মনটা ভালো হয়ে গেল। গতকাল এখান থেকে চলে যাওয়ার পর রাতে খুব ঝড়বৃষ্টি হয়েছে।

সকাল সকাল বৈদ্যনাথতলায় এসে তো তাঁরা অবাক। ঝড়বৃষ্টি থেমে যাওয়ার পর গ্রামবাসী সারা রাত জেগে দেবদারুর পাতা দিয়ে তোরণ বানিয়েছে। তাতে বাংলা আর ইংরেজিতে লেখা ‘ওয়েলকাম, স্বাগতম। জয় বাংলা।’ মিশনের সিস্টাররা সারা রাত জেগে কাপড়ে তুলা আঠা দিয়ে লাগিয়েছে। ফাদার ফ্রান্সিসও খুবই ব্যস্ত। এলাকার চেয়ারম্যান, মেম্বার, সংগ্রাম কমিটির লোকেরা খুবই ব্যস্ত। বহু আমগাছ ঝড়ে পড়ে গেছে। তাঁরা সভাস্থল আবারও পরিষ্কার করে ফেলেছেন।

বিএসএফ সাদাপোশাকে পুরো এলাকা ঘিরে রেখেছে। রাস্তায় রাস্তায় তারা ইনফরমার রেখেছে, যদি কোথাও শত্রুবাহিনী হামলা করে, খবর দেবে। পাল্টা আক্রমণ করার ফোর্সও তারা সীমানার ভেতরে তৈরি করে রেখেছে।

মুক্তিযোদ্ধারাও দুই মাইল ব্যাসার্ধ করে একটা বৃত্ত রচনা করে অবস্থান নিয়েছে। তৌফিক আর মাহবুব সেই ব্যাপারটাও চেক করে নিলেন। ওয়্যারলেস দিয়ে ইনফরমার রাখা হয়েছে। কোনো রকমের হামলা হলে আগে থেকেই টের পাওয়া যাবে।

গাছে গাছে মাইক টাঙানো হয়েছে। তৌফিক মাইকে ফুঁ দিলেন। হ্যালো মাইক্রোফোন টেস্টিং। জয় বাংলা, জয় বাংলা। মাইক ঠিক আছে!

এর মধ্যে তৌফিকের খিদে পেয়ে গেছে। মাহবুবকে তিনি বললেন, ‘সকালবেলা তো খেয়ে বের হইনি। এখন তো খিদে পেয়ে গেল। কী করা যায়।’

‘দাঁড়া দেখি।’ মাহবুব একজন আনসারকে ডেকে বললেন, ‘এই তোমাদের ক্যাম্পে তোমরা খাওয়ার ব্যবস্থা কী করেছ?’

‘স্যার। শুধু ডাল আর ভাত। তবে স্যার গরম-গরম। এখনই চুলা থেকে নামল।’

তৌফিক বললেন, ‘ভেরি গুড। আমাদের দুজনকেও একটু ভাগ দাও।’

‘আপনাদের সাথে আর যাঁরা এসেছেন, তাঁদেরও খেতে বলেন। আমরা বেশি করে চাল দিয়েছি। আর ডালে পানি মেশালেই পরিমাণে বাড়বে।’

তৌফিক-মাহবুব ক্যাম্পে গিয়ে দুইটা টিনের থালায় গরম ভাত আর ডাল খেলেন। ক্ষুধার্ত পেটে সেই ধোঁয়া ওঠা মাড়ভরা নরম ভাতের স্বাদ তাঁর মুখে চিরদিনের জন্য লেগে থাকবে। যেন অমৃত!

খাওয়ার পর হাত ধুতে ধুতে তৌফিক বললেন, ‘মাহবুব, জাতীয় পতাকা?’

মাহবুব বললেন, ‘সেটা তো আনার কথা খেয়াল নাই।’

এলাকার চেয়ারম্যান এসে হাজির হয়েছেন। তাঁর নাম সোলেমান বিশ্বাস। তাঁর সঙ্গে মোটরসাইকেল আছে।

তৌফিক বললেন, ‘সোলেমান সাহেব, আপনাকে একটা বিশাল কাজ দেব। বাংলাদেশের জন্য এই কাজটা আপনাকে যেভাবেই হোক করতে হবে।’

সোলেমান বিশ্বাস বলেন, ‘জি স্যার। অবশ্যই করব।’

এসডিও সাহেবের কাঁধে একটা স্টেনগান। তিনি নিজে এখন যুদ্ধ করছেন। আমরাও যুদ্ধ করছি। সোলেমান বিশ্বাস ভাবলেন।

তৌফিক বললেন, ‘আশপাশের স্কুলগুলোতে যান। বাংলাদেশের পতাকা আনবেন। কী বুঝলেন? কোন পতাকা আনবেন?’

‘বাংলাদেশের পতাকা?’

‘সেইটা কেমন? কী রং?’

‘সেটা সবুজের মধ্যে লাল। লাল গোলের মধ্যে বাংলাদেশের ম্যাপ। সোনার বাংলার ম্যাপ।’

‘একদম ঠিক আছে। সেই পতাকা আনবেন। যান।’

সোলেমান বিশ্বাস মোটরবাইক স্টার্ট দিলেন। আনন্দবাস হাইস্কুল, আনন্দবাস প্রাইমারি স্কুল, আনন্দবাস ইউনিয়ন পরিষদে যেতে হবে। বাংলার পতাকা তাঁকে আনতেই হবে।

‘মাহবুব, মেজর ওসমান চৌধুরীর আসার কথা তাঁর একটা দল নিয়ে। তাঁদেরই গার্ড অব অনার দেবার কথা। এখনো যে তাঁরা আসছেন না?’ তৌফিক-ই-ইলাহী বললেন উদ্বিগ্ন স্বরে।

‘কী করতে বলিস?’ মাহবুব বললেন।

‘তুই তোর কয়েকজন পুলিশকে নিয়ে গার্ড অব অনার দেবার জন্য তৈরি হ।’

‘আমি তো গার্ড অব অনার কতই নিই। কাজেই কীভাবে দিতে হয় জানি। কিন্তু এই পুলিশেরা কি পারবে? সারদায় ট্রেনিংয়ের সময় শেখানো হয়েছিল। আর তো প্র্যাকটিস নাই।’

‘তুই এখনই ট্রেনিং দে। তারপর এর মধ্যে যদি ওসমান সাহেব আসেন, তাহলে তো আর কথাই নাই।’

ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে—গাইতে গাইতে সবাই কাঁদছেন, সৈয়দ নজরুল কাঁদছেন, তাজউদ্দীন কাঁদছেন, কামারুজ্জামান কাঁদছেন…..সাদা বিদেশি সাংবাদিকেরা কলকাতার বাঙালি সাংবাদিককে জিজ্ঞেস করলেন, সবাই কাঁদছে কেন? কলকাতার বাঙালি সাংবাদিক বললেন, ওরা ওদের জাতীয় সংগীত গাইছে। জাতীয় সংগীত গাইবার সময় কাঁদতে হবে কেন? এটা তুমি বুঝবে না। এটা কেবল বাঙালিরাই বুঝতে পারে। বলে কলকাতার সাংবাদিক নিজেই চোখ মুছতে লাগলেন।

মাহবুব ডাকলেন তাঁবু গেড়ে রাতে থাকা আনসার-পুলিশদের। বললেন, ‘ইউনিফর্ম পরে চলে আসেন। আমরা গার্ড অব অনার দেব।’

‘স্যার কতজন লাগবে?’

‘দুই সারিতে ১৬ জন হলে ভালো।’

মাহবুব নিজের পোশাকের দিকে তাকালেন। তিন সপ্তাহ ধরে একটাই পোশাক তাঁর পরনে। খাকি ড্রেস। সেটা ধুলায়-কাদায় এমন বিবর্ণ হয়ে গেছে যে আদিতে আসলে এর রং কী ছিল আর বোঝা যাচ্ছে না। মেজর ওসমান তাঁকে ক্যাপ্টেনের ব্যাজ পরিয়ে দিয়েছেন। সেটা দেখা যাচ্ছে।

১৬ জন পুলিশ তো পাওয়া যাচ্ছে, কিন্তু জুতা আছে, বেল্ট আছে, টুপি আছে, এই রকম ১৬ জন পুলিশ হয় না। কেউ-বা পরে আছে লুঙ্গি। কারও পায়ে রবারের জুতা। কারও পায়ে লাল কেডস।

মাহবুবের বুক ভেঙে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তাঁর নিজেরই ড্রেসের ঠিক নেই। অন্যদের কথা তিনি কী বলবেন। তাঁর মাথায় সবুজ বেরেট, পায়ে জঙ্গল বুট। শুধু ক্যাপ্টেনের ব্যাজটা ঠিক আছে।

মাহবুব মোটামুটি চলতে পারে, এমন বারোজনকে আলাদা করলেন। তাঁদের সামনে দাঁড়ালেন একজন আনসার। হাতে রাইফেল আছে। রাইফেলসহ কীভাবে গার্ড অব অনার দিতে হবে, তিনি দেখিয়ে দিলেন। বারবার প্র্যাকটিস করে ব্যাপারটা যখন রপ্ত হয়ে গেল, তখন মাহবুব ঘর্মাক্ত কলেবরে এসে তৌফিককে জানালেন, ‘হয়ে গেছে। তোর কী অবস্থা?’

‘এখনো জাতীয় পতাকা পাই নাই।’ তৌফিক বললেন।

এরই মধ্যে সোলেমান বিশ্বাসের মোটরবাইক এসে গেল। সোলেমান বিশ্বাস দুইটা জাতীয় পতাকা আনতে পেরেছেন।

তৌফিকের মুখটা প্রশান্ত হাসিতে ভরে গেল।

সংগ্রাম পরিষদের নেতারা খুবই ব্যস্ত। আশপাশের গ্রাম ভেঙে লোক আসছে। আসছেন আশপাশের মুক্তিযোদ্ধা কর্মকর্তারাও।

চেয়ার দেওয়া হয়েছে গ্রামবাসীর কাছ থেকে ধার করে। স্কুল থেকে আনা হয়েছে, আর হয়েছে মিশন থেকে। গাছে গাছে মাইক। আবার সিস্টারদের বানানো ব্যানারে বাংলা আর ইংরেজিতে লেখা: জয় বাংলা। মঞ্চের ওপরে কার্পেট, শতরঞ্জি বসানো হয়েছে, তা-ও দিয়েছেন এলাকাবাসী।

পতাকাস্ট্যান্ডে পতাকা লাগানো হলো। দড়ি আগে থেকেই বাঁধাই ছিল।

নয়টার দিকে একটা গাড়ি এল ভারতের দিক থেকে। গাড়ি থেকে নামলেন ছাত্রনেতা আবদুর রাজ্জাক, আ স ম আবদুর রব।

রাজ্জাককে দেখে ছুটে গেলেন শাহাবুদ্দীন আহমেদ সেন্টু। রাজ্জাক সেন্টুকে আগে থেকে চেনেন। সেন্টু পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পদার্থবিজ্ঞান বিভাগে, প্রথম বর্ষে। শেখ কামালের সঙ্গে খেলাধুলা করেন, বুলবুল ললিতকলা একাডেমিতে গান শেখেন, মার্চ থেকে ধানমন্ডি খেলার মাঠে শেখ কামালের সঙ্গে যুদ্ধের ট্রেনিং নিয়েছেন। ট্রেনিং দিয়েছেন কর্নেল শওকত আলী। ট্রেনিং নিয়েছেন হারুন, নুর আলী, বাচ্চু, তারেক, তান্না, ইকবাল ১, ইকবাল ২ প্রমুখ। সেন্টু মার্চের অসহযোগে বিক্ষুব্ধ শিল্পী সমাজের হয়ে গান করে বেড়িয়েছেন ঢাকার রাজপথে, শহীদ মিনারে। ২৫ মার্চের পর চলে আসেন মেহেরপুর এলাকায়, হাজার হাজার মানুষের সঙ্গে তিনিও প্রতিরোধযুদ্ধে অংশ নিতে থাকেন। এরপর চলে আসেন তাঁর বাড়িতে। বৈদ্যনাথতলার আমবাগান থেকে বাড়ি মাত্র মাইলখানেক দূরে।

রাজ্জাক বললেন, ‘সেন্টু, তুই এখানে কী করিস?’

সেন্টু বললেন, ‘রাজ্জাক ভাই, যুদ্ধ করতে গ্রামে এসেছি। শেখ কামাল আমাদের নির্দেশ দিয়েছেন, যার যার এলাকায় যাও। সংগ্রাম পরিষদের সঙ্গে মিলে এলাকায় এলাকায় প্রতিরোধ গড়ো।’

রাজ্জাক বললেন, ‘তোর বাড়ি এখানে নাকি?’

‘হ্যাঁ। এই তো বাগোয়ান। এক মাইল দূরে হবে। তবে এই যে দেখতেছেন সুপারিগাছ, ওই যে, ওই বাড়িটা আমার চাচার বাড়ি।’

আ স ম আবদুর রব বললেন, ‘চলো তাহলে তোমার চাচার বাড়ি যাই। খুব খিদে পেয়েছে। কিছু খাওয়া যায় কি না।’

রাজ্জাক বললেন, ‘সেন্টু, তোকে পেয়েছি। খুব ভালো হয়েছে। তুই না রবীন্দ্রসংগীত শিখেছিস?’

‘হ্যাঁ। এখনো শিখি।’

‘আমার সোনার বাংলা শিখেছিস তো?’

‘হ্যাঁ। সারা মার্চ মাসে শহীদ মিনারে তো রোজ একবার করে গাইতে হয়েছে।’

‘শোন। এখানে তো স্বাধীন বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা শপথ নেবে। অনুষ্ঠানে তো জাতীয় সংগীত গাইতে হবে। তুই অ্যারেঞ্জ কর।’

‘জি আচ্ছা।’

সেন্টু লেগে পড়লেন। ভবের চরের স্টিফেন পিন্টু ঘোষ ভালো গায়, তিনি জানেন। সেন্টু বলেন, ‘রামনগরের মনসুর মোল্লা কই। কুইক। মোটরসাইকেল নিয়ে যাও। আর শোনো, মিশন থেকে হারমোনিয়াম আর তবলা আনো। দরিয়াপুরের আসাদুল হককে ডাকো।’ সবাই তখন ওই আমবাগানে হাজির হয়েছে।

পাঁচজন বসলেন আমবাগানের পশ্চিমে। একটা গাছের নিচে। একটু রিহার্সাল করে নেওয়া দরকার। রিহার্সাল শুরু হলে আ স ম আবদুর রবও এসে তাঁদের সঙ্গে যোগ দিলেন।

দশটার দিকে গাড়ির শব্দ পাওয়া গেল।

কলকাতা থেকে ডজন ডজন গাড়ি এসেছে।

ব্যারিস্টার আমীর আর আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান ১৬ তারিখ রাতে কলকাতা প্রেসক্লাবে গিয়ে সাংবাদিকদের দাওয়াত দিয়ে এসেছেন। বলেছেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাদের একটা বিশেষ অনুষ্ঠানে নিয়ে যাওয়া হবে। ভোর সাড়ে ৫টার মধ্যে প্রেসক্লাবে থাকতে হবে। ৬টার মধ্যে গাড়ি ছেড়ে দেবে।

‘কেন? কোথায় যাব আমরা?’

‘এটা আমরা কালকে বলব। আজকে আপনারা আর কোনো প্রশ্ন করবেন না। আর আজকে যে আমরা এসেছি, কালকে ভোরে রওনা দিচ্ছি, এটাও আজ আর কারও সঙ্গে শেয়ার করবেন না।’

আওয়ামী লীগের এমপিএ-এমএনএ যাঁরা কলকাতায় আছেন, তাঁদের নেওয়ার জন্য গাড়ি দাঁড়াল সিনহা রোডে।

সকাল ছয়টার মধ্যে ভারতীয় সাংবাদিক, পশ্চিমা সাংবাদিক, ক্যামেরাম্যান দিয়ে ভরে গেল কলকাতা প্রেসক্লাব। সবাইকে নিয়ে ঠিক সময়ে গাড়ি ছেড়ে দিল। বাংলাদেশের নেতারাও যথাসময়ে উঠে গেলেন গাড়িতে। মোটামুটি ৫০টার মতো অ্যাম্বাসেডর গাড়ি এসে আমবাগানের বিভিন্ন জায়গায় গাছের আড়ালে দাঁড়াল। কলকাতা থেকে বৈদ্যনাথতলা পর্যন্ত আসতে তাদের লাগল প্রায় চার ঘণ্টা।

সবার মধ্যে একটু ব্যস্তসমস্ত ভাব। শুধু অবিচল ভঙ্গি দেখা যাচ্ছে সৈয়দ নজরুল ইসলাম আর তাজউদ্দীনের। কামারুজ্জামান সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী। কাজেই তিনি খানিকটা তত্পর হলেন। ক্যাপ্টেন মনসুর আলীকে সাদা পাঞ্জাবি, ঢোলা পায়জামা, কালো চশমায় আরও লম্বা দেখা যাচ্ছে।

কলকাতা সিনহা রোডে সৈয়দ নজরুল গাড়িতে ওঠার আগে টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা আবদুল মান্নানকে জিজ্ঞেস করেছিলেন, ‘মান্নান, চিরুনি নিয়েছ?’ ‘হ্যাঁ।’ মান্নান জানালেন। সৈয়দ নজরুল আবারও বললেন, ‘চিরুনি নিয়েছ?’ ‘হ্যাঁ।’ তিনবার তিনি এক প্রশ্ন করলেন। তখন পাশের আরেক নেতা বলে উঠলেন, ‘লিডার, আপনি চিরুনি দিয়ে কী করবেন? আপনার মাথাতে চুলই নাই।’

‘না, কে বলল নাই। সামনে না থাকলেও পাশে তো আছে।’

সব নেতা এসেছেন সাদা পায়জামা-পাঞ্জাবি পরে। খন্দকার মোশতাক এসেছেন লম্বা কোট-প্যান্ট-টুপি পরে। এম এ জি ওসমানী এখানে আসবেন। কিন্তু তাঁর পরার মতো ইউনিফর্ম নেই। তাঁর জন্য আগের রাতে ড্রেস বানানো হয়েছে। কারণ বিএসএফ যা দিচ্ছিল, সবই তাঁর পরনে বড় আর ঢোলা হচ্ছিল।

নেতারা এসে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে তাঁদের গায়ে ফুলের পাপড়ি ছিটিয়ে স্বাগত জানাল জনতা। তাঁরা সভাস্থলের পাশে পুলিশ ফাঁড়ির কাছাকাছি চেয়ার নিয়ে বসলেন।

শেখ ফজলুল হক মণি, তোফায়েল আহমেদ, সিরাজুল আলম খান এসেছেন। তাঁরা ঘুরে ঘুরে ব্যবস্থা দেখতে লাগলেন। অনেক কাঠের চেয়ার। কোনো চেয়ার ভাঙা। বেঞ্চি। দুটো মঞ্চ। একটা বড়। আরেকটা ছোট্ট ফ্ল্যাগস্ট্যান্ড। দড়ি দিয়ে সভামঞ্চের সামনের দিকটা ঘেরাও করে রাখা হয়েছে। মানুষ এসে ভরে যাচ্ছে পুরো আমতলা।

তাজউদ্দীন বললেন, ‘তৌফিক সাহেব, কোরআন শরিফ তিলাওয়াত করতে পারবেন কে, ঠিক হলো?’

‘জি স্যার। বাকের আলী, এদিকে এসো।’

আনিসুল হকের উপন্যাস ‘রক্তে আঁকা ভোর’–এর প্রচ্ছদ

কলেজছাত্র বাকের আলী এগিয়ে এল (পরে তিনি স্থানীয় কলেজের অধ্যাপক হবেন)। তার স্কুলশিক্ষক দোয়াজ উদ্দীন জানতেন, স্কুলের অ্যাসেম্বলিতে বাকের আলী কোরআন শরিফ তিলাওয়াত করত। দোয়াজ উদ্দীনরা দুই দিন ধরে আম্রকাননের সভাস্থলে বড় খাটছেন।

তাজউদ্দীন বললেন, ‘তোমার নাম কী ভাই?’

‘বাকের আলী।’

‘কী করো?’

‘কলেজে পড়ি।’

‘কোন আয়াতটা পড়বা, একটু শোনাবা।’

বাকের আলী টুপি মাথায় দিয়ে তিলাওয়াত করল। তাজউদ্দীন হাফেজে কোরআন। তিনি বললেন, ‘ঠিক আছে। এইটাই কোরো।’

নেতারা আগে এসেছেন। একটু পরে এসেছেন কলকাতা প্রেসক্লাব থেকে গাড়িতে ওঠা সাংবাদিকেরা।

ব্যারিস্টার আমীর সাংবাদিকদের সামলাচ্ছেন।

রক্তে আঁকা ভোর  আনিসুল হক  প্রকাশক: আনিসুল হক, প্রচ্ছদ: সব্যসাচী হাজরা, প্রথম প্রকাশ: সেপ্টেম্বর ২০২১ , ৫৮৪ পৃষ্ঠা, দাম: ১০৭০ টাকা।

তাজউদ্দীন আহমদ সব চেক করে নিলেন। নির্বাচিত এমপিএ, এমএনএরা এসেছেন। গুরুত্বপূর্ণ নেতারা এসেছেন। আবদুল মান্নান অনুষ্ঠান পরিচালনা করবেন। এসেছেন। অধ্যাপক ইউসুফ আলী চিফ হুইপ। তিনি শপথ পরিচালনা করবেন। এসেছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। পাশে বসে আছেন। ক্যাপ্টেন মনসুর আলী, কামারুজ্জামান, মোশতাক আহমদ। আছেন। মুক্তিবাহিনীর প্রধান এম এ জি ওসমানী। আছেন। তৌফিক, শুরু করে দিন। যত তাড়াতাড়ি শুরু করা যায়, ততই মঙ্গল।

তৌফিকও সেটা জানেন। আক্রমণের শঙ্কা সব সময়ই আছে। পাকিস্তানি মিলিটারি টের পেয়ে গেলে প্লেন নিয়ে মাথার ওপরে একটা চক্কর তো দিতেই পারে। আবার সড়কপথেও তারা আক্রমণ করে বসতে পারে। তাড়াতাড়ি করতে হবে। মাহবুব, চল, শুরু কর।

মাহবুব আরেকবার পথের দিকে তাকালেন। ওসমান সাহেবের বিশাল বাহিনী কি এসে পৌঁছাবে না? গার্ড অব অনার তাকেই দিতে হবে?

না। আর সময় নেওয়া ঠিক হবে না।

১১ জন পুলিশ দুই সারিতে দাঁড়ালেন। সামনে একজন তাদের নেতা। আনসার ইয়াদ আলী। তার কাঁধে লেখা আনসার। মুখে দাড়ি।

সৈয়দ নজরুল, তাজউদ্দীন আহমদ, কামারুজ্জামান, ক্যাপ্টেন মনসুর, মোশতাক, কর্নেল ওসমানী মঞ্চে এসে দাঁড়ালেন। মঞ্চের পাটাতনে মিশনারি গির্জা থেকে আনা কার্পেট। নিচে চকি। তার নিচে বাংলার মাটি।

হাজার হাজার আমগাছ। আগের দিন বৃষ্টি হওয়ায় আকাশ পরিষ্কার। বৈশাখের এই মধ্যদুপুর আলোয় আলোয় ঝকঝক করছে। বৃষ্টিধোয়া আমপাতাগুলো কী যে সবুজ। আবার অনেক গাছে ছোট ছোট আম ঝুলে আছে। সভাস্থলে অনেকগুলো বড় শিরীষগাছ, সেগুনগাছও আছে। বৃষ্টির পানি কোথাও কোথাও জমে আছে, তাতে আকাশ-আলো-সবুজ পাতার প্রতিবিম্ব পড়ে সামান্য বাতাসে একটু একটু করে দুলছে।

মাহবুব চলে গেলেন তাঁর ১২ জনের গার্ড অব অনার দলের কাছে। ইয়াদ আলী পেছনে গেলেন। মাহবুব সামনে দাঁড়িয়ে কমান্ড করলেন, ‘অ্যাটেনশন।’

পুলিশ সদস্যরা পা ঠুকে অ্যাটেনশন হলো।

শোল্ডার আর্মস। তারা কাঁধে রাইফেল তুলল।

এবার তিনি দেহের সব শক্তি মুখে এনে বললেন, ‘প্রেজেন্ট আর্মস।’ সৈন্যরা বুকের সামনে অস্ত্র উঁচিয়ে ধরল। মাহবুব স্যালুট করলেন।

এই সময় সেন্টু, পিন্টু, আসাদুল, মনসুর হারমোনিয়াম বাজিয়ে গাইতে শুরু করলেন:

আমার সোনার বাংলা,

আমি তোমায় ভালোবাসি

চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে

ও মা আমার প্রাণে বাজায় বাঁশি...

গান গাইছেন তাঁরা সমস্ত দরদ ঢেলে দিয়ে।

ব্যাঙ্গমা বলবে, ‘এত সুন্দর কইরা এত মায়া দিয়া আমার সোনার বাংলা আর কেউ কখনো গাইছে কি না আমগো জানা নাই।’

ব্যাঙ্গমি বলবে, ‘হ। তুমি ঠিকই কইছ।’

জাতীয় পতাকা উত্তোলিত হচ্ছে।

মঞ্চে সবার চোখ ভিজে আসছে। দর্শকসারিতে বসা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, পুলিশ ইপিআর সৈনিক আমলা যাঁরা কুষ্টিয়া, মেহেরপুর, যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল থেকে এসে পৌঁছাতে পেরেছেন, উপস্থিত গ্রামবাসী—সবার চোখ দিয়ে জল ঝরতে লাগল। পুরো এলাকার পরিবেশ মুহূর্তে গেল পাল্টে। পরে গোলোক মজুমদার রুস্তমজিকে রিপোর্ট করবেন, যখন আমার সোনার বাংলা গানটা হচ্ছিল, পুরো সভার দশ হাজার মানুষ যেন বিদ্যুতায়িত হলো। ইলেকট্রিফায়েড। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে—গাইতে গাইতে সবাই কাঁদছেন, সৈয়দ নজরুল কাঁদছেন, তাজউদ্দীন কাঁদছেন, কামারুজ্জামান কাঁদছেন, ক্যাপ্টেন মনসুর কাঁদছেন, ওসমানী কাঁদছেন, মিজান চৌধুরী কাঁদছেন, মান্নান কাঁদছেন, শেখ মণি, রাজ্জাক, আ স ম আবদুর রব, তোফায়েল, সিরাজুল আলম খান, শাজাহান সিরাজ, উপস্থিত এমপিএরা, এমএনএরা, আমীর, উপস্থিত সরকারি কর্মকর্তারা, মাহবুব, তৌফিক, নুরুল কাদের, উপস্থিত মেজররা, কর্নেলরা, পুলিশ, আনসার, ইপিআর, মুজাহিদ—সবাই ঝরঝর করে কাঁদছেন। কাঁদছে সমবেত হাজার হাজার লুঙ্গি পরা, গেঞ্জি পরা, পাঞ্জাবি পরা, শার্ট পরা, খালি গা, খালি পা, স্যান্ডেল পা গ্রামবাসী। এমনকি সেই আমের বাগানে গাছে গাছে পাখিরাও যেন নিজেদের গান ভুলে কণ্ঠ মেলাতে লাগল ওই আমার সোনার বাংলার সঙ্গে। যখন শিল্পীরা গাইছেন, মা তোর বদনখানি মলিন হলে আমি নয়নজলে ভাসি...তখন কুড়ি হাজার চোখ অশ্রুর প্লাবনে ভেসে যেতে লাগল! সাদা বিদেশি সাংবাদিকেরা কলকাতার বাঙালি সাংবাদিককে জিজ্ঞেস করলেন, সবাই কাঁদছে কেন? কলকাতার বাঙালি সাংবাদিক বললেন, ওরা ওদের জাতীয় সংগীত গাইছে। জাতীয় সংগীত গাইবার সময় কাঁদতে হবে কেন? এটা তুমি বুঝবে না। এটা কেবল বাঙালিরাই বুঝতে পারে। বলে কলকাতার সাংবাদিক নিজেই চোখ মুছতে লাগলেন।

মাহবুব লেফট-রাইট করে এলেন মঞ্চের সামনে। ‘স্যার, প্যারেড পরিদর্শনের জন্য দল প্রস্তুত স্যার।’

সৈয়দ নজরুল আর কর্নেল ওসমানী তাঁর সঙ্গে চললেন। প্যারেড পরিদর্শন করলেন। ওসমানীর পরনে নতুন পোশাক। গতকাল নিউমার্কেট থেকে কাপড় কিনে দরজিকে দিয়ে বানানো হয়েছে। নতুন পোশাকে তাঁকে বেশ প্রত্যয়ী মনে হচ্ছে।

প্যারেড পরিদর্শন শেষে সৈয়দ নজরুল মঞ্চে গিয়ে দাঁড়ালেন। মার্চপাস্ট করে তাঁদের সালাম জানিয়ে পুলিশ-আনসারের দলটা অনুষ্ঠান চত্বরের প্রান্তে গেল। মাহবুব ঘোষণা দিলেন: হল্ট। ডিসমিস...আনসার-পুলিশরা জনতার সঙ্গে মিশে গেলেন।

কোরআন শরিফ থেকে পাঠ হলো। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করলেন অধ্যাপক ইউসুফ আলী:

মুজিবনগর, বাংলাদেশ

তারিখ: ১০ এপ্রিল ১৯৭১

যেহেতু ১৯৭০ সালের ৭ ডিসেম্বর থেকে ১৯৭১ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবাধ নির্বাচনের মাধ্যমে শাসনতন্ত্র রচনার উদ্দেশ্যে প্রতিনিধি নির্বাচিত করা হয়েছিল; এবং

যেহেতু এই নির্বাচনে বাংলাদেশের জনগণ ১৬৯টি আসনের মধ্যে আওয়ামী লীগদলীয় ১৬৭ জন প্রতিনিধি নির্বাচিত করেছিল; এবং

যেহেতু জেনারেল ইয়াহিয়া খান ১৯৭১ সালের ৩ মার্চ তারিখে শাসনতন্ত্র রচনার উদ্দেশ্যে নির্বাচিত প্রতিনিধিদের অধিবেশন আহ্বান করেন; এবং

যেহেতু তিনি আহূত এই অধিবেশন স্বেচ্ছাচার এবং বেআইনিভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন; এবং

যেহেতু পাকিস্তান কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুতি পালন করার পরিবর্তে বাংলাদেশের জনপ্রতিনিধিদের সঙ্গে পারস্পরিক আলোচনাকালে ন্যায়নীতিবহির্ভূত এবং বিশ্বাসঘাতকতামূলক যুদ্ধ ঘোষণা করেন; এবং

যেহেতু উল্লিখিত বিশ্বাসঘাতকতামূলক কাজের জন্য উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার অর্জনের আইনানুগ অধিকার প্রতিষ্ঠার জন্য ১৯৭১ সালের ২৬ মার্চ ঢাকায় যথাযথভাবে স্বাধীনতা ঘোষণা করেন এবং বাংলাদেশের অখণ্ডতা ও মর্যাদা রক্ষার জন্য বাংলাদেশের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান; এবং

যেহেতু পাকিস্তান কর্তৃপক্ষ বর্বর ও নৃশংস যুদ্ধ পরিচালনা করেছে এবং এখনো বাংলাদেশের বেসামরিক ও নিরস্ত্র জনগণের বিরুদ্ধে নজিরবিহীন গণহত্যা ও নির্যাতন চালাচ্ছে; এবং

যেহেতু পাকিস্তান সরকার অন্যায় যুদ্ধ ও গণহত্যা এবং নানাবিধ নৃশংস অত্যাচার পরিচালনা দ্বারা বাংলাদেশের গণপ্রতিনিধিদের পক্ষে একত্রিত হয়ে শাসনতন্ত্র প্রণয়ন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা অসম্ভব করে তুলেছে; এবং

যেহেতু বাংলাদেশের জনগণ তাদের বীরত্ব, সাহসিকতা ও বিপ্লবী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের উপর তাদের কার্যকর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে;

সার্বভৌম ক্ষমতার অধিকারী বাংলাদেশের জনগণ নির্বাচিত প্রতিনিধিদের প্রতি যে ম্যান্ডেট দিয়েছেন সে ম্যান্ডেট মোতাবেক আমরা, নির্বাচিত প্রতিনিধিরা, আমাদের সমবায়ে গণপরিষদ গঠন করে পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে বাংলাদেশকে একটি সার্বভৌম গণপ্রজাতন্ত্র ঘোষণা করছি

এবং এর দ্বারা পূর্বাহ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণা অনুমোদন করছি...

ইউসুফ আলী শপথ করালেন। উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রীরা শপথ নিলেন। সৈয়দ নজরুল ভাষণ দিলেন, তাজউদ্দীন বক্তৃতা করলেন।

দেশি-বিদেশি সাংবাদিকেরা ছবি তুলল, চলচ্চিত্র ধারণ করল, এলাকার মানুষের কথা রেকর্ড করে নিল। হাজারও মানুষ চেয়ারে বসে, চারদিকে দাঁড়িয়ে থেকে, আমগাছের ডালে উঠে বসে এই ঐতিহাসিক মুহূর্তটাকে প্রত্যক্ষ করল।

এরই মধ্যে মেজর ওসমানের ইপিআর দল চলে এসেছে। তাঁরাও একবার মার্চপাস্ট করে সালাম জানালেন নতুন সরকারের নেতৃবৃন্দকে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে গেলেন নেতারা। তাজউদ্দীন সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন উপরাষ্ট্রপতি আর মন্ত্রীদের। এক সাংবাদিক জিজ্ঞেস করলেন, জায়গার নাম কী?

তাজউদ্দীন বললেন, মুজিবনগর।

সাংবাদিকদের গাড়িতে তুলে আবার কলকাতার উদ্দেশে রওনা করিয়ে দেওয়া হলো।

নেতারা আরও খানিকক্ষণ থাকলেন। এলাকাবাসী মুড়ি, চিড়া, পানি, ভাত-রুটি যে যেভাবে পারে, এনে নেতাদের খাওয়াতে লাগলেন। তাঁরা নেতাদের জড়িয়ে ধরলেন, পায়ে হাত দিয়ে সালাম করলেন, আর কাঁদতে লাগলেন।

তাঁদের চোখের পানি নেতাদের চোখের পানির সঙ্গে মিশে পড়তে লাগল বৈদ্যনাথতলার মাটিতে।

তাজউদ্দীনরা গাড়িতে উঠছেন। তৌফিক, মাহবুব, ওসমান তাঁদের বিদায় জানাচ্ছেন। তৌফিক বললেন, ‘স্যার, আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের ইতিহাসের সাক্ষী হওয়ার সুযোগ দিলেন।’

তাজউদ্দীন বললেন, ‘তোমরা ইতিহাসের সাক্ষী নও। তোমরা ইতিহাসের নির্মাতা।’

একে একে নেতারা গাড়িতে উঠে কলকাতার দিকে চলে গেলেন।

মাহবুব, তৌফিক, এলাকার মুক্তিযোদ্ধারা, এলাকাবাসী রয়ে গেলেন। তাঁদের সামনে অনেক কাজ। যুদ্ধ চলছে। যুদ্ধ চলবে। তাঁরা পাকিস্তানি বাহিনীকে কুষ্টিয়া, যশোর, খুলনা এলাকা থেকে বিতাড়িত করবেনই।