ভোরের আলোর সঙ্গে চকচকে পাদুকা জোড়াও ফোটে। নতুন বলেই একটা লেডিস শু, একটা পুরুষ জুতা থেকে রোশনাই বিচ্ছুরিত হচ্ছে। ময়লা পাপোশের সঙ্গে মোটেও মানাচ্ছে না এদের। লকডাউনের মধ্যে নির্জন স্থানের বাংলোটা নিস্তরঙ্গ পুকুরের জলে পতিত একটি মাত্র পাতা যেন। বৌদ্ধ সম্প্রদায়ের কেউ উপস্থিত হলে এটাকেই বলবে শূন্যতাবাদ। খানিক বাদে শূন্যতাবাদে লেপটে থাকা নির্জনতাবাদ আলগা হয়ে যায়। লোকজন জড়ো হতে থাকে। একজন বলল, ডাউনলকের মধ্যে এসব কী দেখি?
ভাই, উল্টা কইলেন।
কেউ একজন সুযোগ নিল, বুঝলেন না, রাতের নেশা এখনো কাটে নাই।
বাদ দেন এসব, অনেকক্ষণ তো হয়া গেল, সাড়াশব্দ নাই বলেই সন্দেহ।
ডাকেন তাদের, ইয়ার্কি পাইছে!
তার আগে আমি কই, কেয়ারটেকাররে ধরেন। বদমাশি করবে, আবার সবাইরে দেখাইতে জুতা রাখবে বাইরে।
এইখানে বেওয়ারিশ কোনো কুকুরও নেই যে পাণ্ডবের জুতা নিয়ে যাবে মুখে করে, আর দ্রৌপদী লজ্জায় মুখ ঢাকবার মতো মুখোশও খুঁজে পাবে না।
ভাই, যান তো এখান থাইকা। মহাভারতের গল্প একবিংশ শতাব্দীতে শুনাইতে আইসেন না। পারলে কেয়ারটেকাররে খুঁইজা বাইর করেন।
পুরাণ কোনো দিন পুরোনো হয় না সাহেব।
একজন চারপাশ ঘুরেটুরে ফেরত আসে, নাহ ভাই, টেক কেয়ার করার মতো কোনো কেয়ারটেকার এখানে নেই।
তাইলে তো গেল...সবই ডুবিয়া গেল...
আইচ্ছা ভাই, ভেতরে কি লোকজন আসলেই আছে, না নাই? অত ডাকাডাকিতে সাড়াশব্দ নাই যে? যদি লাশ পাওয়া যায়?
আপনের মাথাটা পুরাই খারাপ, মানুষ না থাকলে বাইরে জুতা পইড়া থাকে?
পারলে উঁকি দিয়া দ্যাখেন।
আরেকজন অনেক কষ্টে বন্ধ কাচের জানালায় কোনোমতে এক চোখ স্থাপন করে বলে, ভাই আছে আছে, ফ্যান তো চলতেছে, একটা লাইটও জ্বলে।
বিছানা দেখা যায়?
সাইড দিয়া একটুখানি।
তাইলে?
তাইলে আর কী! চলেন কাইটা পড়ি। আমাদের অত দরকার কী? কালা চোরার সাথে রূপবান কইন্যার বিয়া হোক, তাতে আমাদের কী?
না ভাই, একটা দায়িত্ব আছে না। লোকটারে জিজ্ঞাসা করা দরকার—সে আপনের কে, বউ? বউ অইলে কত নম্বর? নাকি গার্লফ্রেন্ড, না পার্টনার? বন্ধুর বউ?
লিভ টুগেদার, না গেট টুগেদার? হা হা হা...
তার আগে আমার কথা শোনেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়া কী কইরা সম্ভব হয় এভাবে আসা!
বুঝলেন না, বজ্র আঁটুনি, ফসকা গিরা।
আরে ভাই, পুলিশ কী করব, তারা তো একপ্রকার অসহায়, পথচারী যদি কয়, আমি তো নানুর বাসায় যাই, তাইলে পুলিশের কী করার আছে?
ঠিক ঠিক, আয় ছেলেরা আয় মেয়েরা নানুর বাড়ি যাই...
রাখেন, আপনারা কি অস্বীকার করতে চান যে বিষয়টি ইনভেস্টিগেশন করা দরকার নয়? ভালো করে দেখেন তো জুতাগুলো কোনখানের, আই মিন কোনো দোকান বা মার্কেট সম্পর্কে ধারণা করা যায় কি না। এখনো যে রকম ফ্রেশ!
আপনার মতো গোয়েন্দা বেরসিক আমাদের প্রয়োজন কী?
প্রয়োজন-অপ্রয়োজন পরে, দেখেন কোনো সিল-ছাপ্পর আছে কি না।
একটার মধ্যে লেখা আছে ‘জনতা শুজ’।
তাইলে তো হইলোই, ওই রাস্তার মোড়ে গিয়া দাঁড়ান আর জনতাকে জিজ্ঞাসা করতে থাকেন।
একজন হৃদয়ঙ্গম করল গভীরভাবে, স্রেফ ফাজলামি শুরু হয়ে গেছে, তাতে আসল উদ্দেশ্য ভেস্তে যাবে।
তাহলে কী করা?
দরজা ভাঙেন ভাই।
শুরু হয়ে যায় লাথি। কিন্তু তীব্র শব্দে কর্তৃপক্ষের একজন লোকও এগিয়ে এল না।
ধপাস শব্দে দরজাটা ভেঙে গেলে হুড়মুড় করে ঢুকে সবারই চোখ ছানাবড়া।
শিয়রের ওপরে ফ্যান দ্রুতবেগে ঘুরছে। বিছানাটা ফাঁকা ও পরিপাটি। শুধু এর ওপরে দুটো মাস্ক পড়ে আছে।
ধূর্তামির একটা সীমা আছে। জেনা কইরা চইলা গেল মাস্ক না পইরাই।
ক্যান তাতে কী হইল, ইনভেস্টিগেশনে কি ধরা পড়ে না যে কোথাও লেখা নাই—নো মাস্ক, নো এক্সিট। এই যে দরজায় চাইয়া দেখেন শুধু লেখা—নো মাস্ক, নো এন্ট্রি।
নিজের খেয়ে বনের মোষ তাড়ানো লোকগুলো চিৎকার–চেঁচামেচি কম করেনি। কেবল তাদের শোরগোলের কারণে লোকজনকে দৌড়ে আসতে দেখে কিছুটা দূরের মোড়ে কয়েকটি রিকশা এসে ঘাঁটি গেড়েছে।
একজন সময়ের অপচয় ভেবে দ্রুত পায়ে গিয়ে রিকশায় উঠে বসে। খানিক এগোতেই রিকশাওয়ালা জিজ্ঞাসা করে, ওইখানে কী হইছিল, স্যার?
আর বোলো না, রিসোর্টের গেস্টরা নতুন জুতা রেখেই পালিয়ে গেছে।
হয়তো নিবার সময় পায় নাই। জুতার শব্দে ধরা পড়ার ভয় ছিল। হইতে পারে মোবাইলে তাড়া খাইয়া সব ভুইলা গ্যাছে, খালি জান বাঁচানোর কথাই মনে আছিল।
ভালোই বলেছ। গুড ইনভেস্টিগেশন।
তা জানি না, আমি রিকশা চালাই। কেউ খালি পায়ে রিকশায় উঠলেও কোনো দিন জিজ্ঞাসা করব না, স্যার-ম্যাডাম, খালি পায়ে উঠলেন যে?
তুমি কয় দিন ধরে রিকশা চালাও?
দুই দিন হইল।
আগে কী করতে?
করছি অনেক কিছুই, ভালাই চলছিল।
আর এখন মানুষ টানো, কেন?
আমি নয়া গরিব, যদিও পাওয়ে এক্ষণো জুতা আছে।