জয় বাংলা বাংলাদেশ

স্বাধীন বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রে বসে অন্য রকম এক যুদ্ধ শুরু করেছিলেন তাঁরা। স্বাধীনতার মাসে জানা যাক ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সমর্থনে কয়েকজন মার্কিন যোদ্ধার অভূতপূর্ব প্রচেষ্টার বিবরণ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সমর্থনে ‘জয় বাংলা বাংলাদেশ’ লেখা এই কোটপিন তৈরি করেছিলেন ডেভিড নেইলিন ও লিয়ার লেভিন
ছবি: সংগৃহীত

ডেভিড ওয়াইসব্রড হাতে ছোট একটি পুঁটুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। গত বছরের ২৫ সেপ্টেম্বর বাংলাদেশি অভিবাসী দিবস উপলক্ষে ম্যানহাটানের ম্যারিয়ট হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত বক্তা। সঙ্গে ডেভিড নেইলিন ও লিয়ার লেভিন। তাঁরা তিনজনই ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দেশের বাইরে থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রবাসী বাংলাদেশিরা এখানে মুক্তিযুদ্ধের সহযোদ্ধা হিসেবে তাঁদের সম্মানিত করবেন, সে উপলক্ষেই অনুষ্ঠানটি।

লিয়ার লেভিন মুক্তিযুদ্ধের সময় কাঁধে ক্যামেরা নিয়ে ঘুরেছেন, তাঁর ধারণকৃত তথ্যচিত্রের ভিত্তিতে তারেক মাসুদ মুক্তির গান নামের একটি অসাধারণ চলচ্চিত্র আমাদের উপহার দেন। লেভিন যখন উদ্বাস্তু শিবিরে চিত্রগ্রহণে ব্যস্ত, ঠিক সেই সময় বাংলাদেশ থেকে বহু দূরে ওয়াশিংটন ডিসিতে ওয়াইসব্রড ও নেইলিন বাংলাদেশের পক্ষে ভিন্ন এক লড়াইয়ে জড়িয়ে পড়েছেন। তাঁরা ‘বাংলাদেশ ইনফরমেশন সেন্টার’ নামে একটি তথ্যকেন্দ্র গড়ে তোলেন, যার অন্যতম কাজ ছিল মুক্তিযুদ্ধ প্রশ্নে মার্কিন নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা।

মুখোমুখি হতেই পুঁটুলি থেকে একটি ল্যাপেল পিন বের করলেন ডেভিড ওয়াইসব্রড, ‘এটা দেখেছ আগে? একাত্তরে আমরা বের করেছিলাম।’ পুঁটুলি খুলে একটি পিন আমার হাতে তুলে দিলেন তিনি।

কোট বা জামার বুকপকেটে ঝুলিয়ে রাখার জন্য এই পিন। যাঁরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, তাঁরা সগর্ব এই পিন বহন করবেন, এই বিশ্বাস থেকেই তখন পিনটি বানানো হয়েছিল। হাতে নিয়ে অদ্ভুত এক অনুভূতি হলো। দশ সহস্র মাইল দূরে, অজ্ঞাত এক জনপদে মুক্তির জন্য লড়ছে একট জাতি। আর তাদের সমর্থনে তৈরি ল্যাপেল পিন বুকে নিয়ে ঘুরছেন মার্কিন কংগ্রেসের সদস্য, ডাকসাইটে সিনেটর। তাও এমন এক দেশে, যার সরকার কোনো রাখঢাক ছাড়াই পাকিস্তানি বাহিনীর বাঙালি গণহত্যা সমর্থন করে যাচ্ছে।

পরে পিন বানানোর ইতিহাস আমাকে জানালেন ডেভিড নেইলিন। ভদ্রলোক চমৎকার বাংলা বলেন। শুধু বাংলা কেন, চট্টগ্রামের ভাষায়ও তিনি দক্ষ। পেশায় চিকিৎসক, ঢাকার কলেরা হাসপাতালের চিকিৎসক ও গবেষক হিসেবে ষাটের দশকের দ্বিতীয়ার্ধে পূর্ব পাকিস্তানে বেশ কয়েক বছর কাটান তিনি। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ তথ্যকেন্দ্রের তিনি প্রথম পরিচালক।

‘তখন আমরা ডিসিতে এক রুমের ছোট ঘরে অফিস খুলেছি। মাথায় চিন্তা, কী করে বাংলাদেশের বিষয়টি ওয়াশিংটনের কর্তাব্যক্তিদের কানে পৌঁছে দেব। ইতিমধ্যে নিউজলেটার বানানো হয়েছে, ফ্লায়ার হয়েছে, একটা–দুটো পোস্টারও। এই অফিসে আমাদের নিত্যদিনের এক সভায় ঠিক হলো, বাংলাদেশের প্রশ্নটি লোকের নজরে আনতে ল্যাপেল পিন হবে। মাঝখানে লেখা থাকবে ‘জয় বাংলা’, ওপরে–নিচে চক্রাকারে বাংলাদেশ। এই ল্যাপেল পিনের কাজ হবে বাংলাদেশের প্রশ্নটি মানুষের দৃষ্টিগোচর করা, পাশাপাশি ভারতে আশ্রয়প্রাপ্ত উদ্বাস্তুদের জন্য অর্থ সংগ্রহ করা।

ডেভিড নেইলিন গর্বের সঙ্গে জানান, সিনেটর কেনেডি, সিনেটর স্যাক্সবি ও সিনেটর ফুলব্রাইটের মতো প্রভাবশালী মানুষদের তাঁরা পাশে পেয়েছিলেন। তাঁরা সবাই–ই সেই ল্যাপেল পিন পেয়েছেন এবং তা বুকে বহন করেছেন। হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ মিছিলে, কংগ্রেসের বিভিন্ন শুনানিতে, বাল্টিমোরে অস্ত্রবাহী পাকিস্তানি জাহাজ ‘পদ্মা’র নোঙর করার প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশ এই পিন বিলি করা হয়েছে। মানুষ সাগ্রহ এই পিন সংগ্রহ করেছেন।

নেইলিন জানান, একাত্তরের অক্টোবর মাসে ওয়াশিংটনে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, ‘আমরা তাঁর হাতে পঞ্চাশ হাজার ডলারের চেক তুলে দিয়েছিলাম,’ নেইলিনের কণ্ঠে গর্বের আঁচ।

বাংলাদেশ তথ্যকেন্দ্রে তাঁর সঙ্গে যুগ্ম পরিচালক হিসেবে যোগ দেন ডেভিড ওয়াইসব্রড। তখন তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ২৪ বছরের টগবগে যুবক। এর আগে বছর দুয়েক তিনি নেপালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। ফলে পূর্ব পাকিস্তানে কী হচ্ছে, তা কমবেশি তাঁর জানা। ফিরে এসে যুক্তরাষ্ট্রের মার্কিন নীতির সমালোচনা করে বেশ কিছু প্রবন্ধ লিখেছিলেন। সে লেখা ডেভিড নেইলিন ও অন্যদের নজরে পড়লে তাঁরাই ওয়াইসব্রডকে সার্বক্ষণিক কর্মী হিসেবে ইনফরমেশন সেন্টারে যোগদানের আমন্ত্রণ জানান।

এই কেন্দ্রের সঙ্গে আরও যুক্ত ছিলেন অ্যানা টেলর, ড. উইলিয়াম গ্রিনো, অধ্যাপক এডওয়ার্ড ডিমক, টম ডিন ও মাইকেল গেয়ার্টনার। বাঙালিদের মধ্যে ছিলেন কায়সার জামান, মোহসিন সিদ্দিকী, আবুল মাল মুহিত ও রেহমান সোবহান। হাতের পুঁটুলিটি দোলাতে দোলাতে ওয়াইসব্রড বলেন, ‘সেদিন আমরা সবাই একসঙ্গে কাজ করেছি। বাঙালির মুক্তির লড়াই আমাদেরও মুক্তির লড়াই ছিল।’

ডেভিড নেইলিন পূর্ব পাকিস্তানে নিকট বন্ধুবান্ধবদের ফেলে রেখে এসেছেন। পাকিস্তানি হামলায় তিনি উদ্বিগ্ন হবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু সদ্য যুবক ওয়াইসব্রড কোন তাগিদে বাঙালিদের লড়াইকে তাঁর লড়াই করে নেন?

সেদিন নয়, পরে এক ই–মেইলে আমার সেই প্রশ্নের জবাব দেন ওয়াইসব্রড। তিনি লেখেন, ‘ইহুদি হিসেবে আমি শৈশব থেকেই জেনে এসেছি, সব ধরনের গণহত্যার বিরোধিতা আমার দায়িত্ব। দ্বিতীয় মহাযুদ্ধকালীন হলোকাস্ট আমাদের সে শিক্ষাই দিয়েছে। মানবিক দুর্যোগের মুখে চুপ করে থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একাত্তরে বাংলাদেশের ঘটনাবলি জানার পর তার বিরুদ্ধাচরণ এবং মুক্তির প্রতি সমর্থন তাই আমার জন্য খুবই স্বাভাবিক ব্যাপার ছিল।’

ওয়াইসব্রডের জবাব আমাকে মোটেও বিস্মিত করেনি। একাত্তরের ইতিহাসের অধিকাংশ আলোচনা নিক্সন-কিসিঞ্জার প্রশাসনের পাকিস্তানপ্রীতি নিয়ে। অথচ সেই সময় এই দেশের অনেক মানুষ, বিশেষত ছাত্র, বুদ্ধিজীবী ও সংবাদকর্মী জীবনের ঝুঁকি নিয়েও আমাদের লড়াইয়ের শরিক হয়েছিলেন। বস্তুত, ভিয়েতনাম যুদ্ধের পর এটিই ছিল মার্কিন বৈদেশিক নীতিবিরোধী সর্ববৃহৎ আন্তর্জাতিক সংহতি আন্দোলন।

ডেভিড ওয়াইসব্রড ও ডেভিড নেইলিন
ছবি: সংগৃহীত

স্বাধীনতার পর ডেভিড নেইলিন ও ডেভিড ওয়াইসব্রড দুজনই সদ্য স্বাধীন দেশটিতে নতুন দায়িত্ব নিয়ে চলে আসেন। নেইলিন কলেরা হাসপাতাল ঢেলে সাজানোর দায়িত্ব গ্রহণ করেন। ওয়াইসব্রড দায়িত্ব পান ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির সমন্বকারীর। ‘সেটা ছিল অত্যন্ত গর্বের, অত্যন্ত আনন্দের এক সময়,’ ওয়াইসব্রড আমাকে জানান।

যেসব আমেরিকান স্বাধীনতার পর বাংলাদেশের মাটিতে প্রথম পা রাখেন, তাঁদের একজন ছিলেন নেইলিন। খুব গর্বের সঙ্গে তিনি জানান, ‘১০ জানুয়ারি, যেদিন বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন, সেদিন আরও হাজারো মানুষের সঙ্গে আমি ঢাকা এয়ারপোর্টে ছিলাম। স্বাধীন বাংলাদেশের মাটিতে তাঁকে স্বাগত জানিয়েছি। পরে গণভবনে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করে তথ্যকেন্দ্রের নথিপত্রের কপি তাঁর হাতে দিয়ে আসি।’

লম্বা–চওড়া মানুষ নেইলিন। আমার ঘাড়ে হাত রাখেন, তারপর যেন অন্য কারও সঙ্গে কথা বলছেন এমনভাবে স্বগতোক্তির স্বরে ইংরেজিতে বলেন, ‘সেটা ছিল বড় কঠিন সময়, বড় আনন্দের সময়।’ আমি না বুঝতে পেরে জিজ্ঞেস করি, ‘কিছু বললেন?’

পরিষ্কার বাংলায় নেইলিন জানান, ‘কই, না তো।’

তাকিয়ে দেখি, চোখের কোণে চিকচিক করছে একফোঁটা জল।