ছকবাঁধা বয়ানের বাইরের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশ আপনার, স্বাধীনতা আপনার অথচ আমি তার সবটুকু ভোগের উত্তেজনা অনুভব করি। স্বাধীন দেশের মাটিতে আপনি স্বাধীনভাবে হাঁটাচলা করতে পারেন, আমার জীবনে এর চেয়ে আনন্দের সংবাদ আর নেই।’

বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় ৫০ বছর পর আহত মুক্তিযোদ্ধা খালিদের উদ্দেশে করে জুম মিটিংয়ের চ্যাটবক্সে কথাগুলো বলেন সুতপা বণিক, এক ভারতীয় নারী। ভারতীয় হয়েও বাংলাদেশের মানুষের অস্তিত্ব বাঁচানোর এই সংগ্রামের প্রতি সে আজও শ্রদ্ধাশীল। যুদ্ধে পা হারানো আহত তরুণ খালিদকে আসামের এক ভাঙাচোরা হাসপাতাল থেকে বাসায় নিয়ে এসেছিলেন সুতপার বাবা সুশীল বণিক। সেই থেকে কিশোরী সুতপাই দিনরাত্রি সেবা করে খালিদকে সুস্থ করে তোলে। দেশ স্বাধীন হলে খালিদ ফিরে আসে দেশে, তার উন্নত চিকিৎসা হয়, জার্মানিতে গিয়ে ভালো শিক্ষা ও নতুন পা পায় খালিদ। জীবনের নানা যুদ্ধে সুতপার স্মৃতি বিস্মৃত হয় সে।

সুতপার মতো এ রকম শত শত নারী আছেন, যাঁরা আমাদের স্বাধীনতাসংগ্রামে সম্মুখযুদ্ধে অংশ না নিয়েও নানাভাবে এই যুদ্ধকে সম্ভব ও সফল করে তুলেছিলেন। দেশ ও দেশের মানুষের অস্ত্বিত্বের সংগ্রামে তাঁরা নিজের অস্তিত্বকেই বাজি রেখেছিলেন। আমাদের প্রথাগত ইতিহাসের পাতায় সেই সব নারী তাঁদের উপযুক্ত জায়গা পাননি বললেই চলে। তাঁরা আজও রয়ে গেছেন বয়ানের বাইরে। আফসানা বেগম তাঁর সদ্য প্রকাশিত গল্পের বই দহনদিনের বীণাতে লিখেছেন সে রকমই কিছু নারীর আখ্যান। যেমন খানিক আগে এই বইয়ের ‘বিস্মৃত যত কিছু’ গল্পে সুতপা বণিকের কাহিনি জানলাম আমরা।

আবার ‘কোথায় পাব তারে’ গল্পে আফসানা আমাদের বলেন সিলেটের এক নাম না জানা কিশোরীর কথা, নিকষ কালো অন্ধকার রাতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন পুরো গ্রাম পুড়িয়ে ছারখার করে দিচ্ছিল, জলের নিচে লুকিয়ে রাখা নৌকা তুলে মুক্তিবাহিনীর ছেলেদের নদী পার হতে সাহায্য করেছিল সেই কিশোরী। নৌকা ছাড়ার আগে যোদ্ধাদের প্রতি আকুতি জানিয়ে সে বলেছিল, ‘সবগুলারে মারিয়া আইঞ্জাইন, আমি হউ জুফর মাঝখানে থাখমু, খেউ যেন বাঁচতে না ফারে।’ যুদ্ধ শেষে বীরের বেশে মুক্তিযোদ্ধারা ফিরে গেছে যার যার বাড়িতে, ঝোপের ভেতর অপেক্ষারত সেই কিশোরীর কথা মনে রাখেনি কেউ। সব শত্রুকে যে মারা হয়েছিল, দেশ যে স্বাধীন হলো, এই খবর অপেক্ষারত সেই কিশোরী কোনো দিন জানতে পেরেছিল, নাকি হানাদার বাহিনী ছিঁড়ে খেয়েছিল তাকে—সে খবরও রয়ে গেছে অজানা।

হারিয়ে যাওয়া নারীদের গল্প বলতে বলতে লেখক গল্পের চরিত্রদের মুখ দিয়েই সমাজের কাছে রেখে গেছেন কিছু প্রশ্ন, যা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পার করা আমাদের বিবেককে একটু হলেও নাড়া দেবে, ভাবনার খোরাক জোগাবে।

মোট ১১টি গল্প নিয়ে আফসানা বেগমের বইটি মুক্তিযুদ্ধকালীন ছকবাঁধা কাঠামোর বাইরে থাকা নারীদের অবদানের এক শক্তিশালী অনুস্বারক হয়ে থাকবে বহুকাল।

দহনদিনের বীণা

আফসানা বেগম

প্রকাশক: প্রথমা প্রকাশন, প্রকাশকাল: ডিসেম্বর ২০২২, প্রচ্ছদ: মাসুক হেলাল, 

১৩৫ পৃষ্ঠা, দাম: ৩৫০ টাকা।

বইটি পাওয়া যাচ্ছে

prothoma.com, মানসম্মত বইয়ের দোকান ও বইমেলায় প্রথমা প্রকাশনের প্যাভিলিয়নে (প্যাভিলিয়ন: ৬)