ছোট ছোট গল্পে এই সময়ের আখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রায়হান রাইনের কয়েকটি সাদা কাঠগোলাপ বইয়ের গল্পগুলোর বড় অংশজুড়ে রয়েছে একধরনের দ্বান্দ্বিক বয়ান ও দৃষ্টিভঙ্গি। এসব দ্বন্দ্ব পাঠকমনে শুধু যে জিজ্ঞাসার জন্ম দেয়, তা নয়, বরং পাঠককে বিবেকের মুখোমুখি করে। আমাদের চারপাশের ঘটে যাওয়া মৃত্যু, গুম-খুন, বিচারহীনতা, স্বপ্ন-বাস্তবতা ও জীবনের বিচিত্র সব অভিজ্ঞতাই মূর্ত হয়েছে বইয়ের ছোট ছোট গল্পে। আর এর মধ্য দিয়ে উঠে এসেছে সমকালীন বাস্তবতার রূঢ় চিত্রও। যেমন ‘পোড়োজমি’ গল্পের কথা ধরা যাক। এখানে দেখা যায়, রাষ্ট্রের শিক্ষাব্যবস্থাও পুলিশের নজরদারির বাইরে নয়। এবার গল্পটি থেকে পুলিশ কর্মকর্তা ও অধ্যাপকের কথোপকথন উদ্ধৃত করা যাক:

‘“আপনি ক্লাসে ওয়েস্টল্যান্ড পড়ান?’

অধ্যাপক হ্যাঁ-সূচক মাথা নাড়ালেন।

‘এপ্রিল কেন নিষ্ঠুরতম মাস?’ পুলিশ অফিসার স্বগতোক্তির মতো করে বললেন।

অধ্যাপক নীরব। পোষা বিড়ালটা মেঝে থেকে উঠে এসে তার কোলে বসল।’

ছোট্ট এই গল্প পড়া শেষে পাঠকের কাছে এর অন্তর্গত পুরাণ, রূপক, প্রতীকের পর্দা খসে পড়লে গল্পের প্রতীকী প্রশ্ন—‘এপ্রিল কেন নিষ্ঠুরতম মাস?’—প্রশ্নটি তাদের মনের পর্দায় ভাসিয়ে তোলে বর্তমানকে। মৃত্যু, দুঃস্বপ্ন আর ভয়ে ভরা যখন চারপাশ, সেই সময়ে দাঁড়িয়ে গল্পটি পড়ে নিজের মধ্যে দহন অনুভব করেন পাঠকেরা।

কেবল এই গল্প নয়, বইয়ের ‘একটি কালো গাড়ি’, ‘বাবা’, ‘টানেল’, ‘পরোয়ানা’, ‘দায় মৃতদের’ প্রভৃতি গল্প পাঠকের সামনে উন্মোচন করে দহনদিনের ক্যানভাস। পুরো বইয়ের ৭৬টি গল্পেই এই সময়কে একেবারে উদোম করে দেওয়া হয়েছে যেন। যেখানে যমদূত হয়ে হাজির হয় কালোগাড়ি। গুম হয় মানুষ। তবে ভাগ্য সুপ্রসন্ন থাকলে কেউ কেউ ফিরে আসে বটে, কিন্তু মুখে কুলুপ এঁটে থাকতে হয় বাকি জীবন। 

আবার কোনো কোনো গল্পে দেখা যায়, হতভাগা কেউ মরে গিয়েও মুক্তি পাচ্ছে না। গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে ঘুরছে তাদের প্রেতাত্মারা। 

স্বাভাবিক প্রবৃত্তির কারণেই মানুষ জানতে চায়। আর এই জানার পথে পদে পদে তার মনে জাগে সন্দেহ ও প্রশ্ন। কোন পথে যাবে সে? কোনটাইবা সঠিক পথ? তার মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। জেগে ওঠে তার যৌক্তিক আর দার্শনিক সত্তা। চারপাশের যাপিত জীবন ঘিরে এসব যৌক্তিক ও দার্শনিক জিজ্ঞাসা ঘুরেফিরে এসেছে রায়হান রাইনের আলোচ্য বইয়ের গল্পগুলোতে। তবে কখনো কখনো তা বেশ অসরল ও গভীর। ‘… কিন্তু বিবর্তিত হচ্ছে কে? কে প্রাকৃতিক নির্বাচনের সিদ্ধান্তটা নিচ্ছে?’(ওম)

সাধারণত আমাদের জীবনের ছন্দপতন ঘটে প্রতিকূল-বৈরী পরিবেশে।  অধিকাংশ ক্ষেত্রে তখন আমরা গুলিয়ে ফেলি কোনটা বাস্তব আর কোনটাইবা স্বপ্ন। ‘লিজার সাইকেল’, ‘প্রজাপতি’ ‘কয়েকটি সাদা কাঠগোলাপ’ প্রভৃতি গল্প আমাদের সেসব পরিস্থিতির মুখোমুখি করে। 

আবার ‘রঙিন মাছ’, ‘কারুবাসনা’র মতো গল্প নিয়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাওয়া অনুভূতিশূন্য মানুষের কাছে।

ছোট হওয়ার কারণে এ বইয়ের গল্পগুলো নিমেষেই পড়ে ফেলা যায়। আর পড়ার পরই পাঠকের মনে হয়, আরে, আমি তো আমার সময় এবং নিজের জীবনকেই পড়ছি!

কয়েকটি সাদা কাঠগোলাপ

রায়হান রাইন

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা, প্রকাশকাল: নভেম্বর ২০২২, প্রচ্ছদ: মাসুক হেলাল, ১৫২ পৃষ্ঠা, দাম: ৪০০ টাকা।

বইটি পাওয়া যাচ্ছে

prothoma.com এবং মানসম্মত বইয়ের দোকানে।