বাংলাসহ ভারতের বেশ কিছু ভাষার সাহিত্যকে অনুবাদের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে সাহিত্য সংগঠন ‘পেন ইংলিশ’। এ লক্ষ্যে প্রবর্তিত ‘পেন প্রেজেন্টস’ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে ওয়াসি আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস বরফকল। এখন প্রাথমিকভাবে অনুবাদক শবনম নাদিয়া ইংরেজিতে উপন্যাসটির নমুনা অনুবাদ প্রস্তুত করবেন। এ প্রকল্পে অর্থায়ন করবে পেন ইংলিশ।
প্রথমবারের মতো নেওয়া এ উদ্যোগে সাতটি ভাষার ১২টি নানা ধাঁচের বই—উপন্যাস, ছোটগল্প ও স্মৃতিকথা অনুবাদের জন্য নির্বাচন করা হয়েছে। আনন্দের ব্যাপার হলো, সাতটি ভাষার মধ্যে চারটি বই-ই বাংলা ভাষার। বরফকল বাদে অন্য তিনটি বই তিন ভারতীয় বাঙালি সাহিত্যিকের।
আগামী অক্টোবরের শেষে ঘোষিত ফলাফলে সংক্ষিপ্ত তালিকা থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হবে ছয়টি অনুবাদ। পরে সেগুলো বই আকারে প্রকাশের উদ্যোগ নেওয়া হবে। যেকোনো অঞ্চল এবং ভাষার সাহিত্য অনুবাদের জন্য ২০২৩ সালের জানুয়ারিতে আবার প্রস্তাব আহ্বান করা হবে।
সূত্র: পেন ইংলিশ ডটঅর্গ