পূর্ববঙ্গের সেই সব বইমেলা

সেকালে পূর্ববঙ্গ তথা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছিল বই প্রদর্শনীর চল। সেই ধারাবাহিকতায় এখানে শুরু হলো বইমেলা। জানা যাক পূর্ববঙ্গে বইমেলা–সংস্কৃতির খতিয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৬৪ সালের অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার ভবনে অনুষ্ঠিত বইমেলায় সরদার জয়েনউদ্দীন (বাঁ থেকে দ্বিতীয়)
ছবি: সংগৃহীত

কবে এবং কীভাবে আমাদের এখানে বইমেলা শুরু হয়েছিল, এ নিয়ে নানান তথ্য পাওয়া যায়। কিন্তু পূর্ববঙ্গের বিভিন্ন অঞ্চলে যে বই প্রদর্শনীর চল ছিল, সে বিষয়ে গবেষকেরা সবাই–ই একমত। তাঁদের মতে, এই বই প্রদর্শনীই হয়তো পরবর্তীকালে দেশের নানা অঞ্চলে বইমেলাকে ত্বরান্বিত করেছে। পূর্ববঙ্গের কোনো কোনো অঞ্চলে বেশ আগে থেকেই গড়ে উঠেছিল বইমেলার সংস্কৃতি। বইপত্র, স্থানীয় গবেষক ও সংস্কৃতিকর্মীদের সঙ্গে কথা বলে এ লেখায় তারই একটি চিত্র দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে। বিভিন্ন অঞ্চলের এই অসম্পূর্ণ চিত্রগুলো জোড়া দিয়ে পূর্ববঙ্গে বইমেলা–সংস্কৃতির একটি খতিয়ান বের করা সম্ভব। আর এই খতিয়ান লিপিবদ্ধ করতে গেলে প্রাসঙ্গিকভাবেই এসে পড়ে ভারতবর্ষে বইমেলা শুরু হওয়ার ইতিবৃত্তও। 

ভারতবর্ষে বইমেলার প্রচলন ইউরোপীয় রেনেসাঁর অনেক পরে। জার্মানিতে গুটেনবার্গ ১৪৫৬ সালে চলমানযোগ্য টাইপের আবিষ্কারের মাধ্যমে যে সামাজিক বিপ্লবের সূত্রপাত করেছিলেন, সেই পরম্পরায় ভারতে প্রথম মুদ্রণযন্ত্র আসে ১৫৫৬ সালে, গোয়াতে। এরপর ভারতের মুদ্রণ ও প্রকাশনা নতুন উদ্দীপনা লাভ করে। তবে ভারতবর্ষে বইমেলার সূত্রপাত আরও অনেক পরে। 

যতদূর জানা যায়, কলকাতায় বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদের উদ্যোগে ১৯১৮ সালে কলেজ স্ট্রিটে জাতীয় শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে দুটি প্রদর্শনীর আয়োজন ছিল—একটি পুস্তক প্রদর্শনী ও অন্যটি শিল্প। প্রদর্শনীর নাম নিয়ে হলেও সেখানে বইমেলার আয়োজন হয়েছিল স্বদেশি প্রকাশকদের অংশগ্রহণে। কলকাতার বিখ্যাত বসুমতী প্রকাশন এই মেলায় অংশ নিয়েছিল। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও এই মেলা আয়োজনে যুক্ত ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়, বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রাই, চিত্তরঞ্জন দাস, অরবিন্দ ঘোষ প্রমুখ। গবেষকদের দাবি, এটিই ভারতবর্ষের প্রথম বইমেলা। 

আর পূর্ববঙ্গে বইমেলার প্রচলন হয়েছিল গত শতাব্দীর দ্বিতীয়ার্ধে। ১৯৬৪ সালের ১৮ থেকে ২৪ অক্টোবর সরদার জয়েনউদ্দীনের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার ভবনে অনুষ্ঠিত বইমেলাকে প্রথম বইমেলা হিসেবে মান্য করা হয়। যদিও ক্ষুদ্র আঙ্গিকে ১৯৬৪ সালের প্রথম দিকে ঢাকার টিচার্স ট্রেনিং কলেজে একটি বইমেলা হয়েছিল এবং ১৯৫৭ সালে রাশিয়ার ঢাকার কনসল অফিস একটি বই প্রদর্শনীর আয়োজন করেছিল পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী আতাউর রহমান খানকে প্রধান অতিথি করে। 

পূর্ববঙ্গে পাকিস্তানি জমানায় বইমেলার নজির কম। কারণ, দেশজ শিল্প-সংস্কৃতির জাগরণের অনুঘটক শাসকদের দমননীতির কারণে যথার্থভাবে বিস্তৃত হয়নি। তবে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর বাঙালি সংস্কৃতির বিকাশ নবদিশা খুঁজে পায়। সারা দেশে সাংস্কৃতিক চর্চা লাভ করে নতুন গতি। এই ধারাবাহিকতায় উল্লেখযোগ্য একটি অঞ্চল যশোর-খুলনা। বলা দরকার, ১৮৫০ সালে ইংল্যান্ডে গণগ্রন্থাগার আইন পাসের পরই ১৮৫৪ সালে যশোরে পূর্ববঙ্গে প্রথম পাবলিক লাইব্রেরি স্থাপিত হয়। যশোহর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি নামে প্রতিষ্ঠিত এই গ্রন্থাগার শুরু থেকেই লাইব্রেরির পাঠক্রম ছাড়াও নানামুখী কর্মে যুক্ত ছিল। সেই সময়ে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির সঙ্গে যুক্ত মো. মোশারফ হোসেনের কাছে জানা যায়, ১৯৬১ সালে মাইকেল মধুসূদন কলেজে (এমএম কলেজ) এক পুস্তক প্রদর্শনীর আয়োজন করা হয়। ১৯৬৭ সালে যশোরের এই প্রতিষ্ঠান প্রথম বইমেলার আয়োজন করে। তারপর বৃহত্তর খুলনার বিভিন্ন অঞ্চলে ছোট ছোট বই প্রদর্শনী ও বইমেলা শুরু করে। প্রচারকাজে তখন মাইকিং ও পোস্টারিংকে প্রধান বাহন হিসেবে ব্যবহার করা হতো। সাধারণত শীতকালে পাড়া-মহল্লায় বই প্রদর্শনী ও বইমেলার আয়োজন হতো। শুধু যশোহর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির তত্ত্বাবধানে প্রায় ১০০টি বুক সেন্টার তৈরি করে বই ধার দেওয়ার ব্যবস্থা ছিল বলে জানা যায়। বয়সভিত্তিক বিভাজন করে তরুণ, কচি, কৌরক, মুকুল ইত্যাদি নাম দিয়ে বিভিন্ন দল তৈরি করা হতো। 

দেশ স্বাধীন হলে আশির দশকেও একুশে ফেব্রুয়ারি ও পয়লা বৈশাখ উপলক্ষে বইমেলার আয়োজনের ধারাবাহিকতা ছিল যশোহর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির। এ প্রসঙ্গে বইমেলার আয়োজন নিয়ে মো. মোশারফ হোসেন আরও কিছু তথ্য দেন। তাঁর তথ্য অনুযায়ী, ১৯৬৯ সালে যশোরের বারোবাজার এলাকায় কাস্টভাঙ্গা গ্রামে একটি বইমেলার আয়োজন করা হয়েছিল। এর জের ধরে পাশের এলাকার লোকজন রাস্তা আটকিয়ে পাশের গ্রামেও আয়োজকদের বইমেলা করতে বাধ্য করেন। 

সে সময় কেবল যশোর নয়, পূর্ববঙ্গের অনান্য অঞ্চলেও বইমেলা আয়োজনের তথ্য পাওয়া যায়। তবে বন্দর নগরী চট্টগ্রামে স্বাধীনতার আগে বইমেলার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। মুক্তিযুদ্ধের পর ১৯৭৫ সালে জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুলে ১৫ থেকে ২১ ফেব্রুয়ারি প্রথম বইমেলা অনুষ্ঠিত হয় বলে তথ্য দিয়েছেন শিশুসাহিত্যিক রাশেদ রউফ। তাঁর এই তথ্যের দালিলিক প্রমাণ মেলে সাপ্তাহিক বিচিত্রার ৭ মার্চ ১৯৭৫ সংখ্যায়। এই বইমেলার আহ্বায়ক ছিলেন সাহিত্যিক–শিক্ষাবিদ আবুল ফজল। মেলার স্লোগান ছিল ‘বই হোক নিত্য সঙ্গী’। এখানে ভারত, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও রাশিয়ার স্টলসহ মোট ৪৩টি স্টল ছিল বলে জানা যায়। 

কিন্তু চট্টগ্রামে সবচেয়ে বড় ও সাড়া জাগানো বইমেলা হয়েছিল ১৯৮৮ সালে। মেলাটি হয়েছিল পাবলিক লাইব্রেরি ভবনের চতুর্থ তলায়। বলা ভালো, দর্শনীর বিনিময়ে এটিই বাংলাদেশে প্রথম বইমেলা। 

চট্টগ্রামের প্রকাশক শাহ্ আলম নিপুর সঙ্গে কথা বলে জানা যায়, আশির দশকে চট্টগ্রামের ডিসি হিল ও লালদীঘি ময়দানে একুশ উদ্​যাপন পর্ষদ ও সিটি করপোরেশন বইমেলার আয়োজন করলেও নানা কারণে সেগুলো জমে ওঠেনি। চট্টগ্রামে বইমেলা নিয়ে গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছেন গবেষক ও প্রকাশক জামাল উদ্দিন। তাঁর কথায়, ‘ব্রিটিশ আমলেও বঙ্গীয় সাহিত্য পরিষদের চট্টগ্রামে অনুষ্ঠিত সম্মেলন (১৯৩০-৪০)-এ ক্ষুদ্র আঙ্গিকে বই প্রদর্শনী ও বইমেলার আয়োজন করা হতো।’ 

ময়মনসিংহে প্রথম বইমেলার নজির মেলে ১৯৬৯ সালে। পাকিস্তান আর্ট কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এই বইমেলার উদ্যোক্তা ছিলেন অনুবাদক ফখরুজ্জামান চৌধুরী। স্বাধীনতার পর একই শহরে প্রথম বইমেলার আয়োজন নিয়ে কবি ও নাট্যকার ফরিদ আহমেদ দুলাল জানান, ১৯৮২ সালে জেলা প্রশাসন ময়মনসিংহ শহরের স্টেডিয়াম–সংলগ্ন ব্যায়ামাগারে ৭ দিনব্যাপী লোকসংস্কৃতি উৎসব ও বইমেলার আয়োজন করে। 

ঢাকার বাইরে নারায়ণগঞ্জে একটি প্রণিধানযোগ্য বইমেলা হয়েছিল ১৯৭০ সালে কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডের সহযোগিতায়। বইমেলার আয়োজক ছিল সুধীজন পাঠাগার। গ্রন্থচিন্তক ফজলে রাব্বি ও সরদার জয়েনউদ্দীন এই বইমেলা আয়োজনের সংগঠক হিসেবে কাজ করেছিলেন, এ তথ্য এখন অনেকেরই জানা। এই মেলায় শুধু বই নয় নানামাত্রিক আলোচনাপর্ব দিয়ে বইয়ের মেলাটিকে পাঠকপ্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছিল। 

নারায়ণগঞ্জের সুধীজন পাঠাগার আয়োজিত বইমেলা, ১৯৭০
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ বইমেলায় উৎসুক দর্শকও এসেছিল প্রচুর। বইয়ের বেচাকেনাও মন্দ ছিল না। লোক–গবেষক অধ্যাপক শামসুজ্জামান খান নারায়ণগঞ্জ বইমেলা সম্পর্কে একটি হৃদয়গ্রাহী তথ্য দিয়েছেন। তাঁর লেখায় আছে, ‘নারায়ণগঞ্জ বইমেলায় মেলার ভিতর একটি গোরু বেঁধে রেখে গোরুর গায়ে লিখে রাখা হয়েছিল, “আমি বই পড়ি না”।’ সন্দেহ নেই বন্দর শহর নারায়ণগঞ্জের বইমেলায় এই উদ্ভাবনী চিন্তা পাঠকদের শুধু কৌতুকের খোরাকই জোগায়নি, পাঠসচেতন এবং গ্রন্থমনস্কও করে তুলেছিল। 

সিলেটের শ্রীহট্ট কলেজে স্বাধীনতার আগে বইমেলা আয়োজনের কথা কেউ কেউ বললেও এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। দেশ স্বাধীন হলে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ আশির দশকে কয়েকটি বইমেলা করে। পরবর্তী সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও বইমেলা আয়োজনে নিজেদের যুক্ত করে। 

স্বাধীনতার পূর্বকালে ঢাকার বাইরে প্রান্তিক পর্যায়ে বইমেলার কিছু নজির মিললেও আঙ্গিক ও বৈশিষ্ট্যে মেলাগুলো সুপরিসরে সুবিন্যস্ত বইমেলায় আবির্ভূত হয়নি। স্বাধীনতার পরবর্তীকালে বাঙালি জাতিসত্তার বিকাশে দেশজ সাহিত্য সংস্কৃতি চর্চার দ্বার উন্মোচিত হয়। ১৯৭২ সালে বাংলা একাডেমি প্রাঙ্গণে আন্তর্জাতিক গ্রন্থবর্ষ উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক বইমেলাকে কেন্দ্র করেই আজকের অমর একুশে বইমেলার বীজ অঙ্কুরিত হয়। সেই ধারাবাহিকতায় অমর একুশে বইমেলা যেমন আজ অঙ্কুর থেকে মহিরুহে পরিণত হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরে গত শতাব্দীর আশির দশক থেকে বইমেলার প্রচলন ও বিস্তার লক্ষণীয়। এই দশকে পর্যায়ক্রমে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় গ্রন্থকেন্দ্রের পৃষ্ঠপোষকতায় বইমেলা হয়েছে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল, রংপুরসহ আরও কয়েকটি শহরে। 

ঢাকার বাইরে এসব বইমেলার অনুষ্ঠানপর্বে অংশ নিয়েছিলেন কবি শামসুর রাহমান, আবু হেনা মোস্তফা কামাল, অভিনেতা গোলাম মুস্তাফা, হাসান আজিজুল হক, হাসান ইমাম প্রমুখ। 

জাতীয় গ্রন্থকেন্দ্রের পৃষ্ঠপোষকতা ছাড়াও স্থানীয় পর্যায়ে বইমেলায় বই সংগঠনের উদ্যোগ লক্ষণীয়। টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের
সম্পাদক মাহমুদ কামালের বয়ানে জানা যায়, ১৯৮০ সাল থেকে সাধারণ গ্রন্থাগার শহিদ মিনারে প্রতিবছর ২২-২৮ ফেব্রুয়ারি সপ্তাহব্যাপী বইমেলা করেছে। 

সাধারণ গ্রন্থাগারের সহযোগিতায় ১৯৯১ সালে মুক্তধারা ও ইউপিএল টাঙ্গাইলের ভাসানী হলে ১৫ দিনব্যাপী বড় একটি বইমেলার আয়োজন করে। এতে আলোচনাপর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ।  

ঢাকার বাইরে বিচিত্র বইমেলার আয়োজন করা হলেও পাঠকসমাজ গড়তে ও বইয়ের বিক্রির ক্ষেত্রে ভূমিকা বেশির ভাগই খুব উল্লেখযোগ্য নয়। 

আজ মানবিক সূচকের অগ্রায়ণের মাধ্যমে দেশের সামগ্রিক আর্থিক ও মানবিক উন্নয়নে আর্থিক সূচকের সঙ্গে সঙ্গে বইমেলার মতো জাগরণের সূচকের পাখা মেলা দরকার।