ঢাকায় তিতাস গ্যাসের গন্ধ নিয়ে রবীন্দ্রনাথ এখানে কিছু বলতে আসেননি
রবীন্দ্রনাথে নাকি সবকিছু পাওয়া যায়। আমাদের সব অনুভূতি! কথাটা লেখা আছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিন বিভাগের একটি উদ্যোগ ‘রবীন্দ্ররচনাবলি’ নামের ওয়েবসাইটে। কথাটা এ রকম—‘রবীন্দ্রনাথ তাঁর লেখনীতে বাঙালির জীবনযাপন, সংস্কৃতিকে যেমন তুলে ধরেছেন, তেমনি বাঙালির চিরদিনের হাসি–কান্না, আনন্দ-বেদনারও রূপকার তিনি। জগতের সব বিষয়কে তিনি তাঁর লেখায় ধারণ করেছেন। মানুষের এমন কোনো মানবিক অনুভূতি নেই, যা রবীন্দ্রনাথের লেখায় পাওয়া যায় না।’ জগতের সবকিছু? আবারও বলি, জগতের সবকিছু?
তাহলে ২৪ এপ্রিল মধ্যরাতে এবং ২৫ এপ্রিল সকালে ঢাকার বিভিন্ন এলাকায় যে গ্যাসের গন্ধ পাওয়া যেতে লাগল এবং কর্তারা বলতে লাগলেন, ‘আতঙ্কিত হবেন না, শুধু আগুন জ্বালাবেন না,’ সে বিষয়ে রবীন্দ্রনাথ কি কিছু বলে গেছেন?
‘ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো’—রবীন্দ্রনাথ আগুন জ্বালানোর কথা বলেছেন, নেভানোর কথা কি বলেননি? ‘সামান্য ক্ষতি’ কবিতায়ও তিনি বলেছেন, ‘জ্বেলে দে আগুন ওলো সহচরী শীত নিবারিব অনলে।’
আচ্ছা, তিতাস গ্যাস নিয়ে কি রবীন্দ্রনাথ কিছু বলেছেন? না। গুগল সন্ধান দিতে পারছে না। তবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ গর্বের সঙ্গে জানাচ্ছে, ‘১৯৬৮ সালের অক্টোবর মাসে বিশিষ্ট কথাসাহিত্যিক জনাব শওকত ওসমানের বাসায় প্রথম আবাসিক গ্যাস–সংযোগ প্রদান করা হয়। একটি প্রগতিশীল জাতীয় প্রতিষ্ঠান হিসেবে তিতাস গ্যাস তার সেবার মাধ্যমে জনগণের আস্থাভাজন হওয়ার গৌরব অর্জন করেছে।’
রবীন্দ্রনাথ গ্যাস নিয়ে অনেক কিছু লিখেছেন। বস্তুত বিজ্ঞান নিয়ে, মহাবিশ্ব নিয়ে রবীন্দ্রনাথের লেখা খুবই সুন্দর, সরস, প্রাঞ্জল। যেমন তিনি লিখেছেন:
‘পৃথিবীকে ঘিরে আছে যে বাতাস, তার শতকরা ৭৮ ভাগ নাইট্রোজেন, ২১ ভাগ অক্সিজেন। আর আর যেসব গ্যাস আছে, সে অতি সামান্য। অক্সিজেন গ্যাস মিশুক গ্যাস, লোহার সঙ্গে মিশে মরচে ধরায়, অঙ্গারপদার্থের সঙ্গে মিশে আগুন জ্বালায়—এমনি করে বায়ুমণ্ডল থেকে নিয়ত তার অনেক খরচ হতে থাকে। এদিকে, গাছপালারা বাতাসের অঙ্গারাম্ল গ্যাসের থেকে নিজের প্রয়োজনে অঙ্গার আদায় করে নিয়ে অক্সিজেনভাগ বাতাসকে ফিরিয়ে দেয়। এ না হলে পৃথিবীর হাওয়া অঙ্গারাম্ল গ্যাসে ভরে যেত, মানুষ পেত না তার নিশ্বাসের বায়ু।
‘আকাশের অনেকটা উঁচু পর্যন্ত হাওয়ার বেশি পরিবর্তন হয়নি। যেসব গ্যাস মিশিয়ে হাওয়া তৈরি, তাদের অনেকটাই আরও অনেক উঁচুতে পৌঁছায় না। খুব সম্ভব সবচেয়ে হালকা দুটো গ্যাস অর্থাৎ হেলিয়ম ও হাইড্রোজেনে মেশানো সেখানকার হাওয়া।’ (ভূলোক)
‘ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো’—রবীন্দ্রনাথ আগুন জ্বালানোর কথা বলেছেন, নেভানোর কথা কি বলেননি? ‘সামান্য ক্ষতি’ কবিতায়ও তিনি বলেছেন, ‘জ্বেলে দে আগুন, ওলো সহচরী, শীত নিবারিব অনলে।’
‘বিশ্বপরিচয়ের পরমাণুলোক’ নামের প্রবন্ধে রবীন্দ্রনাথ লিখেছেন, ‘সূর্যের গ্যাসীয় বেড়ার ভিতর থেকে একটা লিপি এল তখনকার কোনো অচেনা পদার্থের। এই নূতন-খবর-পাওয়া মৌলিক পদার্থের নাম দেওয়া হলো হেলিয়ম, অর্থাৎ সৌরক। কেননা তখন মনে হয়েছিল এটা একান্ত সূর্যেরই অন্তর্গত গ্যাস। অবশেষে ত্রিশ বছর কেটে গেলে পর বিখ্যাত রসায়নী র্যামজে এই গ্যাসের আমেজ পেলেন পৃথিবীর হাওয়ায় অতি সামান্য পরিমাণে। তখন স্থির হোলো পৃথিবীতে এ গ্যাস দুর্লভ। তার পরে দেখা গেল উত্তর আমেরিকায় কোনো মেটে তেলের গহ্বরে যে গ্যাস পাওয়া যায় তাতে যথেষ্ট পরিমাণে হেলিয়ম আছে। তখন একে কাজে লাগাবার সুবিধে হোলো। অত্যন্ত হালকা ব'লে এতদিন হাইড্রোজেন-গ্যাস দিয়ে আকাশযানগুলোর উড়োনশক্তির জোগান দেওয়া হোত। কিন্তু হাইড্রোজেন-গ্যাস ওড়াবার পক্ষে যেমন কেজো, জ্বালাবার পক্ষে তার চেয়ে কম। এই গ্যাস অনেক মস্ত মস্ত উড়ো জাহাজকে জ্বালিয়ে মেরেছে। হেলিয়ম-গ্যাসের মধ্যে প্রচ্ছন্ন দুরন্ত জ্বলন-চণ্ডী নেই, অথচ হাইড্রোজেন ছাড়া সকল গ্যাসের চেয়ে এ হালকা। তাই জাহাজ ওড়ানোকে নিরাপদ করবার জন্যে তারি ব্যবহার চলতি হয়েছে।’
গ্যাস দিয়ে আগে রাস্তার বাতি জ্বালানো হতো। রবীন্দ্রনাথের কবিতায় পাচ্ছি তার কথা:
‘একটু বেশি রাত না হতে হতে
মা আমারে ঘুম পাড়াতে চায়।
জানলা দিয়ে দেখি চেয়ে পথে
পাগড়ি প’রে পাহারওলা যায়।
আঁধার গলি, লোক বেশি না চলে,
গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে,
লন্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে
দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়।’
তা গ্যাস নিয়ে, গ্যাসের আলো নিয়ে রবীন্দ্রনাথের লেখা খুঁজে পাওয়া গেলেও ঢাকার বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের লাইন লিক করে যে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ল, এ নিয়ে রবীন্দ্রনাথের কোনো লেখা পাওয়া গেল না।
তাহলে কি জগতের সবকিছু নিয়ে রবীন্দ্রনাথ লেখেননি? তাঁর সময়কালের বহু সমস্যা নিয়ে লিখেছেন, কিন্তু ভবিষ্যতের ঢাকাবাসীর সমস্যা নিয়ে তিনি ভাবতে পারেননি! তিনি কি অতটা দূরদর্শী ছিলেন না?
এতে অবশ্য রবীন্দ্রনাথকে দোষ দেওয়া যাবে না। তিনি লিখে গেছেন:
‘মাঝে মাঝে গেছি আমি ও পাড়ার প্রাঙ্গণের ধারে,
ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে।
জীবনে জীবন যোগ করা
না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা।
তাই আমি মেনে নিই সে নিন্দার কথা
আমার সুরের অপূর্ণতা।
আমার কবিতা, জানি আমি,
গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী।’
কাজেই তিতাস গ্যাসের গন্ধে আতঙ্কিত ঢাকাবাসীর জন্য রবীন্দ্রনাথের এই লাইনই শুধু এখন বলা যেতে পারে:
‘বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়।’
জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ তারই প্রতিধ্বিনি করেছেন, ‘আতঙ্কিত হবেন না।’
আতঙ্কতি নাহয় নাই–বা হলাম, কিন্তু আগুন না জ্বেলে থাকা যাবে কতক্ষণ? আমি নাহয় না জ্বালালাম, ধূমপায়ীরা যদি লাইটারে বুড়ো আঙুল বা দেশলাইয়ের কাঠিতে ঘষা দিয়ে আগুন জ্বালিয়ে ফেলেন?
তখন নাহয় গাইতে হবে, ‘মরণ রে তুঁহু মম শ্যামসমান!’
প্রথম আলো লিখেছে, ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইয়াসির আরাফাত খান প্রথম আলোকে বলেন, তিতাসের সঞ্চালন লাইনে যে ত্রুটি আছে, এ ঘটনায় তা আবার নতুন করে প্রমাণিত হলো। আবাসিক এলাকাগুলো ভয়ানক ঝুঁকিতে আছে। গতকাল বিভিন্ন জায়গায় গ্যাস বের হয়ে গেছে। এই গ্যাস কোথাও জমা থাকলে আবারও সমস্যা হতে পারে। তাই এটা বলা যাবে না যে ঝুঁকি শেষ হয়েছে। তিতাসের সঞ্চালন লাইনগুলো মেরামত শুধু নয়, নতুন লাইন বসাতে হবে।
‘গ্যাসের পাইপলাইনে ছিদ্র বা গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার মতো ঘটনায় নগরবাসীর করণীয় বিষয়ে জানতে চাইলে ইয়াসির আরাফাত বলেন, বাসাবাড়িতে গ্যাস জমা না থাকলে বড় ধরনের ঝুঁকির আশঙ্কা কম। দরজা-জানালা খোলা রেখে তারপর চুলা জ্বালাতে হবে। রান্নাঘরের দরজা-জানালা খোলা রাখলে গ্যাস ছড়ালেও তা সরে যেতে পারে। অর্থাৎ সেখানে ঝুঁকি কম থাকে।’
তাহলে তো রবীন্দ্রনাথ এ কথা আগেই বলে গেছেন:
‘খুলে দাও দ্বার;
নীলাকাশ করো অবারিত;
কৌতূহলী পুষ্পগন্ধ কক্ষে মোর করুক প্রবেশ;
প্রথম রৌদ্রের আলো।’ (রোগশয্যায়)
কিংবা
‘খোলো খোলো দ্বার, রাখিয়ো না আর বাহিরে আমায় দাঁড়ায়ে।’