‘পেন প্রেজেন্টস’ পুরস্কার পেলেন অনুবাদক শবনম নাদিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শবনম নাদিয়া

বাংলাসহ ভারতের বেশ কিছু ভাষার সাহিত্যকে অনুবাদের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে সাহিত্য সংগঠন ‘পেন ইংলিশ’। এ লক্ষ্যে প্রবর্তিত পুরস্কারটির নাম দেওয়া হয়েছে ‘পেন প্রেজেন্টস’। গত সেপ্টেম্বরে ঘোষিত হয়েছিল পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা। সেখানে স্থান পেয়েছিল ওয়াসি আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস বরফকল। ইংরেজিতে উপন্যাসটির নমুনা অনুবাদ প্রস্তুত করেছিলেন শবনম নাদিয়া। সম্প্রতি ঘোষিত চূড়ান্ত ফলাফলে ছয় বিজয়ীর তালিকায় স্থান পেয়েছেন তিনি।

প্রথমবারের মতো নেওয়া এ উদ্যোগে সাতটি ভাষার ১২টি নানান ধাঁচের বই—উপন্যাস, ছোটগল্প ও স্মৃতিকথা অনুবাদের জন্য নির্বাচন করা হয়েছিল। নমুনা অনুবাদ প্রস্তুতের মাধ্যমে সেখান থেকে চূড়ান্তভাবে বিজয়ী হলেন ছয় অনুবাদক। বরফকল ছাড়া বিজয়ীদের তালিকায় রয়েছে আরও একটি বাংলা বই। অধীর বিশ্বাসের লেখা লাস্টবয়: অচ্ছুৎ বালকের ক্লাসরুম বইটি থেকে অনুবাদ করেছেন ভি রামস্বামী। এসব নমুনা অনুবাদ উপস্থাপন করা হবে বিশ্বের খ্যাতনামা প্রকাশনা সংস্থাগুলোর সামনে এবং পরে সেখান থেকে নেওয়া হবে বই প্রকাশের উদ্যোগ। যেকোনো অঞ্চল ও ভাষার সাহিত্য অনুবাদের জন্য ২০২৩ সালের জানুয়ারিতে আবার প্রস্তাব আহ্বান করবে পেন ইংলিশ।

সূত্র: পেন ইংলিশ ডট ওআরজি

● গ্রন্থনা: নাফিস সাদিক