সাম্প্রতিক
আগাথা ক্রিস্টি আর রোয়াল্ড ডালের ভক্ত হলে আপনার সঙ্গে প্রতারণা করা হয়েছে
আধুনিক প্রকাশনা সংস্থাগুলো এখন নিয়োগ দিয়েছে ‘সেনসিটিভিটি রিডার’ বা সংবেদী পাঠক। তাঁরাই বদলে দিয়েছেন আগাথা ক্রিস্টি ও রোয়াল্ড ডালের লেখা। দ্য টেলিগ্রাফ ঢুঁড়ে জানাচ্ছেন নাজিয়া আফরিন
আগাথা ক্রিস্টি আর রোয়াল্ড ডাল—আপনি যদি এই দুই লেখকের ভক্ত হয়ে থাকেন, তবে হলফ করে বলতে পারি, আপনার সঙ্গে প্রতারণা করা হয়েছে! হ্যাঁ, যে কথা বলা হলো, তা নড়েচড়ে বসার মতোই। জনপ্রিয় এই দুই লেখকের প্রকৃত লেখা পড়ার সুযোগ আপনার সেভাবে হয়নি। আরও নির্দিষ্টভাবে বললে, যাঁদের জন্ম এই শতাব্দীতে, তাঁরা হয়তো এই দুই লেখকের প্রকৃত লেখার ছোঁয়া পুরোটা পাননি। কারণ, ‘আধুনিক সংবেদনশীলতা’র দোহাই দিয়ে পাল্টে দেওয়া হয়েছে তাঁদের লেখা। আর এতে বাদ পড়েছে শব্দ, বাক্য, এমনকি গোটা অনুচ্ছেদও। এ ঘটনা প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে এখন শোরগোলও কম হচ্ছে না।
সম্প্রতি ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ–এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে, আগাথা ক্রিস্টির জনপ্রিয় রোমাঞ্চ সিরিজ ‘এরকুল পোয়ারো’ ও ‘মিস মার্পল’–এর নতুন মুদ্রণগুলোয় প্রকাশনা প্রতিষ্ঠান হারপার কলিন্সের সম্পাদনা দল হয় ছুরি চালিয়েছে অথবা বাদ দিয়েছে নানা অনুচ্ছেদ। যেমন একদল শিশুর ওপর বিরক্ত হয়ে রাগ ঝাড়ে, এমন এক ব্রিটিশ পর্যটকের চরিত্র একেবারেই মুছে ফেলা হয়েছে।
২০২০ সাল থেকে আগাথা ক্রিস্টির বইয়ের নতুন মুদ্রণগুলো প্রকাশ করে আসছে হারপার কলিন্স। সূত্র বলছে, ‘সংবেদনশীল পাঠক’দের সহায়তা নিয়ে প্রতিষ্ঠানটি লেখকের জনপ্রিয় দুই সিরিজ ‘মিস মার্পেল’ ও ‘এরকুল পোয়ারো’র নির্বাচিত উপন্যাসগুলো নতুন করে তৈরি করেছে।
আর নতুন মুদ্রণের ডিজিটাল সংস্করণ দেখে দ্য টেলিগ্রাফ–এর ভাষ্য, এই কাজ করার ফলে ১৯২০ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ছাপা লেখাগুলোয় যেখানে জাতিগত বিবরণ, জাতিবিদ্বেষ বা কোনো বিশেষ বর্ণ ও জাতির কথা বলা হয়েছে, এমন অসংখ্য অনুচ্ছেদ বাদ দেওয়া হয়েছে। বিশেষত ক্রিস্টির মূল চরিত্র ব্রিটেনের বাইরে যেসব চরিত্রের মুখোমুখি হচ্ছে, তাদের বেলায় এমন ঘটনা ঘটেছে বেশি। এমনকি লেখকের নিজের বর্ণনা, জেন মার্পল বা এরকুল পোয়ারোর স্বগতোক্তি পাল্টে দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে। আবার রোমাঞ্চের ভেতর আপাত অসহানুভূতিশীল চরিত্রগুলোর সংলাপের অনেকটুকুই কাটছাঁট করা হয়েছে।
১৯৩৭ সালে প্রকাশিত ‘এরকুল পোয়ারো’ সিরিজের উপন্যাস ডেথ অন দ্য নাইল–এর একটি চরিত্র শ্রীমতী অলারটন অভিযোগ করে, একদল শিশু তাকে বিরক্ত করছে। তার বর্ণনায় আছে, ‘তারা ফেরত আসে আর তাকিয়ে থাকে আর তাকিয়ে থাকে, আর তাদের চোখগুলো একদম জঘন্য, আর তাদের নাকও আর আমার মনে হয় আমি শিশুদের পছন্দ করি না।’ আর নতুন মুদ্রণে বলা হচ্ছে, ‘তারা ফেরত আসে এবং তাকিয়ে থাকে, আর তাকিয়ে থাকে। আর আমার মনে হয় আমি শিশুদের পছন্দ করি না।’
নতুন মুদ্রণে একইভাবে বদলে গেছে শব্দও। ‘প্রাচ্য’ শব্দটি হটিয়ে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে বিবরণে এসেছে পরিবর্তন। যেমন, এক কালো সেবক, যাকে মূল গল্পে দেখানো হয়েছিল, সে দাঁত বের করে হাসছে। কারণ, সে বুঝতে পেরেছে যে একটি বিষয়ে তাকে চুপ থাকতে হবে। কিন্তু নতুন মুদ্রণে সে যে কালো—কথাটিই আর বলা হয়নি। উপরন্তু অন্য সব বিবরণ বাদ দিয়ে কেবল বলা হয়েছে, সে মাথা নাড়ছিল। ডেথ অন দ্য নাইল উপন্যাস থেকে আরও বাদ পড়েছে নুবিয়ান জাতিসত্তার কথা, যারা মিসরে শত শত বছর ধরে বাস করে আসছে। অন্য পক্ষে একটি ক্যারিবীয় রোমাঞ্চে এক চরিত্রের রাতের অন্ধকারে ঝোপঝাড়ের মধ্যে কালো এক নারীকে দেখতে না পাওয়ার পুরো বর্ণনাই বাদ দেওয়া হয়েছে।
১৯২০ সালে প্রকাশিত ক্রিস্টির প্রথম উপন্যাস দ্য মিস্টিরিয়াস অ্যাফেয়ার্স অ্যাট স্টাইলস–এ পোয়ারো এক চরিত্রকে দেখে মন্তব্য করে, ‘ইহুদি, নিশ্চয়ই’। তবে নতুন মুদ্রণে এখন আর তার এমন কোনো মন্তব্য স্থান পায়নি। আবার ১৯৭৯ সালে প্রকাশিত মিস মার্পলসমগ্রতে এক ভারতীয় বিচারকের চরিত্র ছিল, যেখানে লোকটি সকালের নাশতা দাবি করত ‘ভারতীয় মেজাজে’, কিন্তু এখন তা পাল্টে শুধু মেজাজ হয়ে গেছে। আদতে পুনঃসম্পাদিত বইগুলোয় বর্ণবাদী সব বিবরণ হয় একেবারে হাপিশ করে দেওয়া হয়েছে নতুবা তা দেওয়া হয়েছে পাল্টে।
কেবল আগাথা ক্রিস্টি একা নন, এই কাটাকাটির ‘যন্ত্রণা’য় জেরবার আরেক গোরা কথাসাহিত্যিক রোয়াল্ড ডালও। এর আগে টেলিগ্রাফ–এর অনুসন্ধানেই বেরিয়ে এসেছিল, রোয়াল্ড ডালের বইয়ের প্রতিটি নতুন সংস্করণেই বদলে গেছে ভাষা! চোখ চড়কগাছে তোলার মতো ব্যাপারই বটে।
এই ব্রিটিশ ঔপন্যাসিকের বই পৃথিবীজুড়ে বিক্রি হয়েছে প্রায় ৩০ কোটি কপি। চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, ফ্যান্টাস্টিক মি. ফক্স থেকে শুরু করে মাটিল্ডা, দ্য উইচেস, দ্য বিএফজিসহ ছোটদের অসংখ্য বই লিখে ছোট–বড় সবারই মনের মণিকোঠার দখল নিয়েছেন তিনি। কিন্তু তাতে কী, প্রকাশনা প্রতিষ্ঠানগুলো ‘স্পর্শকাতর’ বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে চেয়েছে। এমনকি শেষ দিকে এসে ডাল নিজেও যে তাঁর বইয়ের অনেক শব্দ বা বাক্যের অর্থ বদলেছেন, তা কি বর্তমান দুনিয়ার প্রভাবে, ‘রাজনৈতিকভাবে ঠিক’ থাকার জন্য? যে কারণেই হোক, বর্ণবাদী বা নারীবিদ্বেষী মনে হয়, এমন বক্তব্য দেদার কাটছাঁট করা হয়েছে।
তবে কতটা সম্পাদনা ও পরিমার্জনা করলে বইয়ের অর্থই বদলে যায়, এমন প্রশ্ন তুলেছেন কেউ কেউ। পাফিন বুকস থেকে বেরিয়েছে রোয়াল্ড ডালের বইগুলোর অসংখ্য সংস্করণ। টেলিগ্রাফ–এর তদন্তে দেখা গেছে, বইগুলোর একেক সংস্করণে শব্দের ব্যবহার ভিন্ন। অন্যদিকে মাটিল্ডা উপন্যাস থেকে ছেঁটে ফেলা হয়েছে কথাসাহিত্যিক রাডিইয়ার্ড কিপলিংয়ের নাম। ভারতে জন্ম নেওয়া কিপলিং যেহেতু ঔপনিবেশিক শাসনের কথা তুলে ধরেন, তাই এটি করা হয়েছে বলে বিশেষজ্ঞদের অভিমত। আবার কিছু কিছু জায়গায় একেবারেই পরিবর্তিত হয়ে গেছে শব্দ বা বাক্যের অর্থ। দ্য উইচেস বইটার কথাই ধরা যাক। এখানে ‘চেম্বারমেইড’ বা গৃহপরিচারিকা বদলে করা হয়েছে ‘ক্লিনার’ বা পরিচ্ছন্নতাকারী, ‘মেয়ে, তুমি পাগল হয়ে গেছ’ হয়ে গেছে ‘তোমার কি মাথা খারাপ হয়ে গেছে!’
আগাথা ক্রিস্টি ও রোয়াল্ড ডালের বইয়ের এমন ‘সংস্কার’–এর ফলে আসলে কী ঘটেছে?
প্রকাশনা প্রতিষ্ঠানগুলো আধুনিক কালে ‘সেনসিবিলিটি ফিল্টার’ তথা সংবেদনশীলতা মাপকাঠির চালুনি দিয়ে চালতে গিয়ে অনেক সময় আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটকেই হটিয়ে দিয়েছে। আর একই সঙ্গে লেখায় যে সময়ের ইতিহাসের ছাপ থাকে, বেমালুম সেটাও ফেলেছে মুছে।
বলা ভালো, আধুনিক প্রকাশনা সংস্থাগুলো এখন নিয়োগ দিচ্ছে ‘সেনসিটিভিটি রিডার’ বা সংবেদী পাঠক। তাঁরাই মূলত নানা সাহিত্যকর্ম পর্যালোচনা করছেন। তাঁদের মাপকাঠিতে ‘সংবেদনশীল’ নয় এমন সব শব্দ, বাক্য বা চরিত্র—সবকিছুই প্রতিষ্ঠিত সাহিত্যিকদের লেখা থেকে বাদ পড়ছে। যদিও এটাকে তাঁরা বলছেন, ‘বাতিল সংস্কৃতি’ থেকে বাদ পড়ার চেষ্টা।
তবে সেনসিটিভিটি রিডাররা যা–ই বলুন না কেন, সংবেদনশীলতার কথা তুলে প্রতিষ্ঠিত লেখকদের লেখায় সম্পাদনার কাঁচি চালানো তাঁদের মূল বয়ানকে যেমন পাল্টে দেয়, তেমনি সেই সময়ের ঐতিহাসিক প্রেক্ষাপটও তো দেয় মুছে। এতে একাধারে পাঠক বঞ্চিত হন লেখার পরিপূর্ণ রস আস্বাদন থেকে আর লেখকের স্বাধীনতা ও লেখার মানের প্রশ্নটিও প্রাসঙ্গিক হয়ে ওঠে বারবার।