নবীন লেখককে সাহস জোগালেন স্টিফেন কিং, মার্গারেট অ্যাটউড ও অন্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেলসি ব্যানিং

প্রথম উপন্যাস অব ক্রাউনস অ্যান্ড লিজেন্ডস-এর প্রকাশ উপলক্ষে একটি বুক-সাইনিং ইভেন্টের আয়োজন করেছিলেন লেখিকা চেলসি ব্যানিং। ওহিওতে অবস্থিত এক গ্রন্থাগারে দর্শক ও পাঠকদের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু দুজন পরিচিত বন্ধু ছাড়া আর কেউ উপস্থিত হননি তাঁর বই স্বাক্ষরের অনুষ্ঠানে। স্বাভাবিকভাবেই মর্মাহত হয়েছিলেন তিনি। পরে সেই দুঃখবোধ ও লজ্জার কথা লিখেওছিলেন টুইটারের এক পোস্টে।

এরপর ঘটল বিস্ময়কর ঘটনা। চেলসি ব্যানিংকে অবাক করে দিয়ে সেই পোস্টের নিচে একই রকম অভিজ্ঞতার কথা জানিয়েছেন স্টিফেন কিং, মার্গারেট অ্যাটউড, নিল গেইম্যানসহ আরও অনেক প্রতিষ্ঠিত লেখক। স্টিফেন কিং লিখেছেন, ‘আমার দ্বিতীয় বই সালেমস লট–এ স্বাক্ষর দেওয়ার অনুষ্ঠানে মাত্র একজনই এসেছিল গ্রন্থাগারে। মোটাসোটা এক ছেলে এসে আমাকে জিজ্ঞেস করল, “নাৎসিবাদের ওপর বই খুঁজছি।

কোথায় পেতে পারি বলতে পারো?”’ অন্যদিকে মার্গারেট অ্যাটউড লিখেছেন, ‘আমাদের এই ক্লাবে তোমাকে স্বাগত। আমার একটা বই স্বাক্ষরের অনুষ্ঠানে কেউই আসেনি। একটা ছেলে এসে মনে করল আমিই দোকানদার এবং স্কচটেপ কিনতে চাইল আমার কাছে।’ 

বিখ্যাত সব লেখকদের কাছ থেকে তাঁদের গল্প জেনে হতাশা তো দূর হয়েছেই, পাশাপাশি দারুণ উৎসাহিত হয়েছেন চেলসি ব্যানিং।

সূত্র : দ্য গার্ডিয়ান

গ্রন্থনা: নাফিস সাদিক