একেই বলে ফলস লেবার পেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ মুজতবা আলী

রসের রাজা সৈয়দ মুজতবা আলী যেমন অন্যকে নিয়ে মজা করতেন, তেমনি নিজেকে নিয়েও রসিকতা করতে কসুর করতেন না।

তিনি তখন শান্তিনিকেতনে থাকেন। একবার একদল ভক্ত তাঁর সঙ্গে দেখা করতে এলে তাঁদের মুজতবা আলী বললেন, ‘শান্তিনিকেতনে এসেছ কী দেখতে? ক্ষিতিমোহনবাবুকে দেখেছ?’ দলের মধ্য থেকে আওয়াজ উঠল, ‘দেখেছি।’ ‘নন্দলাল বসুকে দেখেছ?’ ‘হ্যাঁ, দেখেছি।’ ‘হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে?’ ‘তাঁকেও দেখেছি।’

মুজতবা এবার বলে উঠলেন, ‘ওহ, বাঘ-সিংহ সব দেখে এখন বুঝি খট্টাশটাকে দেখতে এসেছ।’ তাঁর এমন কথায় অভ্যাগতরা বেশ বিপাকেই পড়ে গেলেন। পরক্ষণে তাঁর এই রসিকতা বুঝতে পেরে সবাই না হেসে আর পারলেন না ।

মুজতবা আলীর ব্যক্তিগত চিকিৎসক মহম্মদ আবদুল ওয়ালী একবার কলকাতার নামকরা কলেজের প্রাণিবিদ্যার এক অধ্যাপককে নিয়ে এসেছিলেন তাঁর সঙ্গে পরিচয় করাতে। এ সময় প্রাণিবিদ্যার অধ্যাপককে ভড়কে দিতে মুজতবা আলীর জিজ্ঞাসা, ‘হঠাৎ এখানে এসে হাজির কেন?’ এমন জিজ্ঞাসায় অধ্যাপক বেচারা তো একটু বিভ্রান্তিতেই পড়ে গেলেন। আমতা-আমতা করে জানালেন, পরিচিত হওয়ার আগ্রহে এসেছেন। এবার মুজতবা বলে উঠলেন, ‘না! না! না! আসল মতলবটা হলো, এই চ্যাংড়া অধ্যাপকের রিসার্চ সেন্টারে জন্তু-জানোয়ারের নিশ্চয় কিছু অভাব ঘটেছে। তাই আমাকে দেখতে এসেছে। পছন্দ হয় কি না?’

মুজতবা আলীর ব্যক্তিগত চিকিৎসক এমন অনেক রসিকতার উল্লেখ করেছেন। একবার তাঁরা পুজোর ছুটিতে কোথাও যাচ্ছিলেন। স্টেশনে গিয়ে শুনলেন, ট্রেন আসতে আরও ঘণ্টাখানেক লাগবে। এ সময় মুজতবা প্রস্তাব দিলেন, রেস্তোরাঁয় গিয়ে সময় কাটানো যাক। কিন্তু তাঁরা যখন খেতে বসেছেন, তখনই ট্রেনের হুইসেল শোনা গেল।

অগত্যা ‘ওই বোধ হয় ট্রেন এসেছে’ বলে খাওয়াদাওয়া ফেলে দ্রুত প্ল্যাটফর্মে দৌড়ালেন সবাই। কিন্তু মুজতবা আলী তখনো আরামসে ভূরিভোজ করে যাচ্ছিলেন। ওদিকে সবাই প্ল্যাটফর্মে গিয়ে দেখলেন, স্টেশনে তখন মালগাড়ি ঢুকেছে। এ ঘটনার উল্লেখ করে পরে নিজের ব্যক্তিগত চিকিৎসক মহম্মদ আবদুল ওয়ালীকে মুজতবা আলী জিজ্ঞেস করলেন, ‘ডাক্তারি পরিভাষায় একে কী বলে?’

চিকিৎসক উত্তর দিলেন, ‘জানি না।’ তখন রসিক মুজতবা আলী বললেন, ‘একেই বলে ফলস লেবার পেইন।’

সূত্র: তাপস ভৌমিক সম্পাদিত মজলিসী মুজতবা ও সবিতেন্দ্রনাথের কলেজ স্ট্রীটে সত্তর বছর

●গ্রন্থনা: বাশিরুল আমিন