আমাদের চারপাশে এমন অনেক রহস্যময় ঘটনা ঘটে, হাজার চেষ্টা করেও যার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। যেমন আমজাদ আলী নামের এক ব্যক্তি এক সকালে আবিষ্কার করল, তার হাতের লেখা, ফিঙ্গারপ্রিন্ট, রক্তের গ্রুপ এমনকি ডিএনএ পর্যন্ত পরিবর্তিত হয়ে গেছে। কীভাবে সম্ভব হলো এটা? একটা জলজ্যান্ত রক্ত-মাংসের মানুষ সবার চোখের সামনে থেকেও কীভাবে একদিন ‘নাই’ হয়ে গেল!
‘আমজাদ আলী যেভাবে নাই হয়ে গেল’সহ এ রকম ১০টি রহস্যেঘেরা বৈজ্ঞানিক কল্পগল্পের সংকলন নিয়ে তানজিনা হোসেনের বই কিনাবালুর গান। প্রযুক্তির কল্যাণে বিজ্ঞানীদের নানা দারুণ আবিষ্কার পৃথিবীর জন্য আশীর্বাদ যেমন বয়ে আনছে, তেমনি লোভী ও স্বার্থপর কিছু মানুষ এই সব আবিষ্কারকে নিজের স্বার্থে ব্যবহার করে মানবজাতির ক্ষতির কারণও হয়ে দাঁড়াচ্ছে। ‘কিনাবালুর গান’ গল্পটি তারই প্রমাণ। বাংলাদেশি প্রাণীবিজ্ঞানী নিকিতা এক ইন্দোনেশিয়ান প্রফেসরের আমন্ত্রণে তাঁর গবেষণায় সাহায্য করতে গিয়ে এক ভয়ানক বিপদে পড়ে, কিনাবালু পর্বতের পাদদেশে বসবাসরত আদিবাসী সম্প্রদায়ের এক বিশেষ জেনেটিক বৈশিষ্ট্যের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে আদিবাসী ছেলে সোকুনু আর নিকিতাকে গিনিপিগ হতে বাধ্য করে সেই প্রফেসর। কিন্তু প্রকৃতি রেহাই দেয় না প্রফেসরকে। এভাবেই লাতিন আমেরিকার ইকুয়েডরে পয়জন ডার্ট ফ্রগের ত্বক থেকে মহামূল্যবান বিষ সংগ্রহ করার জন্য লাখ লাখ ব্যাঙকে হত্যা করে পুরো একটা ব্যাঙ প্রজাতিকে নিশ্চিহ্ন করে দিয়েছিল কিছু লোভী পুঁজিবাদী মানুষ আর স্বার্থপর বিজ্ঞানী। বহু বছর পর সেই রহস্যময় বিষাক্ত ব্যাঙ পুনরায় আবির্ভূত হয় মানুষের ওপর প্রতিশোধ নিতে। ‘আশ্চর্য ব্যাঙ’ গল্পে দেখা পাওয়া যায় সেই সবুজ দাঁতওয়ালা বিষাক্ত ব্যাঙের।
তানজিনা হোসেন পেশায় চিকিৎসক। তাঁর চিকিৎসাবিদ্যা আর কল্পনাশক্তির অপূর্ব মিশেলে তৈরি হওয়া প্রতিটি গল্প আদতে কল্পকাহিনি হলেও পড়তে গিয়ে মনে হয়, এ যেন বাস্তব কোনো ঘটনা, আমাদের চোখের সামনেই ঘটে চলেছে। ‘শাহপরীর দ্বীপের দুর্গ’ গল্পের সুমন নামের কিশোর, যাকে কিনা বঙ্গোপসাগর একদিন তার সর্বগ্রাসী স্রোতে ভাসিয়ে নিয়ে গিয়েছিল এক অতল অজানা পৃথিবীতে; গভীর রাতে টেকনাফের সৈকতে সেই সুমন বারবার ফিরে আসে, পর্যকটকদের সঙ্গে সে–ও ঘুরে বেড়ায়, কথা বলে।
আবার ‘জতুগৃহ’ গল্পের জিনিয়া আর ‘রাত দুইটার আগন্তুক’ গল্পের জিনিয়া দুজনই একসুতায় বাঁধা। দুই জিনিয়াই জীবনের সবকিছু হারিয়ে আশ্রয় নেয় ইফতু আর কুসুমের কাছে। জাগতিক পৃথিবীতে এই ইফতু ও কুসুমের অস্তিত্ব না থাকলেও জিনিয়াদের কাছে এরাই তাদের অস্তিত্বের অপর নাম।
৪০০ বছরের পুরোনো এক প্রত্নতাত্ত্বিক পুরাকীর্তির ধ্বংসাবশেষ থেকে এক অদ্ভুত রহস্যময় ভাইরাস এসে অয়ন, রিমি, জিনিয়া, চিকিৎসক ধীমানসহ আরও কয়েকজনকে আক্রান্ত করে মিটিয়ে দেয় তাঁদের মস্তিষ্কের সব স্মৃতি, বিনিময়ে সেখানে প্রতিস্থাপন করে শত বছরের পুরোনো সেই আদিবাসী রাজ্যের পুরাতন স্মৃতি!
‘অন্য জন্ম’ গল্প পড়তে গিয়ে মনে হয়, প্রকৃতি যেন করুণ মিনতি জানিয়ে আমাদের অনুরোধ করছে, ‘আমাকে ধ্বংস কোরো না প্লিজ, আমাকে তুলে নিয়ে ল্যাবরেটরিতে কাটাকুটি কোরো না। আমি আমার জায়গাতেই ঠিক।’
প্রকৃতি আমাদের দিয়েছে অনেক, কিন্তু লোভ ও স্বার্থের তাড়নায় জোর করে প্রকৃতির স্বাভাবিক বৈচিত্র্য কেড়ে নিতে চাইলে তা আমাদের জন্য কাল হয়েও দাঁড়াতে পারে। তানজিনা হোসেনের নতুন বইয়ের গল্পগুলো আমাদের সেই শিক্ষাই দেয়।
কিনাবালুর গান
তানজিনা হোসেন
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা, প্রথম প্রকাশ: জানুয়ারি, ২০২৩, প্রচ্ছদ: মাসুক হেলাল, ১১১ পৃষ্ঠা, দাম: ২৯০ টাকা।
বইটি পাওয়া যাচ্ছে
prothoma.com এবং মানসম্মত
বইয়ের দোকানে।