শহীদজায়ার বই নিয়ে তাঁর সন্তান
মায়ের যুদ্ধদিনের রোজনামচা
শহীদজায়া বেগম মুশতারী শফী ১৯৭১ সালে হারিয়েছেন তাঁর স্বামী ডা. মোহাম্মদ শফীকে। একাত্তরের ৯ মাসই দিনলিপি লিখেছেন তিনি। পরে সেটি বই হিসেবে বের হয়।
একাত্তরের এপ্রিলের প্রথমার্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ধরে নিয়ে যায় আমার বাবা ডা. মোহাম্মদ শফীকে। ৮ এপ্রিল ১৯৭১, চট্টগ্রাম। ভোরবেলায় বাবাকে খুঁজছিলাম। আম্মা আর আপা ‘চুপ… চুপ...’ বলে আমাকে শান্ত করার চেষ্টা করতে করতে বলল, আব্বা একটু পরেই আসবে। এরপর খুব দ্রুত জামা পরানো হলো আমাদের। তখনো বুঝিনি অনেক কিছু। তবে সেই সময় চারপাশের ভয়ার্ত পরিবেশ আমাকে শান্ত ও নিচু স্বরে কথা বলার বিষয়ে সচেতন করেছিল।
আমাকে প্রস্তুত করে আম্মাও তৈরি হলেন। কিন্তু নিজেকে আড়াল করার জন্য একটা বোরখার অভাবে বোধ হয় বেরোতে পারছিলেন না। এমন ত্রস্ত পরিস্থিতিতে মায়ের হাতে যে একটি ডায়েরি ছিল, তা আমার চোখ এড়ায়নি।
সেই ডায়েরিই পরে রূপান্তরিত হয়েছে স্বাধীনতা আমার রক্ত ঝরা দিন শিরোনামের বইয়ে। একাত্তরের ৯ মাসের রক্ত ঝরানো দিনের এই রোজনামচা লিখেছিলেন আমার মা বীর মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফী। সেই বইয়ের পাতায় পাতায় আজও যেন নিজেকে দেখতে পাই আমি!
১৯৭১ সালে যুদ্ধের ৯ মাসজুড়েই খেয়াল করেছি, সবাই যখন অবসরযাপন করত, মা তখন রাত বা দুপুরে বসত ডায়েরি নিয়ে—কখনো ঘরে, কখনো পার্কে, কখনোবা লাইটপোস্টের নিচে—তাঁর ডায়েরি লেখা থামেনি আগরতলা–কলকাতার শরণার্থী–জীবনেও।
ছোটবেলা থেকেই মায়ের ছিল ডায়েরি লেখার অভ্যাস। শুনেছি, বিয়ের পরে তা পাকাপোক্ত করতে সাহায্য করেছেন বাবা। প্রতিদিন বাবা তাঁর ডাক্তারির চেম্বারে মাকে বসিয়ে বলতেন, ‘তুমি লেখো, আমিও আমার হাতের কাজগুলো শেষ করি।’
মায়ের একাত্তরের দিনপঞ্জিটি গ্রন্থাকারে প্রকাশের পর যখন প্রথম পড়লাম, স্মৃতিতে জেগে উঠল আমাদের পলাতক জীবনের প্রথম প্রহর, প্রথম আশ্রয় চৈতন্য গলি—গোরস্তানের লাশ ধোয়া ও রাখার ঘরের কথা। গা ছমছমে সে রাতে সেটি ছিল আমাদের ক্ষণকালের অভয়াশ্রম। মনে পড়ে গেল একটা নির্দেশ, ‘এখানে শুয়ে থাকতে হবে। দাঁড়ালেই সর্বনাশ।’ এরপর ভোরের আলো ফোটার আগেই হেঁটে ছোটা, কখনোবা রিকশায় পালানো। বইটি পড়তে পড়তে আমার মতো একাত্তরের শরণার্থীদের নিশ্চয়ই মনে পড়বে তাঁদের নিরাপদ আশ্রয় খোঁজার মর্মন্তুদ দিনগুলোর কথা। তাই মায়ের এই বই কখনো আমার মনে হয় যুদ্ধসাহিত্য, আবার কখনো ভাবি, এটা তো ইতিহাসের দিনপঞ্জি।
এর পাতায় পাতায় আছে শরণার্থী–জীবনের আশা–নিরাশার কথা। পড়লে এই প্রজন্মের পাঠকেরা বুঝতে পারবেন মুক্তিযুদ্ধে অগণিত মানুষ কেন শরণার্থী হয়েছিল, অনুভব করবেন ৯ মাসের প্রতিটি দিন কীভাবে এ দেশের মানুষ যুদ্ধ করেছে।
সে সময় আমি ছিলাম শিশু শরণার্থী। আমি আর আমার ছোট বোনকে কাঁধে নিয়ে মাইলের পর মাইল হেঁটে চলেছে এক ভাড়া করা রাখাল। একসময় সীমান্তে এসে দাঁড়ালাম আমরা। এরপর আমাদের ছুড়ে দেওয়া হলো সীমান্তের অপর পারে। মাটিতে গড়াগড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম প্রতিবেশী দেশ ভারতে। শরণার্থীশিবিরে লাইনে দাঁড়িয়ে খাবার নিলাম, অনেক দিন পর ধোঁয়া ওঠা ভাতের গন্ধ পেলাম...। স্বাধীনতা আমার রক্ত ঝরা দিন যতবার পড়ি, এসব স্মৃতি মাথার ভেতর ঘাই মারে। প্রশ্ন জাগে, পৃথিবীর সব শরণার্থী শিশুর অভিজ্ঞতা কি এক! আমারই মতো?
এই দিনলিপিতে সত্য বয়ান আছে, আছে অনন্যসাধারণ অসাম্প্রদায়িকতার স্মৃতিচিহ্ন। ‘তোমরা তো কুলীন। আমাদের ছোঁয়াছুঁয়ি খাবে না জানি, দুটো চাল ধুয়ে দিই, তোমরা রেঁধে খাও মা, মুখখানা যে তোমাদের শুকিয়ে গেছে।’ আমার লেখক মা আরও বর্ণনা করলেন, ‘আজ আমাদের মাঝে নেই কোনো ধর্মীয় ভেদাভেদ, আজ এই মুহূর্তে আমাদের উভয়ের মনে যে যপ বোধ জেগেছে, তা হলো জাতীয়তাবোধ। সাড়ে সাত কোটি বাঙালি আজ জেগেছে মাতৃভূমিকে মুক্ত করে নেবে...মুক্ত করবে বাংলাদেশকে।’
মায়ের বইটি শেষ হয় আমাদের পরিবারের সর্বস্ব হারানোর শূন্যতার বিবরণ দিয়ে, তিনি লিখেছেন, ‘ধীর পায়ে ঢুকলাম ঘরে। এ কী! সারা বাড়ি আমার শূন্য, খাঁ খাঁ করছে কেন? নেই নেই আমার কেউ নাই, কিছু নাই, পায়ের তলায় মাটি এখন কাঁপছে।’
মায়ের এই বই পড়লে এখনো মনে হয়, এক শরণার্থী শিশুকে, যে ভয়ে ভয়ে সবকিছু দেখছে!