দারিউস খুন হয়ে যান, আমরা তড়পাই

ইরানের নিউ ওয়েভ চলচ্চিত্র আন্দোলনের পুরোধা দারিউস মেহেরজুই ও তাঁর স্ত্রী ভাহিদিয়া মোহাম্মাদি সম্প্রতি গুপ্তহত্যার িশকার হয়েছেন। প্রখ্যাত এই চলচ্চিত্র নির্মাতার প্রতি শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানি পরিচালক দারিউস মেহেরজুই
ছবি: আইএমডিবি

১৪ জানুয়ারি ২০১২। শনিবার। ঘনায়মান সন্ধ্যায় মিটিমিটি আলো জ্বলছিল রাজধানীর শাহবাগে, সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অস্থায়ী ক্যাম্প ছাউনিতে এসে দাঁড়ালেন দারিউস মেহেরজুই। ইরানি নিউ ওয়েভ চলচ্চিত্র আন্দোলনের মহান সূচনাকারী। আমি তখন তাঁর সাক্ষাৎকার নেওয়ার অপেক্ষায়।

সত্তরছোঁয়া দারিউসের চশমার কাচ ভেদ করে উঁকি দিচ্ছিল দেদীপ্যমান দৃষ্টি। এই মাস্টার চলচ্চিত্র নির্মাতার সঙ্গে ছিলেন মধ্যবয়সী এক নারী। অনুমানে বুঝে নিয়েছিলাম, তাঁর স্ত্রী ভাহিদেহ মোহাম্মদিফার।

‘আরে আহাম্মকের দল, কাকে মেরে ফেললে তোমরা? দারিউস একজনই; বারবার আসবেন না!’

দারিউসের ফারসি উচ্চারণমিশ্রিত ইংরেজির সঙ্গে আমার ভাঙা ভাঙা ইংরেজিতে আলাপ জমাতে শুরুতে খানিকটা থতমত খেতে হলো। তবে সেই আলাপে স্বতঃস্ফূর্ততা আসতে, ভাষার প্রাচীর ডিঙিয়ে যেতে সময় লাগেনি খুব বেশি। মূলত যখন তাঁর চলচ্চিত্র জগতে ছড়িয়ে থাকা প্রভাবগুলোর কথা জানতে চাইলাম, কৌতূহলী হয়ে উঠলেন। বারবার বলতে লাগলেন, ‘তুমি এই সিনেমা দেখেছ? ওই সিনেমাও? কীভাবে দেখলে!’ মুচকি হেসে বুঝিয়েছিলাম, ঢাকা শহরে আমরা যারা চলতি শতকের প্রথম দশকে কৈশোর কাটিয়েছি, আরও অনেক কিছুর পাশাপাশি চলচ্চিত্রেরও উন্মাদনা নিয়ে, তাদের জন্য রাইফেলস স্কয়ার (বর্তমানে সীমান্ত স্কয়ার), আজিজ সুপার মার্কেট প্রভৃতি স্থানের সিডি-ডিভিডির দোকানগুলো ছিল মনমতো শস্য খুঁজে নেওয়ার দারুণ সব উৎস। পরবর্তীকালে অন্তর্জাল সহজলভ্য হলে নানাবিধ ওয়েব সূত্র থেকে নামিয়ে দেখা বেড়ে গিয়েছিল। বলা বাহুল্য, সেগুলো ‘অবৈধ’ পন্থায়ই! ওভাবেই তাঁর বেশ কিছু চলচ্চিত্র ইতিমধ্যেই দেখা ছিল আমার। এমন তথ্য জেনে তিনি একটি জেনুইন ওয়েবসাইটের খোঁজ দিয়েছিলেন, যেখান থেকে তাঁর চলচ্চিত্রগুলো দেখা সম্ভব; অবশ্যই অর্থ খরচ করে। আরও বলেছিলেন, পাইরেটেড কিংবা যে রূপেই হোক, চলচ্চিত্রের আসলে ছড়িয়ে পড়াই ভালো।

কোলাহলপূর্ণ চত্বরে চলা সেই আলাপনে দারিউস জানিয়েছিলেন চলচ্চিত্রের প্রতি তাঁর আগ্রহ জন্মানোর কথা। বলেছিলেন, খুব অল্প বয়সেই শিল্প-সাহিত্যের বিভিন্ন বিষয়ের প্রতি কৌতূহলী হয়ে ওঠেন তিনি। ওই সময় তাঁর দেখা বেশির ভাগই ছিল আমেরিকান চলচ্চিত্র। সেগুলো ভালোভাবে বোঝার জন্য শিখে নিয়েছিলেন ইংরেজি। তবে তাঁকে প্রথমবার সবচেয়ে বেশি চমকে দিয়েছিল ইতালিয়ান চলচ্চিত্র, ভিত্তোরিও দে সিকার দ্য বাইসাইকেল থিফ। চলচ্চিত্র নির্মাণের পাঠ নিতে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। সেখানে শিক্ষক হিসেবে পেয়েছিলেন ফরাসি মাস্টার চলচ্চিত্র নির্মাতা জ্যঁ রেনোয়াকে। অবশ্য প্রাতিষ্ঠানিক পড়াশোনার বিষয় হিসেবে একসময় চলচ্চিত্র নির্মাণ পাল্টে মূল বিষয় হিসেবে বেছে নিয়েছিলেন দর্শনকে। তাই বলে চলচ্চিত্র নির্মাতা হওয়ার স্বপ্ন ছাড়েননি। এমনকি চাননি প্রবাসে ক্যারিয়ার গড়তে, বরং পড়া শেষে ফিরে গিয়েছিলেন ইরানে।

দারিউস প্রথম ফিচার ফিল্ম বানিয়েছেন ১৯৬৬ সালে। ডায়মন্ড ৩৩ শিরোনামেই চলচ্চিত্রটি মূলত জেমস বন্ডের একটি প্যারোডি। নির্মাতা হিসেবে পায়ের নিচের মাটি একটু শক্ত করতেই এমন পদক্ষেপ। এরপরই দেখিয়েছেন আপন মহিমা। বানিয়েছেন কিংবদন্তিতুল্য দ্য কাউ (১৯৬৯)। ইতালিয়ান নিওরিয়্যালিজম প্রভাবিত ছবি। তবু প্রকৃত পারস্যের গন্ধমাখা। যে চলচ্চিত্রের ছোঁয়া ইরানে একদল স্বপ্নবাজ নির্মাতাকে দিয়েছিল চলচ্চিত্রের রাস্তায় নিজস্ব পথ ও আত্মপরিচয় খুঁজে নেওয়ার স্পৃহা। যার ফলে চলচ্চিত্রের দুনিয়া পেয়েছে ‘ইরানি নিউ ওয়েভ’ নামে এক মাটিগন্ধি চলচ্চিত্র বিপ্লবের দেখা। শাহবাগের সেই আলাপনে দারিউস বলেছিলেন, ‘আমি আমার স্বপ্নের মতো একটা চলচ্চিত্র বানাতেই চেয়েছি শুধু; দেখাতে চেয়েছি, ডায়মন্ড ৩৩ নয়, দ্য কাউই দারিউস মেহেরজুইয়ের প্রকৃত চলচ্চিত্র। এটা কোনো নতুন ধারা সৃষ্টি করতে পারে কি না, অত ভাবিনি।’

আরও বলেছিলেন, ‘কবি যেভাবে কবিতার বিষয়বস্তু বা অনুভূতি ধারণ করেন, শিল্পী যেভাবে ঠিক করে নেন তাঁর চিত্রকর্মের বিষয়বস্তু, একজন চলচ্চিত্র নির্মাতাও তেমনিভাবে ধারণ করে নেন তাঁর চলচ্চিত্রের গল্প। তবে সাহিত্যের প্রতি প্রবল অনুরাগ থাকার কারণে আমি দেশি কিংবা বিদেশি উপন্যাস থেকে গল্প বেছে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এ ক্ষেত্রে গল্পটিকে অবশ্যই নিজে ধারণ করে নিই। করে নিই বাস্তবঘেঁষা। জানেন তো, তেহরানের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম আমার। ফলে অহেতুক কল্পনার জোরে নিম্নবিত্ত জীবনের গল্প বাছাই করার প্রতি আমার আগ্রহ নেই।’

আলাপ জমে উঠলেও দীর্ঘ করা কিংবা আরও গভীরে যাওয়া যায়নি চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময়সীমার কারণে। তাই ঝটপট সমাপ্তি টানতে গিয়ে জানতে চেয়েছিলাম, বাংলা চলচ্চিত্র আদৌ তিনি দেখেছেন কি না। দুঃখ প্রকাশ করে বলেছিলেন, সত্যজিৎ রায় ছাড়া আর কারও বানানো বাংলাভাষার চলচ্চিত্র তাঁর দেখা হয়নি। তবে সত্যজিতের সব চলচ্চিত্রই দেখেছেন; এমনকি দুজনের দেখাও হয়েছিল বেশ আগে, ভারতে, এক চলচ্চিত্র উৎসবে।

চলচ্চিত্রের ইতিহাসে দ্য কাউ ও দারিউস মেহেরজুই একাকার হয়ে আছেন। পরে তাঁর মি. নেইভ (১৯৭১), দ্য পোস্টম্যান (১৯৭২) ও দ্য সাইকেলও (১৯৭৫) নিউ ওয়েভকে উসকে দিতে ভূমিকা রেখেছিল। এসব মাস্টারপিস চলচ্চিত্র শুধু একটি নতুন ফিল্মি স্বরের আবির্ভাবের সংকেতই দিচ্ছিল না, বরং এমন এক স্বপ্নদ্রষ্টার আগমনী বার্তাও জানান দিচ্ছিল, ইরানি চলচ্চিত্রকে যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বমহিমায় উদ্ভাসিত করার সামর্থ্য রাখেন। তাঁর নিগূঢ় গল্প বলা এবং অনন্যসাধারণ নির্দেশনার ধরন তাঁকে কালের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের অন্যতম করে তুলেছিল। অবশ্য, তর্ক সাপেক্ষে ইরানি নিউ ওয়েভের শ্রেষ্ঠ নির্মাতা আব্বাস কিয়ারোস্তামি যেমনটা মনে করতেন, কোনো বৃক্ষকে নিজের মাটি থেকে তুলে নিয়ে অন্য কোথাও রোপণ করলে সেই বৃক্ষ কিছুতেই তার প্রকৃত ফল দেবে না, দারিউসেরও ছিল অভিন্ন ভাবনা। তাই ইরানের বাইরে ক্যারিয়ার গড়ার কথা ভাবতেন না তিনি। তবু ১৯৭৮ সালে ইসলামি বিপ্লবের পর আরও অনেক সৃজনশীল ইরানির মতো বাধ্য হয়েছিলেন দেশ ছাড়তে। ফ্রান্সে নিয়েছিলেন আশ্রয়। কিন্তু সাত বছরের বেশি বিদেশে টিকতে পারেননি। মৃত্যুঝুঁকি মাথায় নিয়েই ফিরেছিলেন দেশে। একে একে বানিয়েছেন দ্য লজারস (১৯৮৭), হামুন (১৯৮৮), দ্য লেডি (১৯৯১), লায়লা (১৯৯৬), দ্য পিয়ার ট্রি (১৯৯৮), টু স্টে অ্যালাইভ (২০০২), সান্তুরি (২০০৭), আ মাইনর (২০২২) প্রভৃতি চলচ্চিত্র।

দ্য কাউ-এর গল্প মধ্যবয়সী হাসান ও তার পোষা গাভির। প্রান্তিক এক জনপদের, যেখানে গাভিটি খুন হয়ে গেলে সেই খবর হাসানের কাছে চাপা রাখতে উদগ্রীব হয়ে ওঠে পুরো গ্রামবাসী। কিন্তু তা ফাঁস হয়ে যায় একসময়। হাসান তা বিশ্বাস না করে নিজেকেই একসময় ভাবতে থাকে সেই গাভি। আর তড়পাতে থাকে নিরন্তর। হাসানকে সুস্থ করে তুলতে, সান্ত্বনা ও সঙ্গ দিতে পুরো গ্রামবাসী একাত্ম হয়ে ওঠে ঠিকই; কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায় না তাকে। তাদের তড়পানো থামে না। দারিউসের এই মহাকাব্যিক চলচ্চিত্রের ঘোরে যাঁরা আচ্ছন্ন, তাঁদের জন্য তার মৃত্যুসংবাদও নিরন্তর তড়পানোর আবহ ফিরিয়ে এনেছে। ১৪ অক্টোবর ২০২৩, তেহরান থেকে বেশ দূরে, নিজ বাড়িতে সস্ত্রীক খুন হয়েগেছেন এই মাস্টার চলচ্চিত্র নির্মাতা। তাঁর গলায় বসানো ছুরির প্রতিটি আঘাতের সময়, অনুমান করি, দ্য কাউ-এর হাসানের মতোই তড়পেছেন তিনি। আর এখন আমরা তড়পাচ্ছি সেই গ্রামবাসীর মতো, যাঁরা হাসানকে ভালোবাসতেন, যাঁরা দারিউস মেহেরজুইকে ভীষণ আপন ভাবি!

মনে পড়ে, ২০১৬ সালের জুলাইয়ে কিয়ারোস্তামি যখন মারা গেলেন, কী নিদারুণ তড়পেছিলেন দারিউস মেহেরজুই! কিয়ারোস্তামির মৃতদেহ যেদিন তেহরানে ফিরল, সেই শহরের এক সাংস্কৃতিক কেন্দ্রের প্রাঙ্গণে মোমবাতি হাতে আরও অনেকের সঙ্গে নির্ঘুম রাত কাটিয়েছিলেন তিনি। আর গণমাধ্যমে বারবার উগরে দিচ্ছিলেন ক্ষোভ। শাসকগোষ্ঠীকে অভিযুক্ত করছিলেন কিয়ারোস্তামিকে যথাযোগ্য চিকিৎসাসেবা না দেওয়ার দায়ে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোয় প্রকাশ পাওয়া তাঁর সেসব তড়পানিযুক্ত বিবৃতির ভাষান্তর হতে পারে এ রকম—‘আরে আহাম্মকের দল, কাকে মেরে ফেললে তোমরা? কিয়ারোস্তামি একজনই; বারবার আসবে না!’ আততায়ীদের বলি, ‘আরে আহাম্মকের দল, কাকে মেরে ফেললে তোমরা? দারিউস একজনই; বারবার আসবেন না!’