কেন ১৩ সংখ্যা ভয় পান স্টিফেন কিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিফেন কিং

তাঁকে আধুনিক হরর লেখকদের ‘গডফাদার’ও বলা হয়। অনেকেই মনে করেন, সাহিত্যের অন্ধকার জগৎটাকে বড় ভালোবাসেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রবল জনপ্রিয় লেখক স্টিফেন কিংয়ের কথা বলা হচ্ছে। সবাই জানেন, সবচেয়ে জনপ্রিয় ও সফল মার্কিন লেখক হিসেবে স্টিফেন কিং কোনো কিছুতেই ভয় পান না। কিন্তু ১৯৮৪ সালে তিনিই বলেছিলেন, ‘১৩ সংখ্যাটিকে আমি প্রচণ্ড ভয় পাই।’

কেন এমনটি বলেছিলেন স্টিফেন কিং, ‘আনলাকি থার্টিন’–এর সংস্কার মেনে?

এখন পর্যন্ত যে লেখকের বইয়ের সংখ্যা ২৬০–এর বেশি, সারা বিশ্বে যাঁর বই বিক্রি হয় ৩৫০ মিলিয়নের বেশি এবং প্রতিবছর যিনি একটি করে বই প্রকাশ করে চলেছেন, তিনি কি আসলেই ‘আনলাকি থার্টিন’ বিশ্বাস করেন?

প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যাচ্ছে চমকপ্রদ কিছু তথ্য: ১৩ সংখ্যাটি ভয়ের (আকা, ট্রাইসকাইডিকাফোবিয়া) কারণে শারীরিক কিছু সমস্যা হতে পারে, যেমন প্যানিক অ্যাটাক। এই সমস্যা হয় আমেরিকার ১০ শতাংশ মানুষের। তবে স্টিফেন কিং এই বিষয়কে অব্যবহারিক উপায়ে সমাধান করার চেষ্টা করেছেন। যেমন সিঁড়ির ১৩টি ধাপ ওঠার জন্য তিনি ব্যবহার করেন ১২ ধাপ; বই পড়ার ক্ষেত্রে থামেন না ৯৪, ১৯৩, ৩৮২ নম্বর পৃষ্ঠায়, কারণ এই অঙ্কগুলো যোগ করলে হয় ১৩।

যে বছর শুক্রবারে ১৩ তারিখটি তিনবার হয়, সেই বছরকেও খুব ভয় পান কিং। সময়টা আরও ভয়ানক হয়, যখন সেই দিনটি থেকে ১৩ দিন বাকি থাকে। ১৯৮৪ সালে, এ রকম একবছরে তিনি জানিয়েছিলেন, তিনি খুব ভীত। কারণ, তাঁর বিয়ের ১৩ বছর হয়েছে, তাঁর মেয়ের বয়স ১৩ এবং তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যাও ১৩।

স্টিফেন কিংয়ের মতো আপনারাও কি ১৩ সংখ্যাটি ভয় পান?

● গ্রন্থনা: হুমায়ূন শফিক

সূত্র: লিস্টভার্স ডটকম