বইয়ের দুনিয়া
ইতিহাসের পথ মসৃণ নয়। বাংলাদেশের জন্ম যে প্রতিশ্রুতি নিয়ে হয়েছিল, সে পথে বন্ধুরতা এসেছে। একাত্তর থেকে পঁচাত্তরে এসে বাঁকবদল ঘটেছে ইতিহাসের। গণমানুষের সংগ্রামের পরিবর্তে নির্ণায়ক শক্তি হয়ে গেছে অভ্যুত্থানের পর অভ্যুত্থান। রাজনীতিতে আবিভূর্ত হয়েছে সামরিক বাহিনী। এ বইয়ে লেখক তুলে ধরেছেন সেই পালাবদলের বৃত্তান্ত, করেছেন একাত্তরের একাধিক বিষয়ের পুনর্মূল্যায়ন। পাশাপাশি লেখক পঁচাত্তরের ঘটনাবহুল সময়ের কুশীলব, এর শিকার আর পেছনের নিয়ামকগুলোর কাছে ফিরে গেছেন।
একাত্তর ও পঁচাত্তর: ইতিহাসের বাঁকবদল
মহিউদ্দিন আহমদ
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: অক্টোবর ২০২২
দাম: ৩০০ টাকা।
দুই খণ্ডে সম্পূর্ণ এই বইয়ে ১৯৪৭ থেকে ১৯৭১ কালপর্বের পূর্ব পাকিস্তানের মৌলিক সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্রমবিকাশের তথ্যনিষ্ঠ এবং বিশ্লেষণাত্মক ইতিহাস বিধৃত হয়েছে, যার মধ্যে এই প্রথম খণ্ডে ১৯৪৭ সালের দেশভাগের পর থেকে ১৯৫৮ সালে আইয়ুব খানের ক্ষমতা দখল ও সামরিক শাসন জারির পর্যায়ক্রমিক ইতিহাস তুলে ধরা হয়েছে। বিবৃত হয়েছে পাকিস্তানের শাসক শ্রেণির শোষণ, নির্যাতন আর কেন্দ্রীয় সরকারের জাতিগত নিপীড়ন, আঞ্চলিক বৈষম্যনীতি, বাংলা ভাষা নিয়ে ষড়যন্ত্র ইত্যাদির বিরুদ্ধে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের প্রকৃত ইতিহাস।
বাংলাদেশের অভ্যুদয়: পূর্ব পাকিস্তানের ইতিহাস (প্রথম খণ্ড)
বদরুদ্দীন উমর
প্রকাশক: বাতিঘর, ঢাকা
প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২২
দাম: ১০০০ টাকা।
এই কাব্যগ্রন্থের কবিতাগুলোয় ধরা পড়েছে এক অস্থির সময়ের বৃত্তান্ত। নামকবিতায় কবির ভাষ্য, ‘ফুলেরাও আর, নয় কবিতার, ফিলহাল শুয়ে থাকে, লাশেদের পাশে।’ তবে তরুণ এই কবির কবিতায় শুধু সময়ের বিক্ষেপ হয়, একে একে এসেছে প্রেম, কাম, নাগরিকতাসহ বিচিত্র বিষয়। পাশাপাশি এ কবিতার বইয়ে ভাস্বর হয়েছে আত্মপীড়নের কথকতাও।
হাওয়া গুমসুম, ফুটো না কুসুম
আবির আবরাজ
প্রকাশক: বৈভব, ঢাকা
প্রকাশকাল: অক্টোবর ২০২২
দাম: ২২৫ টাকা।