ফুটবলের বিশ্বায়ন ও পপ-সংস্কৃতি
গোলের খেলা ফুটবল মাঠ থেকে কীভাবে পপ–সংস্কৃতির অংশ হয়ে উঠল, কীভাবে ঘটল এর বিশ্বায়ন? বিশ্বকাপ ফুটবলের জমজমাট সময়ে জানা যাক সেই ইতিবৃত্ত
বক্স অঞ্চলের একটি ক্লাব ওয়েলস কোচের অধীনে ডাচ ও তুর্কি খেলোয়াড়দের মাঠে নামাচ্ছে। অন্যদিকে মলডাভিয়ান একটি ক্লাব কিনে নিয়ে আসছে নাইজেরিয়ার খেলোয়াড়দের। আপনি যেখানেই তাকান, হঠাৎ আপনার মনে হবে, ফুটবল–ইতিহাসের
ডাস্টবিনে জাতীয়তাবাদী সীমানা ও পরিচয় ভেসে গেছে—ফুটবল গবেষক ফ্রাঙ্কলিন ফয়ের তাঁর লেখা হাউ সকার এক্সপ্লেইন দ্য ওয়ার্ল্ড বইয়ে ফুটবলের বিশ্বায়নকে এভাবেই সংজ্ঞায়িত করতে চেয়েছেন।
ফুটবলের বৈশ্বিক হয়ে ওঠার গল্পটা আরব্য রজনীর এক রাতের কিচ্ছা নয়। বেশ খাড়া পথে বেয়েই এ খেলাকে পৌঁছাতে হয়েছে আজকের অবস্থানে। বেশি দিন আগের কথা নয়, যখন ফুটবল থেকে অভিজাত ব্যক্তিরা নিজেদের গা বাঁচিয়ে চলতেন, এই তো ১৯৮৫ সালের দিকেও এই খেলাকে কাদামাটির খেলা বলে ডাকতেন অনেক ইংরেজ। একই বছর ইংল্যান্ডের দুটি স্টেডিয়ামে বড় দুর্ঘটনার পর সানডে টাইমস ফুটবল সম্পর্কে লিখেছিল, ‘এটি বস্তির খেলা, যা বস্তির স্টেডিয়ামে খেলা হয়; এটি দেখেও বস্তির মানুষেরা।’
ব্যাখ্যাটি অবশ্য পুরোপুরি ভুলও নয়। ফুটবলের ইতিহাসের দিকে ফিরে তাকালে দেখা যাবে, ইতিহাসের সেরা ফুটবলারদের বেশির ভাগেরই উত্থানই বস্তি বা গলিঘুপচি থেকে।
দারিদ্র ও বঞ্চনাকে ভুলে থাকতেই পায়ে ফুটবল জড়িয়ে নিয়েছিলেন তাঁরা। পেলে, ম্যারাডোনা, গারিঞ্চা—নামগুলোর দিকে তাকালেই বিষয়টি স্পষ্ট হবে। বস্তি থেকে উঠে এসে এসব তারকা ফুটবলার এখন ইতিহাসের রাজপথে নিজেদের জায়গা করে নিয়েছেন। আবার ফুটবলকে ঘিরে দাঙ্গা–হাঙ্গামা এবং দুর্ঘটনা ঘটার বিষয়গুলোও মিথ্যে নয়। তবে এসবও খেলাটির বিস্তৃতিকে আটকাতে পারেনি। কারণ ফুটবল নিজেই দারুণ গতিময় ও সদা চঞ্চল।
এই খেলা কখনো নিজেই নিজের সীমানা ভেঙে ঢুকে পড়েছে অন্যদের জগতে, কখনো বা এর আকর্ষণে বাকিরা নিজ থেকে এসে মিশেছে ফুটবলের সঙ্গে। এটি কখনো হয়েছে শাসকের হাতিয়ার, কখনো শোষিতের। এমন বর্ণিল চরিত্রের কারণেই ১৯৭০ দশকের শেষ এবং আশির দশকের শুরু থেকে ‘পপ কালচার’ বা পপ–সংস্কৃতিতে বিশেষ জায়গা করে নেয় ফুটবল। খেলাটি একদিকে যেমন নিজেই স্বতন্ত্র পপ-সংস্কৃতি হয়ে উঠেছে, তেমনি পপ–সংস্কৃতির ভেতরও মিশে গেছে বিচিত্র প্রক্রিয়ায়। বিশেষত আশি ও নব্বই দশকের পরবর্তী সময়ে টেলিভিশন, আকাশ সংস্কৃতি এবং একবিংশ শতাব্দীতে অন্তর্জালের বিকাশ ফুটবলকে খেলার মাঠ থেকে মানুষের ড্রয়িংরুমে পৌঁছে দিয়েছে। তাই বুয়েনস এইরেসের গলি থেকে ঢাকাই তরুণের শোবার ঘরে পোস্টার হয়ে জায়গা করে নিয়েছেন ম্যারাডোনা–ক্রুইফরা। জর্জ বেস্ট হয়ে উঠেছেন সিনেমার নায়কের চেয়ে বেশি জনপ্রিয়। একই সঙ্গে সংগীত, চলচ্চিত্র, ফ্যাশনসহ মানুষের দৈনন্দিন আচারকে ব্যাপকভাবে প্রভাবিত করতে শুরু করছে গোলকেন্দ্রিক এই খেলা।
স্লোগান ও গান—ফুটবল মাঠের দুই প্রধান অনুষঙ্গ। পাড়ার মাঠ থেকে শুরু করে বিশ্বের যেকোনো প্রান্তের স্টেডিয়ামেই এ দুই বিষয়কে পাওয়া যাবে। আদতে সংগীতের সঙ্গে ফুটবলের সম্পর্ক একেবারে নতুন কিছু্ও নয়। প্রথম থেকেই থেকেই এটি ছিল।
পরে দুই অংশের মিথস্ক্রিয়া আরও সংগঠিত ও প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। ১৮৯৪ সালে ব্রিটিশ সাপ্তাহিক বাথ কনিকল–এ খেলার ওপর লেখা একটি গান নিয়ে নিবন্ধ প্রকাশিত হয়। সেই গানে ফুটবলের কথাও ছিল। সে সময় ফুটবলের ভক্তরাই মূলত গান লিখে পত্রিকা অফিসগুলোয় পাঠাতেন। এভাবে ফুটবলাররা সাধারণ খেলোয়াড় থেকে বড় কিছু হয়ে উঠতে থাকেন।
‘পেশাদার ফুটবল, যা এখন সবচেয়ে লাভজনক প্রদর্শনশিল্প, যার সব কাজ কেবল অর্থলাভের উদ্দেশ্যে। তবু এটা এখনো সর্বজনীন আবেগের বিষয়।’ এদুয়ার্দো গালেয়ানোর এই কথা ধরে বলা যায়, অর্থ আর আবেগের যুগলবন্দীতে ফুটবলাররা ধীরে ধীরে যখন জনপ্রিয় ও তারকা হয়ে উঠতে থাকলেন, তখন তাঁদের নিয়ে গান লিখতে শুরু করেন ভক্ত ও সমর্থকেরা; প্রচলিত গানকে নিজের মতো করে রূপ দিয়ে গাইতে শুরু করেন তাঁরা। অনেক সময় এসব গান বিবর্তিত হয়ে ক্লাবগুলোর নিজস্ব সংগীত হিসেবে পরিচিতি পেয়েছে। মূলত ষাটের দশকের পর থেকেই ফুটবল ও সংগীতের যুগলবন্দী ধীরে ধীরে জমতে শুরু করে। ১৯৬২ সালের বিশ্বকাপে যে গান বাঁধা হয়, তা অফিশিয়াল সংগীত ছিল না। ব্রডকাস্টার থিম মিউজিকের প্রচলন শুরু হয় এর ঠিক চার বছর বাদে, বিবিসির মাধ্যমে ১৯৬৬ সালে। আর ফিফার অফিশিয়াল গানের প্রচলন হয় ১৯৯০ সালে। এসব গানের ভেতর দিয়ে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়তে শুরু করে ভিন্নভাবে, বিচিত্র মাত্রায়। এর মধ্যে কিছু কিছু গান শুধু ফুটবলেই আটকে থাকেনি। যেমন ২০১০ সালে পপ তারকা সাকিরার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ এখনো সমান জনপ্রিয়। এসব গান কেবল সুর ও তালের মূর্ছনাতেই সীমাবদ্ধ নয়, বরং বিশ্বকাপের আয়োজক দেশগুলোর আচার, সংস্কৃতি আর উদ্যমকেও ছড়িয়ে দিয়েছে বিশ্বময়।
আদতে ফুটবল নিজেই একটা সাংগীতিক বিষয়। সংগীতের মতো এটিও প্রচণ্ডভাবে শরীরী ব্যাপার। ফলে সুর–তালের দ্যোতনা ফুটবলের মাঠে গুরুত্বপূর্ণ হয়ে পপ-সংস্কৃতিতেও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে। এ প্রসঙ্গে এখানে নৃত্যের কথাও বলতে হয়। ব্রাজিলের সাম্বা নাচ যেমন ‘জোগো বনিতো’ হয়ে মাঠে প্রস্ফুটিত হয়েছে বারবার, একইভাবে আর্জেন্টাইনরা ট্যাঙ্গো নৃত্যকে আত্তীকরণ করেছেন। দৃষ্টান্তস্বরূপ ব্রাজিল কোচ তিতের কথা বলা যায়। গোল উদ্যাপনের সময়ের নাচ নিয়ে তাঁর ভাষ্য, ‘সবারই নিজদের ধারা আছে, আমাদের ধারা হচ্ছে নাচ।’
শুধু ব্রাজিল–আর্জেন্টিনায় নয়, পৃথিবীব্যাপী দেশগুলো ফুটবলকে নিজেদের ভাষা ও আত্মপরিয়ের মধ্য দিয়ে আলাদাভাবে চিহ্নিত করেছে। নিজস্ব সাংস্কৃতিক অনুষঙ্গের ভেতর দিয়ে অন্যতর মাত্রা দেওয়ার চেষ্টা করেছে খেলাটিকে। এগুলো ফুটবলকে বৈচিত্র্যময় করে তোলার পাশাপাশি বৈশ্বিক হয়ে ওঠার ক্ষেত্রেও বড় ধরনের প্রণোদনা দিয়েছে। লিভারপুল সমর্থকেরা যখন অ্যানফিল্ড উন্মাতাল করে ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’ গেয়ে ওঠেন কিংবা ইংল্যান্ড যখন প্রতিবার বিশ্বকাপ-ইউরোর আগে ‘ইটস কামিং হোম’–এর সুরে মেতে ওঠে, তা নিছক কোনো গান হয়ে হয়ে থাকে না; সমর্থকদের জন্য এসব গানের কথা ও গান হয়ে ওঠে তাঁদের আকাঙ্ক্ষা আর ভালোবাসার প্রতীক, যা ফুটবলের গণ্ডি পেরিয়ে আরও বড় অনুপ্রেরণা হয়ে হাজির থাকে। কেবল সমর্থকেরাই যে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন, এমন নয়। বিভিন্ন সময় ফুটবলাররাও এর সঙ্গে যুক্ত ছিলেন। যেমন ১৯৭০ সালের বিশ্বকাপের আগে ইংল্যান্ডের খেলোয়াড়দের দিয়েই রেকর্ড করা হয়েছিল ‘ব্যাক হোম’ গানটি, যা সে সময় তিন সপ্তাহ ধরে শীর্ষে অবস্থান করেছিল। আর চলতি বিশ্বকাপে ফুটবল ও সংগীত কীভাবে একে অপরের সঙ্গে মিথস্ক্রিয়া করছে, তা একটি তথ্যেই বোঝা যাবে: অংশগ্রহণকারী প্রতিটি দল গোল করার পর কোন গানটি বাজবে, তা–ও তারা এবার বাছাই করে নেওয়ার সুযোগ পেয়েছে। বিশ্বায়নের এই যুগে ফুটবল আর পপ–সংস্কৃতি যে অবিচ্ছেদ্য হয়ে উঠেছে, খেলার সঙ্গে সংগীতের তুমুল যূথবদ্ধতাই তার বড় প্রমাণ।
কেবল সংগীতের সঙ্গেই নয়, ফুটবল বিস্তৃত হয়েছে সংস্কৃতির আরও আরও পরিসরেও। ওটিটি প্ল্যাটফর্মের বাস্তবতায় সিনেমার বিশ্বায়ন এখন ভিন্ন এক রূপ পরিগ্রহ করেছে। সিনেমা আজকাল যতটা পর্দায় দেখার, ততটা টেলিভিশনেও। অবশ্য চাইলে নিজের ড্রয়িংরুমকেও এখন একটা ছোটখাটো সিনেমা হল বানিয়ে ফেলা সম্ভব। ফলে কনটেন্ট তৈরির ক্ষেত্রে এখন পাওয়া যাচ্ছে অবারিত স্বাধীনতা। আর এই কনটেন্টের ক্ষেত্রে খেলাধুলা তথা ফুটবল বড় একটি অংশ নিয়ে হাজির হয়েছে। ফুটবলারদের জীবনীভিত্তিক ফিকশন বা ডকু–ফিকশন নির্মাণের ধারাটি বেশ পুরোনো।
সেই ১৯৩৯ সালেই ফুটবলকে কেন্দ্র করে দ্য আর্সেনাল স্টেডিয়াম মিস্ট্রির মতো সিনেমা বানানো হয়েছিল। শুধু কিংবদন্তি পেলেকে নিয়েই তৈরি হয়েছে অসংখ্য সিনেমা। প্রখ্যাত সার্বিয়ান চলচ্চিত্র নির্মাতা এমির কুস্তোরিকা ম্যারাডোনাকে নিয়ে দারুণ একটি ডকু–ফিকশন বানিয়েছেন। ম্যারাডোনার সঙ্গে বন্ধুত্বের কারণে কুস্তোরিকা এই তারকার জীবনের অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন।
এভাবে সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে মিলেমিশে ফুটবলের বিশ্বায়ন ও পপ–সংস্কৃতির অংশ হয়ে ওঠার প্রক্রিয়ার সঙ্গে বলিষ্ঠভাবে যোগ রয়েছে অর্থনীতির। ফুটবলাররা যত তারকা হয়ে উঠেছেন, করপোরেট পুঁজিও দারুণভাবে লুফে নিয়েছে তাঁদের। যে কারণে ফুটবলাররা একসময় শুধু আর খেলোয়াড় থাকেননি, হয়ে উঠেছেন ‘ফ্যাশন আইকন’ ও পণ্যদূত। ওই যে ফুটবল–রোমান্টিকতার শ্রেষ্ঠ নিদর্শন সকার ইন সান অ্যান্ড শ্যাডো বইয়ে এদুয়ার্দো গালেয়ানো যেমন বলেছিলেন, ‘ফুটবলের যাত্রা নন্দন থেকে বন্ধনের দিকে’, নান্দনিক এই খেলার তারকাখ্যাতিই তাঁদের নিয়ে গেল পণ্যায়নের ‘বন্ধন’–এর দিকে, পপ–সংস্কৃতির প্রেক্ষাপটে যা খুবই স্বাভাবিক এক বিষয়।
নব্বই দশকেই মূলত ফুটবলারদের পণ্যায়ন ত্বরান্বিত হয়। এরপর ব্যাজ্জো-ব্যাকহাম-মালদিনিরা হয়ে ওঠেন ‘ফ্যাশন আইকন’। ভক্তরা তাঁদের মতো হতে চাইত। পরবর্তীকালে এই ধারা কেবলই বেড়েছে। তাই ব্যাজ্জোর পনিটেলের প্রভাব ইতালির সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে বাংলাদেশেও। আর ২০০২ সালের বিশ্বকাপ ফাইনালে রোনালদোর সেই কপালের ওপর একগুচ্ছ চুলের স্টাইল তো ঘরে ঘরে ছড়িয়ে পড়েছিল।
এ ছাড়া প্রিয় ফুটবলারদের জার্সি ভক্তদের পোশাকের অনুষঙ্গ হয়ে ওঠা এবং পছন্দের খেলোয়াড়ের ছবি টি-শার্টে লাগানো—এসব তো সেদিনের ঘটনা। পপ–সংস্কৃতি এই বিষয়কেও লুফে নিয়েছে।
ফুটবল সংস্কৃতির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সমর্থন। ফুটবল–দুনিয়ায় একটা কথা প্রচলিত আছে, ‘একজীবনে মানুষ স্ত্রী বদল করতে পারে, পরিবর্তন করতে পারে রাজনৈতিক দল বা ধর্মও। কিন্তু কখনোই তার প্রিয় ফুটবল দল বদলাতে পারে না।’
আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে না ৩৬ বছর, ব্রাজিল বছর বিশেক, তবু তাদের প্রতি সমর্থন এতটুকু কমেনি। শুধু জাতীয় দলই নয়, ক্লাব ফুটবলেও এই সমর্থন অপরিবর্তনযোগ্য। নয়তো প্রায় ৩০ বছর ধরে সমর্থকেরা লিভারপুলের লিগ শিরোপা জেতার অপেক্ষায় থাকত না। বিশ্বায়ন ও পপ–সংস্কৃতির সঙ্গে অঙ্গীভূত হয়ে ফুটবল নিজের পতাকা উড়িয়েছে এসব নানামাত্রিক পটভূমিকায়। সন্দেহ নেই, এগুলোই খেলাটিকে সাংস্কৃতিকভাবে স্বতন্ত্র ভিত্তি দিয়েছে।
এই তো দিন কয়েক আগে ফ্যাশন দুনিয়ার এক জায়ান্ট মেসি-রোনালদোকেও এক জায়গায় নিয়ে এসেছিল। পরবর্তী সময়ে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় ওঠে। ফুটবল এভাবেই ফ্যাশন ও ব্র্যান্ডিংয়ের দুনিয়ায় জায়গা করে নিয়েছে। সংগীত, চলচ্চিত্র, ফ্যাশন—পপ–সংস্কৃতির এসব জ্যান্ত অনুষঙ্গের ভেতর বেশ বড়ভাবেই জায়গা করে নিয়েছে ফুটবল। আর তার প্রভাব পড়েছে মানুষের নৈমিত্তিক জীবনেও।
ফুটবলকে এখন তাই আর জীবন ও পপ–সংস্কৃতি থেকে আলাদা করে দেখার সুযোগ নেই। কারণ, ফুটবল ‘আদারনেস’ থেকে মুক্ত হয়ে অনেক আগেই মিশে গেছে আমাদের রোজনামচার জীবনে। আর যেটুকু বাকি ছিল, সামাজিক যোগাযোগমাধ্যম তা–ও যেন মুছে দিয়েছে। এই যেমন, আশির দশকে যে ম্যারাডোনাকে ঘিরে বাংলাদেশে আর্জেন্টিনার ভক্তকুল তৈরি হয়েছিল, আজ সেই আর্জেন্টিনা বাংলাদেশি সমর্থকদের ভালোবাসার স্বীকৃতি দিচ্ছে। অস্বীকার করতে পারবেন, এসব বিশ্বায়ন আর পপ–সংস্কৃতির অবদান নয়?