অনুপ্রবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখনই সফল হয় চৌর্যকৃত্য

যখন চোর ও গৃহস্থের মধ্যে গড়ে ওঠে এক নিবিড় নৈশ-আত্মীয়তা।

জলকাদা মাড়িয়ে, অনেক কাঁটাগুল্ম পার হয়ে

গৃহস্থের উঠান পর্যন্ত এসে পৌঁছেছে তস্কর।

সারা গায়ে তার স্পষ্ট বিচুটিপাতার অটোগ্রাফ

তবু খেঁকি কুকুরের মোক্ষম ফতোয়া শুনে আপাতত চুপ হয়ে আছে চোর।

এভাবেই, সারমেয়র সশব্দ অনুশাসনবলে

চোরের অনুপ্রবেশ হয়ে ওঠে জটিল ও সুযোগসাপেক্ষ।

গৃহকর্তা ঘুমে, নিষ্ঠ তস্কর একাগ্র তপস্যায়—

কীভাবে যে গড়বে সেই উড়াল আত্মীয়সেতু, গৃহস্থে-তস্করে!

কুকুর, গৃহমালিক ও চোরের এই ধ্রুব সম্পর্কত্রিভুজ...

ডাহা আধ্যাত্মিক।