৫১ বছর পরে, ৭১ বর্ষী রুমী এসেছো আবার!
শহীদের বয়স বাড়ে না তাই কুড়ি বছরের অবয়ব
এখনো রেখেছো ধরে, মাথায় চে গুয়েভারা ক্যাপ,
কাঁধ থেকে নেমে আসছে বুলেটের বেল্ট,
ঝরনার মতন।
উজ্জ্বল দুচোখে জ্বলে বুদ্ধির ঝিলিক।
এলিফ্যান্ট রোডে যাও, কণিকা নামের বাড়িটিতে,
একবার আম্মাকে দেখো, উল বুনছেন!
জামীর বাঁ হাতে ব্যাট, একা একা কর্ক ছুড়ে খেলছে র্যাকেট!
আব্বার জুলফিজুড়ে টেবিল ল্যাম্পের হলদে আলো!
পরক্ষণে কিছু নেই, নির্জন জাদুঘরে পড়ে আছে স্মৃতিচিহ্ন সব।
তোমাদের স্পর্শহীন।
৫১ বছর পরে পূর্বমতো কিছুই থাকে না।
জামী থাকে দূর দেশে। আব্বা-আম্মা গোরস্তানে! মনে হবে, যাই, দেখে আসি!
আম্মার কবরে বেড়া, অযত্নে বেড়েছে ঘাস, সাইনবোর্ডে তোমার আম্মার নাম
তার আগে লেখা, দ্যাখো: শহীদজননী!
‘কোথায় পড়বি তুই, ইপিয়ুটে, নাকি ইলিনয়ে?
আব্বার মতন তুইও ইঞ্জিনিয়ার হতে চাস?
মধুর ক্যানটিনে তবে ক্যানো যাস, ইকোনমিকস ক্লাসে গিয়ে বসে থাকা কেন?’
আম্মা বলতেন অবিরাম।
‘অর্থনীতি পড়ি কেন?’ হেসে বলেছিলে:
‘বৈষম্যবিহীন এক মাতৃভূমি চাই।’
পকেট হাতড়ে দ্যাখো, রুমী,
আমেরিকা ওড়ার টিকিট, এখনো অক্ষত!
উড়ে তো যেতেই পারতে, এফ আর খানের মতো বিশ্বখ্যাত প্রকৌশলী হতে!
আম্মা বুঝি তা-ই চান!
বলেছিলে,
‘কিন্তু মা গো, রক্তের ভেতরে ডাক,
যুদ্ধে যেতে হবে! দেশ তো মা-ই হয়, বলো আম্মা, বলো,
দেশ-মা, রুমীর মা, কোন মা তোমার কাছে বড়!’
বিপদে পড়েন আম্মা, ‘ঠিকাছে আচ্ছা যা, দেশ মা-র জন্য তোকে কোরবানি করেই দিলাম।’
আহা রে তোমার আম্মা, সারাটা জীবন
এই এক কথা নিয়ে আফসোস করবেন!
কেন বললাম না ‘রুমী যুদ্ধে যা, জিতে আয়, ফিরে আয় বিজয়ীর বেশে।’
ষোলোই ডিসেম্বরে ফিরে আসে একে একে বন্ধুরা তোমার,
কামাল, আলম, বাচ্চু, শাহাদত ভাই
তুমি ফিরলে না। জুয়েল, আজাদ, বদি, বাকের ফেরে না। তারা বলে:
‘কাঁদবে না মা।
তিরিশ লাখ শহীদের পাষাণ মায়েরা বুকফাটা কষ্ট চেপে দিগন্তে তাকাবে।
পৌষের বিকেলে দ্যাখো রেসকোর্স ময়দানে হাজার হাজার পাকি সেনা
মাথা নিচু করে
কোমরের বেল্ট, অস্ত্র, টুপি ফেলে দেয়;
চারদিকে মুক্ত মানুষের জয়ধ্বনি, আকাশে উড়ছে দ্যাখো খাঁচাভাঙা স্বাধীন পাখিরা
আর ওই দ্যাখো ভবনে ভবনে
পতপত করে ওড়ে স্বাধীন বাংলার রক্তলাল সবুজ পতাকা!
আমরা সে লালে আছি, সূর্যে আছি, ত্রিশ লক্ষ মিলেমিশে আছি: একদম কাঁদবে না গো মা!’
তোমার আম্মাকে আজ শহীদজননী বলে সব!
তুমি বলো, ‘শোনো ভাই, আজ যারা আঠারো বা কুড়ি,
ত্রিশ লক্ষ শহীদের জননীর প্রকৃত নামটি হলো: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
গণপ্রজাতন্ত্রী মা যে জনগণতন্ত্র চায়; আর আমরা ত্রিশ লাখ নিজেদের জন্য
কোনো দিন কিছুই চাইনি;
শুধু দেখে যেতে চাই, ঘরে ঘরে শান্তি–সুখ, পেটে ভাত, মুখে হাসি,
স্বাস্থ্যবান আলোকিত শিশু
বৈষম্য একদম নেই, বৈষম্য থাকবে না বলে যুদ্ধে গিয়েছি।’
কুড়ি বছরের রুমী, তুমুল তরুণ,
ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছিলে,
নিজের প্রতিষ্ঠা ছেড়ে, বিদেশের হাতছানি ছেড়ে
আমাদের জন্য তুমি, আমাদের জন্য তোমরা
নিজেদের কোরবানি করেছো!
তুমি আজ একাত্তর বছর বয়সী, বলো রুমী বলো,
তোমাদের একাত্তর কতখানি পেলে?
উত্তরে বলছো তুমি, ‘শোনো,
শোনো সব আজকের তরুণ
আমাদের যতটুকু সাধ্য ছিল, আমরা করেছি,
এবার তোমার পালা, আজকের যুবক,
তোমাদের যা করার তোমরা তা কোরো।’
‘তোমরা মানে, তোমরা কে?
কেবা বলো তুমি?’
১০ কোটি নবীন বলে, ‘আমরাই রুমী।’