আমার যে ছবিগুলো বিকৃত করা হয়নি, সেগুলোর দিকেও আগের মতো তাকাতে পারব না
অনলাইনে ডিপফেক পর্নো এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মেটা–দুনিয়ার বাসিন্দারা তাঁদের বাস্তব জীবনের প্রতিটি মুহূর্তের ছবি পোস্ট করছেন এবং অধিকাংশের ক্ষেত্রে তা সবার জন্য উন্মুক্ত থাকছে। এ বাস্তবতায় মেটা–দুনিয়া আর বাস্তব দুনিয়ার মধ্যে কীভাবে সীমারেখা টানতে পারি আমরা?
‘…অশ্রু যা মুছে দিতে পারত একটি উদ্যত হাত
আর তাই হাত তুললাম রুপালি গাছের দিকে
এবং থামলাম এবং দেখলাম এবং আবার ছুটলাম
যতক্ষণ না আনুভূমিক বৃষ্টির মতো ছুটলাম, ছুটলাম
শুধু আমার ব্যর্থ আলো
আর এই মিথ্যে মাধ্যাকর্ষণ নিয়ে…’
‘রেইন টুয়াইস’ বা ‘দুই বৃষ্টি’ কবিতার প্রথম অংশের শেষের কয়েক ছত্রের বাংলা করলে এমন দাঁড়ায়। কবির নাম হেলেন মর্ট। তিনি একজন ব্রিটিশ কবি ও ঔপন্যাসিক।
হেলেন হঠাৎ একটি পর্নোগ্রাফিক সাইটে নিজেকে আবিষ্কার করেন। অবিকল তাঁর মতো দেখতে এক নারীকে পর্নোগ্রাফিক চলচ্চিত্রে দেখা যায়। কিন্তু এই নারী তিনি নন।
‘একজন নারী, তিনি বিছানার কিনারায় বসে আছেন, তাঁর চেহারা আমার কিন্তু শরীর আমার নয়, তিনি একটা যৌনকর্ম করছেন…তাঁর চামড়া আমার চেয়ে একটু বেশি বাদামি এবং অবিকল আমার উল্কি আছে তাঁর শরীরে।’
নিজের ওপর বানানো তথ্যচিত্র ‘মাই ব্লন্ড জিএফ’–এ এমনটা বলতে শোনা যায় হেলেনকে, যিনি বোঝার চেষ্টা করেন, কীভাবে তাঁর সঙ্গে এমনটা ঘটল।
কী ঘটেছে আসলে হেলেন মর্টের সঙ্গে?
পর্নোগ্রাফিক চলচ্চিত্রে যে হেলেনকে দেখতে পাওয়া যায়, সেগুলো আসলে হেলেনের ডিপফেক অবতার। ‘ডিপফেক’ হলো যখন কারও মুখচ্ছবি ডিজিটাল প্রযুক্তির সাহায্যে অন্য কারও দেহে বসিয়ে দেওয়া হয় এবং কাজটি এতই নিখুঁতভাবে করা হয় যে বোঝার কোনো উপায়ই থাকে না, সেটা প্রকৃত ব্যক্তি নয়।
হেলেন মনে করেন, তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে অথবা জনপরিসরে তোলা বিভিন্ন ছবি ব্যবহার করে এই ডিপফেক বানানো হয়েছে। তাঁকে নিয়ে তৈরি করা তথ্যচিত্রে হেলেনকে নিজের ১৯ থেকে ৩২ বছর বয়সী বিভিন্ন ছবি ঘাঁটতে দেখা যায়, যেখানে তিনি বোঝার চেষ্টা করেন, কোন ছবিটি ব্যবহার করে তৈরি করা হলো তাঁর ডিপফেক অবতার। হেলেন বলেন, ‘আমার মনে হচ্ছিল, ওই ছবিগুলো আসল এবং যাঁরা নিজেদের সেভাবে দেখেননি, তাঁদের কাছে এটা ব্যাখ্যা করা কঠিন যে আমার সঙ্গে কী হয়েছে। তাঁরা আমার সঙ্গে কিছুই করেননি। কিন্তু তাঁরা আমার মাথায় কতগুলো জিনিস ঠুসে দিয়েছেন—কতগুলো ছবি—এ ছবিগুলো আমি কখনোই মাথা থেকে সরাতে পারব না। আর আমার যে ছবিগুলো বিকৃত করা হয়নি, সেগুলোর দিকেও আর আগের মতো তাকাতে পারব না। আমি যখন আমার একটা ছবির দিকে তাকাই, স্বতন্ত্রভাবে যখন একে দেখি, আমার কাছে তখন এটিকে নির্যাতনমূলক ছবি মনে হয়।’
‘একজন নারী, তিনি বিছানার কিনারায় বসে আছেন, তাঁর চেহারা আমার কিন্তু শরীর আমার নয়, তিনি একটা যৌনকর্ম করছেন…তাঁর চামড়া আমার চেয়ে একটু বেশি বাদামি এবং অবিকল আমার উল্কি আছে তাঁর শরীরে।’
অনলাইনে ডিপফেক পর্নো এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মেটা–দুনিয়ার বাসিন্দারা তাঁদের বাস্তব জীবনের প্রতিটি মুহূর্তের ছবি পোস্ট করছেন এবং অধিকাংশের ক্ষেত্রেই তা সবার জন্য উন্মুক্ত থাকছে। কাজেই ডিপফেক আগ্রাসীদের জন্য এটা অনেকটা বিশাল এক বাজারে পছন্দমতো পণ্য তুলে নেওয়ার মতোই ব্যাপার।
ডিপফেক পর্নোগ্রাফিক কনটেন্টে ব্যবহৃত হওয়ার মানসিক অভিঘাত প্রকৃত যৌন আগ্রাসনের চেয়ে কোনো অংশে কম নয়। ডারহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লেয়ার ম্যাকগ্লিন বিবিসিকে বলেন, এর প্রভাবে ব্যক্তির জীবনে নেমে আসতে পারে বিপর্যয়। তিনি আরও বলেন, আক্রান্ত ব্যক্তিরা একধরনের ‘সামাজিক আঘাত’–এর বিবরণ দেন, যেখানে আগ্রাসনের আগে এবং পরে তাঁদের জীবন ভিন্ন হয়ে গেছে। আর এই আগ্রাসন তাঁদের পেশাগত, ব্যক্তিগত, অর্থনৈতিক, স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্য—জীবনের প্রতিটি পর্যায়কেই প্রভাবিত করেছে।
ডিপফেক ঘটনা ঘটার পর হেলেন মানসিকভাবে আরও ভেঙে পড়েন, যখন তিনি জানতে পারেন যে এ ক্ষেত্রে পুলিশের কিছুই করার নেই। কারণ, ডিপফেক ছবি তৈরি করা আইনগতভাবে অপরাধ নয়। ইংল্যান্ড ও ওয়েলসে পুলিশ এসব বিষয়ে তদন্ত করতেও বাধ্য নয়।
বলা বাহুল্য, হেলেনের সঙ্গে ঘটনাটি ঘটেছিল ইংল্যান্ডে। তো, এবার ইংল্যান্ড থেকে চোখ সরিয়ে তাকানো যাক আমাদের ভারতীয় উপমহাদেশে। ভারতীয় অনুসন্ধানী প্রতিবেদক রানা আইয়ুবও ডিপফেক পর্নোর শিকার হয়েছিলেন, ২০১৮ সালে। ভারত নিয়ন্ত্রিত জম্মু–কাশ্মীরের কাঠুয়া শহরে আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় সরব ছিলেন তিনি। ধর্ষণে অভিযুক্ত ছিলেন ক্ষমতাসীন বিজেপি সমর্থিত এক ব্যক্তি। এরপরই সামাজিক মাধ্যমকে ভয়াবহ আগ্রাসনের শিকার হতে থাকেন রানা।
কিন্তু একদিন ঘটে অভাবনীয় এক ঘটনা। হাফপোস্ট ইউকেকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই ঘটনাটির বিবরণ দিয়েছেন রানা, ‘আমি এক বন্ধুর সঙ্গে বসে কফি খাচ্ছিলাম। আর ভাবছিলাম কেন আমাকে এত বাজেভাবে আক্রমণ করা হচ্ছে। তখন বিজেপির এক সোর্স আমাকে একটি বার্তা পাঠাল, “হোয়াটসঅ্যাপে একটি লিংক ঘুরছে, আমি আপনাকে পাঠাচ্ছি। তবে দয়া করে সেটা দেখে ভেঙে পড়বেন না।”’
সেই লিংক ছিল একটা ডিপফেক পর্নো ক্লিপ।
রানা আবার বলেন, ‘যখন আমি প্রথমে সেটা খুললাম, নিজের চেহারা দেখে হতভম্ব হয়ে গিয়েছিলাম। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে সেটা আমি নই। কারণ প্রথমত, আমার চুল কোঁকড়া এবং ওই নারীর চুল সোজা। আর সে ছিল অনেক কম বয়সী, ১৭–১৮ বছরের বেশি হবে না।’
এক বিজেপি নেতার ফ্যানপেজে ভিডিওটি পোস্ট করার পর ৪০ হাজার বার শেয়ার হয়। যৌন হয়রানিমূলক ও আক্রমণাত্মক বার্তা আর মন্তব্যে ভেসে যায় রানার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো। একজন সাংবাদিক হয়েও সে সময় তাঁর মনে হয়েছিল, তিনি আর কখনো কোথাও মুখ দেখাতে পারবেন না।
যেকোনো অবস্থান বা শ্রেণির নারীকে এ ধরনের হয়রানি করা সহজ করে দিয়েছে এই ডিপফেক। এটি হয়ে উঠেছে সামাজিকভাবে হেয় করার মোক্ষম হাতিয়ার। এ ক্ষেত্রে নারী ও শিশুরাই সবচেয়ে অসহায়, যেনবা তারাই প্রধান টার্গেট।
‘সারভেইল্যান্স’ বা নজরদারি আমাদের নিত্যকার জীবনের অংশ হয়ে উঠেছে বহু আগে থেকেই। মেটা–দুনিয়ায় এই নজরদারিকে আমরা এখন আপন করে নিয়েছি এবং প্রতিনিয়ত নিজেরাই নজরদারির যন্ত্রে জ্বালানি সরবরাহ করে যাচ্ছি। এর ধারাবাহিকতায় আমরাই যে কখন পরিণত হয়ে গেছি টার্গেটে! গোপনীয়তা লঙ্ঘন করে আমাদের হরহামেশাই এখন পণ্যে পরিণত করা হচ্ছে, কখনো ঘৃণ্য প্রতিহিংসার শিকারও হচ্ছি আমরা।
এই যখন পরিস্থিতি, তখন মেটা–দুনিয়া আর বাস্তব দুনিয়ার মধ্যে সীমারেখা টানা কীভাবে সম্ভব? ব্যক্তির সুরক্ষা নিশ্চিত করতে দ্রুতই প্রশ্নটির জবাব খোঁজা দরকার।