২০২৩ সালের কমনওয়েলথ ছোটগল্প পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় এবার স্থান পেয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত কথাসাহিত্যিক আরমান চৌধুরীর গল্প। সম্প্রতি ঘোষণা করা হয়েছে কমনওয়েলথ ছোটগল্প পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা। এতে ৬ হাজার ৬৪২ লেখকের গল্প থেকে ২৮ লেখকের গল্প নির্বাচিত হয়েছে। আর এখানে বিভিন্ন দেশের গল্পকারদের সঙ্গে স্থান পেয়েছে আরমান চৌধুরীর গল্প ‘ডিফিসিয়েন্সি নোটিশ’। ১১ বছর বয়সী বাক্শক্তিহীন এক খ্রিষ্টান বালক এবং ঢাকা শহরের নিম্নমধ্যবিত্ত পরিবারে তার দৈনন্দিন জীবনের কাহিনি গল্পটির মূল উপজীব্য।
ঢাকায় জন্ম নেওয়া আরমান চৌধুরী যুক্তরাষ্ট্রপ্রবাসী। জানা গেছে, আগামী ১৭ মে এবারের অঞ্চলভিত্তিক বিজয়ীদের তালিকা করা হবে। আর ২৭ জুন এক আয়োজনের মাধ্যমে ঘোষণা করা হবে চূড়ান্ত বিজয়ীর নাম। বিজয়ী গল্পকার পুরস্কার হিসেবে ৫ হাজার পাউন্ড পাবেন এবং অঞ্চলভিত্তিক অন্য পাঁচ শ্রেষ্ঠ গল্পকার পাবেন ২ হাজার ৫০০ পাউন্ড করে।
এর আগে বাংলাদেশি দুই লেখক সুমন রহমান ও সাগুফতা শারমীন তানিয়ার গল্প কমনওয়েলথ ছোটগল্প পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় এসেছিল।
সূত্র: কমনওয়েলথ ফাউন্ডেশন
●গ্রন্থনা: নাফিস সাদিক