অ ন্য দি গ ন্ত
দ্য ওয়ার্ল্ড ইন মাই হ্যান্ডস
ইংরেজিতে উপন্যাস লিখে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন আমাদের তাহমিমা আনাম। এ রকম আরও কয়েকজন বাংলাদেশি লেখক সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। কাজী আনিস আহমেদ তাঁদের একজন। সম্প্রতি র্যানডম হাউস ইন্ডিয়া থেকে বেরিয়েছে তাঁর প্রথম উপন্যাস দ্য ওয়ার্ল্ড ইন মাই হ্যান্ডস। এর আগে একটি গল্পগ্রন্থও প্রকাশিত হয়েছিল আনিস আহমেদের, যার নাম গুডবাই, মি. কিসিঞ্জার।
সূত্র: র্যানডম হাউস ইন্ডিয়া
দ্য গ্রেট বিউটি
ফেদেরিকো ফেলিনি নির্মাণ করেছিলেন লা দোলচে ভিতা। আর রোমের উচ্চবিত্ত সমাজ-রাজনীতিকে, লা দোলচে ভিতা বা সুইট লাইফকে বিদ্রূপ করে পাওলো সোররেস্তিনো তৈরি করেছেন দ্য গ্রেট বিউটি। এই চলচ্চিত্রটি সদ্য বিদায়ী বছরের সেরা ছবি হিসেবে বিবেচিত হয়েছে বিলেতের দ্য গার্ডিয়ান পত্রিকার চলচ্চিত্র সমালোচকদের ভোটে। মজার ব্যাপার হলো, ইতালির সাবেক প্রেসিডেন্ট সিলভিয়ো বেরলুসকোনির শাসনামলকে কটাক্ষ করে নির্মিত এ-ছবির অর্থায়নের অনেকাংশ এসেছে বেরলুসকোনির মালিকানাধীন মেডুসা প্রোডাকশন হাউস থেকে।
সূত্র: দ্য গার্ডিয়ান
টার্নার প্রাইজ ২০১৩
টার্নার প্রাইজ সমকালীন চিত্রকলার একটি বিশ্বখ্যাত পুরস্কার। ১৯৮৪ সাল থেকে প্রতিবছর একজন ব্রিটিশ শিল্পীকে (যাঁর বয়স অনূর্ধ্ব ৫০) এই পুরস্কার দেওয়া হয়। সম্প্রতি ঘোষিত ২০১৩ সালের জন্য এ পুরস্কারটি পেয়েছেন ফ্রান্সে জন্মগ্রহণকারী লন্ডনবাসী শিল্পী লর প্রুভস্ট। টেইট গ্যালারিতে অনুষ্ঠিত চিত্রশিল্পী কার্ট শুইটারসের প্রদর্শনীর ভিত্তিতে নির্মিত প্রুভস্টের ভিডিওচিত্রের জন্য এ সম্মান পেয়েছেন তিনি।
সূত্র: টেইট.অর্গ.ইউকে
রফিক-উম-মুনীর চৌধুরী