অ ন্য দি গ ন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর উপন্যাস লিখবেন না গ্রাস

লেখক গুন্টার গ্রাস
লেখক গুন্টার গ্রাস

এই সময়ে বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক গুন্টার গ্রাস আর উপন্যাস লিখবেন না। তাঁর বয়স এখন ৮৬। ১৯৯৯ সালের নোবেলজয়ী, দ্য টিন ড্রাম, ক্যাট অ্যান্ড মাউজ ইত্যাদি কালজয়ী উপন্যাসের স্রষ্টা গুন্টার গ্রাস গত সপ্তাহে জার্মান পত্রিকা পাসায়ের ন্যু প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তিনি এখন যে বয়সে এসে পৌঁছেছেন, তাতে করে তাঁর শরীর এখন আর উপন্যাস লেখার জন্য উপযুক্ত নয়। বর্তমানে তিনি আঁকাআঁকির কাজেই ব্যস্ত রেখেছেন নিজেকে।
সূত্র: পাসায়ের ন্যু প্রেস.ডিই

অর্থনীতিবিদের শিল্পকলা

সেবাস্তিয়াঁউ সালগাদো
সেবাস্তিয়াঁউ সালগাদো

সেবাস্তিয়াঁউ সালগাদো (জন্ম: ১৯৪৪) অর্থনীতিবিদ হিসেবে বিশ্বব্যাংকে কর্মরত থাকাকালীন ছবির দিকে ঝুঁকে পড়েন। আজ তিনি পৃথিবীর নামজাদা একজন চিত্রগ্রাহক। প্রকৃতি আর জলবায়ু ভীষণভাবে ভাবায় এই ব্রাজিলিয়ান আলোকচিত্রীকে। দূর-দূরান্তে অবস্থিত, সভ্যতার প্রভাবে অবক্ষয়িত হয়ে যায়নি—পৃথিবীর এমন সব জায়গা আট বছর ধরে তিনি চষে বেড়িয়েছেন আর ছবি তুলেছেন। এ রকম প্রায় ২৪৫টি আলোকচিত্র নিয়ে তাঁর বই আর প্রদর্শনীর নাম দিয়েছেন ‘জেনেসিস’।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরব বসন্ত নিয়ে চলচ্চিত্র

ইব্রাহিম আল বাতুত
ইব্রাহিম আল বাতুত

২০১১ সালে মিসরে যে বিপ্লব হয়েছিল, সেই পটভূমিতে কয়েকজন মানুষের জীবনে জট পাকিয়ে যায়। এদের একজন কম্পিউটার প্রোগ্রামার, একজন টিভির উপস্থাপিকা আর অন্যজন রাষ্ট্রীয় প্রতিরক্ষা কর্মকর্তা। ২০১১ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে স্বৈরাচার হোসনি মোবারকের সরকার উৎখাতের আন্দোলনের প্রেক্ষাপটে পরিচালক ইব্রাহিম আল বাতুত নির্মাণ করেছেন চলচ্চিত্র উইন্টার অব ডিসকনটেন্ট (আল শেইতা আল্লি ফাত), যা ইতিমধ্যে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
সূত্র: আল আহ্রাম
রফিক-উম-মুনীর চৌধুরী