এ বছরের ৩১ মার্চ পূর্ণ হলো কবি অক্তাবিও পাজের জন্মশতবর্ষ। পৃথিবীর শিল্পসাহিত্যের মূল কেন্দ্রগুলোজুড়ে এ উপলক্ষে ছিল নানা অনুষ্ঠান। চেক রিপাবলিকের রাজধানী প্রাগের কাফকা সোসাইটি গত ১২ এপ্রিল আয়োজন করল তিন দিনব্যাপী ‘অক্তাবিও পাজ স্মরণোৎসব’। এখানে মূল বক্তা ছিলেন মিলান কুন্ডেরা ও নোবেলজয়ী মারিও বার্গাস য়োসা। কাফকা সোসাইটির অনুমতি নিয়ে কুন্ডেরার সেই অভিভাষণটি প্রকাশিত হলো প্রথম আলোর পাঠকদের জন্য

২০০৬ সালের কথা। মেক্সিকো সিটির পূর্ব প্রান্তে দুই মিলিয়ন বাসিন্দা-অধ্যুষিত নেজা মিউনিসিপ্যালিটির পুলিশপ্রধান হোরহে আমাদোর সিদ্ধান্ত নিলেন যে তাঁর পুলিশ বাহিনীকে ‘ভালো নাগরিক’ বানানোর স্বার্থে তিনি তাদের কথাসাহিত্য পড়াবেন। তিনি এবার পুলিশ ভাইদের জন্য বানালেন একটি বইয়ের তালিকা, যাতে রয়েছে সার্বেন্তেসের ডন কিহোতে , হুয়ান রুলফোর পেদ্রো পারামো, মেক্সিকান সংস্কৃতি নিয়ে লেখা অক্তাবিও পাজের দি ল্যাবিরিন্থ অব সলিচ্যুড, গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের ওয়ান হানড্রেড ইয়ারস অব সলিচ্যুড এবং সেই সঙ্গে কার্লোস ফুয়েন্তেস, সাঁ-এক্সুপেরি, আগাথা ক্রিস্টির কিছু বই। নেজার পুলিশপ্রধান আমাদোর বিশ্বাস করলেন, কথাসাহিত্য পড়ার মাধ্যমে তাঁর অফিসারেরা নৈতিকভাবে লাভবান হবেন এই অর্থে যে অন্য মানুষের জীবন বাঁচানোর মতো ঝুঁকিপূর্ণ কাজ করতে গেলে যে অঙ্গীকারের প্রয়োজন হয়, সেই অঙ্গীকার তাঁরা তখন অনেক গভীরভাবে অর্জন করবেন। এ পর্যায়ে এসে আমাদোর আরও বললেন, এ প্রয়োজনটির কথা যদি মাথায় রাখা হয়, তো সবচেয়ে আগে পড়া দরকার অক্তাবিও পাজের ল্যাবিরিন্থ অব সলিচ্যুড।
কেন তিনি এটা বললেন? আমি তা নিয়ে খানিকটা ভেবেছি। আমার কাছে মনে হয়, পৃথিবীতে পুলিশের চাকরির মতো ‘পার্থিব’ আর কিছু নেই। আমাদোর বলছেন, সেই চরম পার্থিব কাজটুকু আরও ভালোভাবে করার জন্য নৈতিক অবস্থান ও সমবেদনার অঙ্গীকারের জায়গাটুকুতে—তাঁর বাহিনীর সদস্যরা পাজ পড়লে আরও উন্নতি করবেন। এটা শুনে আমার মনে পড়ল প্লেটো ও অ্যারিস্টটলের কথা, যাঁরা তাঁদের দর্শনে ‘সমবেদনা’ ও ‘নৈতিকতা’র বিষয়টি নিয়ে অনেক কিছু বলে গেছেন এবং মানুষের জীবনের কাল্পনিক আখ্যানে (অর্থাৎ সাহিত্যে) সমবেদনার উপস্থিতি যে কত গুরুত্বপূর্ণ, সে বিষয়ে ব্যাখ্যা দিয়ে গেছেন হোমারের ইলিয়াড ও অডিসির সূত্র ধরে। আমাদোর ভয় পাচ্ছেন, পুলিশ মাঝেমধ্যে মানুষ খুন করে। আমি যতটুকু জানি, মেক্সিকোর পুলিশ আরও বেশি মানুষ খুন করে। অতএব, বোধ করি সুনৈতিকতা ও সমবেদনার বোধ জাগ্রত করা ছাড়া, তিনি ভয় পেলেন, মেক্সিকোর পুলিশকে খুনি হওয়া থেকে রোখা যাবে না। তবে তিনি এ প্রসঙ্গে অক্তাবিও পাজের কথা বলেছেন বলে আমি খুশি, বিশেষত যখন পাজের সঙ্গে আমার সামনাসামনি কয়েকবার কথা হয়েছিল ‘নৃশংসতা’ বিষয়ে।
আমি পাজকে জিজ্ঞেস করেছিলাম, গ্রিক বাহিনী যে কারণে ট্রয় নগরে এসে বছরের পর বছর তাদের ধ্বংসযজ্ঞ চালিয়ে গেল, হোমার তাঁর দীর্ঘ মহাকাব্যে সেই কারণটিকে একবারও কেন চ্যালেঞ্জ করলেন না? কেন তিনি শুধু ট্রোজানদের হাত থেকে হেলেনকে উদ্ধার করাকেই এর কারণ হিসেবে মেনে নিলেন? পাজ আমাকে বললেন ইউরিপিদিসের অরেস্তেস-এ দেবতা অ্যাপোলো বলছে: ‘দেবতারা হেলেনের সৌন্দর্যকে কাজে লাগাল গ্রিক ও ট্রোজানদের মধ্যে যুদ্ধ বাধিয়ে দিতে, আর সেই হানাহানির ফলস্বরূপ তারা চেয়েছিল পৃথিবীতে নশ্বর মানুষের সংখ্যা কিছুটা কমে যাক।’ পাজ বললেন, এটা পড়েই তাঁর কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল যে সাহিত্যে আজ পর্যন্ত সবচেয়ে বিখ্যাত যুদ্ধটির পেছনে আসলে অন্য কোনো কারণ ছিল না—নির্বিচারে মানুষ মারাই ছিল একমাত্র কারণ।
অক্তাবিও পাজ সত্যকে এ রকম সাফ সাফ ধরতে পারেন বলেই বোধ করি মেক্সিকোর পুলিশপ্রধান তাঁর বাহিনীর সদস্যদের মানুষ হত্যা ও জীবন বাঁচানোর মতো সত্যের সামনে দাঁড়িয়ে পাজের কথা মনে করতে বলেছিলেন। তিনি সম্ভবত ভেবেছিলেন পৌরাণিক মিথ্যাকে যে লোক বাস্তব সত্য হিসেবে ধরে নিয়ে জাতীয় সংস্কৃতির বিশ্লেষণ করতে পারেন, তিনি নিশ্চয়ই শুভ ও অশুভর ফারাকগুলোর বিষয়ে নিঃসন্দেহ। অতীতের মিথ্যাগুলোকেও সত্যের মতো করে দেখানোর ক্ষমতা সব সাহিত্যিকের থাকে না; তার জন্য নিজের মধ্যে একটি অতি-স্পষ্ট নৈতিক অবস্থানের জায়গা দিতে হয়, না হলে অবিচার আরও বড় অবিচারেরই পক্ষ নিয়ে বসে। সাহিত্যিকেরা, খারাপ সাহিত্যিকেরা, নিয়মিতই এই জাতীয় মিথ্যার ফাঁদে পা দিয়ে থাকেন। ইউরোপে আমি শুধু চারজন লেখককেই দেখি, যাঁরা এই ফাঁদ স্পষ্টভাবে এড়াতে সক্ষম হয়েছিলেন: কাফকা—তিনি সবার চেয়ে বড় সত্য, রবার্ট মুসিল, হারমান ব্রখ ও গম্ব্রোভিচ; আর লাতিন আমেরিকায় দেখি দুজনকে—অক্তাবিও পাজ ও কার্লোস ফুয়েন্তেস। আমি এখানে কে কত বড় মাপের লেখক তা নিয়ে কথা বলছি না, বলছি সৎ পুলিশের (যদি তেমন কিছু আদৌ কোথাও থেকে থাকে!) মতো করে যেসব লেখক খুন ঘটে যাওয়ার পরে শুধু খুনিকেই খঁুজে বের করেনি, বরং তার চেয়ে বেশি মন দিয়েছে এটা দেখতে যে ইতিহাসের কোন কোন সত্য সময়ের নিয়মে মিথ্যা হয়ে গেছে বলে এই খুন সম্পন্ন হলো।
পাজের ‘নৈতিকতা’র বিষয়ে এত কথা বলার আমার ইচ্ছা ছিল না। আমি চাইছিলাম তাঁর কৌতুকী দিকটা নিয়ে কথা বলব। হাজার হলেও আমি প্রাগের মানুষ, আর কে না জানে প্রাগ কৌতুক ও পরিহাসের বিশ্ব-রাজধানী। মুখ টিপে, একটুও না-হেসে কৌতুক করা আমাদের, প্রাগবাসীদের, কাফকা শিখিয়েছেন। এর রাজনৈতিক একটা নামও হয়েছে-ইহুদি কৌতুক! সে কথায় পরে আসছি, আগে বলে নিই আজ থেকে বহু বছর আগেকার এক কথা। চেকোস্লোভাকিয়াতে রাশিয়ান আগ্রাসন ঘটে যাওয়ার পরে আমরা প্রাগবাসী লেখকেরা তখন হতবিহ্বল। মূলত আমার আমন্ত্রণেই তখন প্রাগে এলেন কয়েকজন লাতিন আমেরিকান লেখক, চেক লেখকদের প্রতি সমবেদনা জানাতে (আবারও সমবেদনা!)। এঁদের মধ্যে ছিলেন কার্লোস ফুয়েন্তেস, গাব্রিয়েল গার্সিয়া মার্কেস, হুলিও কোর্তাসার। ব্যক্তিগত কারণে আসতে পারেননি অক্তাবিও পাজ ও বার্গাস য়োসা। পাজ আমাকে একটা চিঠি পাঠালেন কার্লোস ফুয়েন্তেসের হাত দিয়ে, তাতে লেখা ছিল (অনেক কথার মধ্যে শুধু এটুকুই আমার মনে আছে): ‘কাফকার শহর অত্যাচারীদের হাতে নিপীড়িত হবে বলে নিয়তিনির্দিষ্ট নয়, বরং কাফকানির্দিষ্ট হয়ে আছে’। কৌতুক করার কত বড় ক্ষমতা থাকলে মানুষ এ রকম বাক্য লিখতে পারে!
ওই থেকে পাজের সঙ্গে আমার ব্যক্তিগত বন্ধুত্বের শুরু। দুজনেরই পছন্দ কৌতুক। আমার প্রথম উপন্যাসটির নাম ও বিষয়বস্তু দুটোই—‘জোক’, আর পাজের সেই বিখ্যাত উক্তি: ‘আধুনিক মননের সবচেয়ে বিরাট আবিষ্কার হচ্ছে কৌতুক’, যে কথা আমি আমার দুটি প্রবন্ধের বইয়ে প্রসঙ্গান্তরে উল্লেখ করেছি। তার মানে ‘কৌতুক’ চিরকাল ধরে আমাদের সঙ্গী ছিল না? আর যা কিনা সমসাময়িক আবিষ্কার, তার মেয়াদও নিশ্চয়ই অবিনশ্বর চরিত্রের নয়, অর্থাৎ একদিন পৃথিবীতে ‘কৌতুক’ থাকবে না? আমি পাজকে তার ওই বিখ্যাত উক্তির প্রসঙ্গ ধরে এ প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছিলাম। তিনি আমাকে তখন স্মরণ করিয়ে দিয়েছিলেন সের্বান্তেসের ডন কিহোতে উপন্যাসের কথা। তিনি বলেছিলেন, কীভাবে ডন কিহোতের দ্বিতীয় খণ্ড লেখার সময়ে সের্বান্তেসের মাথায় একটা বুদ্ধি এল: ডন কিহোতের প্রথম খণ্ড লেখা ও প্রকাশ তখন শেষ, এর চরিত্ররা তখন সবার অতি পরিচিত। অতএব দ্বিতীয় খণ্ডে এমন যদি ঘটে তাহলে ভালোই তো হয়—সেখানে ডন কিহোতের দেখা হবে অন্য অনেক চরিত্রের সঙ্গে, তারা বলবে তারা ডন কিহোতেকে চেনে, কারণ তারা বইটা পড়েছে, তারা তার সঙ্গে আলোচনা করবে তার অতীত অ্যাডভেঞ্চারগুলো নিয়ে এবং তাকে অনুরোধ করবে তার এই উপন্যাসের কিহোতে ইমেজ নিয়ে মন্তব্য করতে। কত বড় জোক! পাজ এ
পর্যায়ে এসে আমাকে জানালেন, পরিস্থিতি যত জটিল, কৌতুক তত বেশি প্রবল। গুহা-মানুষের পরিস্থিতি আপাত সরল ছিল বলেই, পাজ বললেন, আসমানি কিতাবগুলোয় কোনো কৌতুক নেই, গিলগামেশেও নেই; এবং বিবর্তনের ধারা মোতাবেক পৃথিবী আবার একদিন সরল হয়ে যেতে পারে বলে কৌতুক দূর-ভবিষ্যতে হারিয়েও যেতে পারে। ‘মোটা দাগের নান্দনিকতা এবং অশ্লীলতা-দুটোই মধ্যযুগীয়’, পাজ বললেন, ‘মানুষের অবচেতন জুড়ে আছে্্্্—যেহেতু মানুষ বিবর্তিত হওয়া পশু–নৃশংসতা ও অশ্লীলতা; অন্যদিকে সত্যিকার কৌতুক চেতনের বিষয়, সংস্কৃতিতে তার জায়গা বেশি দিনের নয়।’
অক্তাবিও পাজ মূলত কবি এবং কবি পরিচয়েই তিনি সাহিত্যে নোবেল পুরস্কারও জিতেছেন। আমি তাঁর কবিতা পড়ছি ১৯৬০-এর দশকের শুরুর দিক থেকে। তাঁর ‘সান ইল্দেফন্সো নকটার্ন’-এর কথা আমার আজও মনে পড়ে। ‘নকটার্ন’-এ তিনি ব্যঙ্গ-কৌতুকের ভঙ্গিতে তাকাচ্ছেন অতীতের দিকে, প্রশ্ন রাখছেন যে যারা যারা ‘পৃথিবীকে ঠিক করতে চাইত’ তারা এখন কোথায়? কাফকার মতো পরিহাসময় কৌতুক করার ক্ষমতা পাজেরও বড় মাপেই ছিল। তাঁর ল্যাবিরিন্থ অব সলিচ্যুড-এ যে মেক্সিকানরা সবাই একই ধরনের কাপড় পরে হাঁটে, একই ভাষায় কথা বলে, তারা তাদের গোড়া বা শেকড় নিয়ে কী ভয়াবহ রকমের লজ্জিত! পাজ আমাকে বলেছিলেন, ‘ওদের অস্থির চেহারা আর চোরাচোখে তাকানো দেখেই ওদের চেনা যায়। ওরা এমনভাবে হাঁটে-চলে যে, মনে হয় ওরা ছদ্মবেশ পরে আছে, আর কোনো অচেনা লোকের সামনে পড়লে ওরা এমন ভয় পায়, ওই লোক বুঝি ওদের প্যান্ট খুলে উদোম করে দেবে।’ আমরা অনেক হেসেছিলাম এই মুখোশ পরা নিহিলিস্টদের কথা ভেবে। কার্লোস ফুয়েন্তেস পরে আমাকে বলেছিলেন, পাজের এই বই তাঁর জীবন বদলে দিয়েছে। আমি সে কথা শুনেও অনেক হেসেছিলাম। ফুয়েন্তেস আমার ‘জোক’টি (অর্থাৎ হাসার কারণটি) ধরতে পারেননি।
অক্তাবিও পাজের জন্মশতবর্ষে প্রাগে এসে আমি তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে তাঁর ইন লাইট অব ইন্ডিয়া বইটি পড়লাম। আমার ভালো লাগেনি। আমার ধারণা, তিনি হিন্দুধর্মকে বুঝতে পারেননি, একে কোনো আদি পৌত্তলিক রিচুয়ালের সঙ্গে মিলিয়ে ফেলেছেন। আর কেন তিনি নালিশ জানাচ্ছেন যে, খ্রিষ্টষ্টধর্ম যেভাবে লাতিন আমেরিকায় গেছে, সেভাবে ভারতে আসেনি? তাতে কি তিনি দুঃখী? আর গান্ধী হিন্দু-ঐতিহ্য থেকে অহিংসার বোধ পাননি, বরং তা পেয়েছেন লিও টলস্টয়ের শান্তিবাদ থেকে, এ রকম ভাবার পেছনে পাজের কী কারণ থাকতে পারে? আর তাঁর এই বাক্যটি কী: ‘নাৎসিদের বিশাল ব্যর্থতা ছিল এটিই যে তারা তাদের বাহিনীতে ওডিন বা থরের মতো পৌরাণিক নায়কদের জায়গা দিতে পারেনি, যেমনটা হিন্দুরা পেরেছিল রামকে তাদের দলে টানতে।’ তার মানে হিন্দুরা নাৎসিদের থেকে আলাদা কিছু নয়? এসব প্রসঙ্গে আমি মাত্র দুদিন আগে সালমান রুশদিকে জিজ্ঞেস করলে তিনি আমাকে রামকৃষ্ণ ও বিবেকানন্দের মতো হিন্দু সংস্কারবাদীদের কথা বললেন, এবং আরও বললেন যে, টাইটাস অ্যান্ড্রোনিকাস যেমন শেক্সপিয়ারের মতো লেখকের বাজে লেখা, তেমনই ইন লাইট অব ইন্ডিয়া পাজের একটি বাজে লেখা। এটা নিয়ে দুঃখ করার কিছু নেই। দূর সত্যে পৌঁছানো লেখকদের একটা-দুটো বাজে লেখা থাকে। প্রতিদিন সুন্দর স্যুট পরা লোকটিও এক-দুদিন প্যান্টের জিপার পুরো খুলে রেখে হাঁটতেই পারেন; আর এই প্রাগ শহরেই একদিন আইনস্টাইন নির্বোধের মতো বৃষ্টির মধ্যে জেনেশুনে, তার বিশ্ববিদ্যালয়ে রাখা ছাতাটি সেখানেই ফেলে রেখে, কাক-ভিজে হাঁটছিলেন এ-কারণে যে ওটা নিয়ে বাসায় গেলে নাকি বাসায় দুটো ছাতা হয়ে যাবে, আর তখন বিশ্ববিদ্যালয়ে একটাও ছাতা থাকবে না! পাজের ইন লাইট অব ইন্ডিয়া দূর-সংস্কৃতিকে জানার ভুলে ভরা বাজে লেখা না হলে আমি আইনস্টাইনের সেই হেঁটে যাওয়ার রাস্তার কিছুমাত্র দূরে প্রাগের কাফকা সোসাইটিতে বসে আজ আপনাদের এই কৌতুকটি শোনাতে পারতাম না।
ঈষৎ সংক্ষেপিত