শওকত আলী, কথাসাহিত্যিক, পেশাগত জীবনে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। বর্তমানে অবসর জীবনযাপন করছেন।বইগুলো স্পর্শ করেই...এখন আমার বয়স হয়েছে। নানা ধরনের রোগব্যাধি নিয়ে চলছে জীবন। বই পড়তে গেলেও সমস্যা হয়। আর আমি তো কিছু মনে রাখতে পারি না; বইপত্র তাই সেভাবে পড়া হয়ে ওঠে না। যা পড়ছি তাও টুকটাক—ধরা যাক কোনো প্রবন্ধ, ছোট লেখা, কিন্তু ওই যে নাম মনে রাখতে পারি না, ফলে পঠিত লেখাপত্রের নাম মনে রাখাও দুষ্কর। পুরোনো অনেক বই আমার বিছানার ওপর ছড়িয়ে-সাজিয়ে রাখি, সেগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখি। এতেই যেন বা আমার শান্তি! জীবনটা কত বিচিত্র তাই না, একসময় বই পড়ার ক্ষেত্রে কোনো সময়-অসময় ছিল না আমার; আর এখন কেবল বইগুলো স্পর্শ করি, অক্ষরের ঘ্রাণ নিই! তবে পড়ার কথা যদি বলি, খবরের কাগজ তো প্রতিদিনই পড়ি। যানজট, লোডশেডিং, ইভ টিজিং এ রকম সংবাদগুলো অক্ষরের আড়াল থেকে যেন ছবি হয়ে জেগে ওঠে।মাদারডাঙার গানমাদারডাঙার গান নামে একটা উপন্যাস লিখেছিলাম, সেই ১৯৯২-৯৩-এর দিকে। ওই সময় সেটা সাপ্তাহিক বিচিত্রায় ছাপাও হয়েছিল। এই তো কদিন আগে পুরোনো পাণ্ডুলিপি ঘাঁটতে ঘাঁটতে লেখাটি পেয়ে গেলাম। তো এবারের বইমেলায় উপন্যাসটা বের করবে একটি প্রকাশনী। তেভাগা আন্দোলন, সাঁওতাল বিদ্রোহের প্রেক্ষাপটে এটি রচিত। সেই সময় উত্তরবঙ্গের বীরগঞ্জ, মাদারডাঙা এলাকার ইতিবৃত্ত এবং ইতিহাসকে ফিকশনের আদলে ধরার চেষ্টা আছে উপন্যাসটিতে। তা ছাড়া অচিরেই শ্রেষ্ঠ গল্প শিরোনামে আমার একটি গল্প সংকলন বেরোবে—উপন্যাসের পাশাপাশি এটির কাজও করছি। এভাবেই দিন-রাত কেটে যাচ্ছে এখন আমার।গভীর শান্তিগানের ক্ষেত্রে আমি রবীন্দ্রমুখী। কথার সঙ্গে সুরকে এমন অবলীলায় মিলিয়ে দিতে আর কজন পেরেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনলে মনে হয়, যেন গভীর শান্তি ও স্নিগ্ধতায় এই পৃথিবীটা মোড়ানো রয়েছে। এক মরমি অনুভূতি ফিরে আসে দেহের মধ্যে। তবে কাদের গলায় রবীন্দ্রনাথকে ফিরে ফিরে চাই, এটা তো এ মুহূর্তে আর বলতে পারছি না। স্মৃতি আমার কাছ থেকে হারিয়ে গেছে—একমাত্র হেমন্ত মুখোপাধ্যায় ছাড়া কারও নামই মনে পড়ছে না আর।অতর্কিতে ঘুরে-ফিরে আসেএকসময় ছাত্র পড়িয়েছি। সেই কাজ থেকে অবসর নিয়েছি তাও অনেক দিন হলো। ঘরে বসেই আমার দিন কেটে যায়। আড্ডা দিতে খুব ভালোবাসি, তেমন কেউ এলে আড্ডাও হয়, কিন্তু আমাদের সময়ের মানুষেরা তো একে একে বিদায় নিচ্ছেন এখন। অতীত তাই সম্বল—অতীতের কোনো কোনো মুখ অতর্কিতে মাঝেমধ্যে ঘুরে-ফিরে আসে, কত কিছু মনে হয়। সেই সোনালি দিনগুলোকে ছুঁয়ে দেখতে খুব ইচ্ছা করে।সাক্ষাৎকার গ্রহণ: মোহাম্মদ শাহনেওয়াজ