অচলায়তন ভাঙা কৃতীর কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মীর মশাররফ হোসেন (১৩ নভেম্বর ১৮৪৭-১৯১২), প্রতিকৃতি: শিশির ভট্টাচার্য্য
মীর মশাররফ হোসেন (১৩ নভেম্বর ১৮৪৭-১৯১২), প্রতিকৃতি: শিশির ভট্টাচার্য্য

বাঙালি মুসলমান সমাজে মীর মশাররফ হোসেনের বিষাদ-সিন্ধু যে একসময় আসর বসিয়ে, রাতের পর রাত জেগে, দিনের পর দিন পঠিত হয়েছে, এমন ঘটনা বহুল প্রচলিত ছিল। বাঙালি মুসলমান সমাজের তিনিই প্রথম প্রবাদপ্রতিম ও জনপ্রিয় লেখক। অথচ যে কালে তিনি এই শীর্ষচূড় খ্যাতির অধিকারী হচ্ছেন, সেই কালটি তাঁর অনকূলে ছিল না। শান্তনু কায়সার এই সংক্ষিপ্ত জীবনীগ্রন্থ প্রমাণযোগ্য উদ্ধৃতি সহযোগে বিষয়টি তুলে ধরেছেন।

১৯৪৮ সালের শেষ ও ’৪৯-এর একেবারে সূচনায় দুই দিনব্যাপী ঢাকায় অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলনের মূল সভাপতির অভিভাষণে ড. মুহম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, ‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। এটি কোনো আদর্শের কথা নয়, বাস্তব কথা। মা প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারায় ও ভাষায় বাঙালিত্বের এমন ছাপ মেরে দিয়েছেন যে মালা-তিলক-টিকিতে কিংবা লুঙ্গি-টুপি-দাড়িতে ঢাকার জো-টি নেই।’
শান্তনু এর পরপরই নিজের মন্তব্য ভাষ্য যোগ করে বলছেন, ‘মীর ঊনবিংশ শতাব্দীর বাংলায় এই বাস্তবতার কথা স্বীকার করে নিয়েছিলেন এবং ভাষা ও চিন্তায় বাঙালি হয়ে উঠেছিলেন। এটি ছিল তাঁর জাতিসত্তার প্রকাশ, যা উত্তরকালে জাতিরাষ্ট্র হয়ে ওঠার স্বপ্নে পরিবর্তিত ও রূপান্তরিত হয়।’ কিন্তু এ মোটেও সহজ কাজ ছিল না। ছিল না যে, তা সুস্পষ্ট মীরের এই উচ্চারণে, ‘সাবেক ইসলামী ভাষা পরিত্যাগ করিয়া বিশুদ্ধ বাঙ্গালা ভাষার সেবা মুসলমান সমাজে আমিই প্রথম করিলাম।’ প্রমাণস্বরূপ মীর আরও জানাচ্ছেন, নামাজ শব্দের পরিবর্তে তিনি উপাসনা, পানির পরিবর্তে জল ব্যবহার করছেন। ফলে তাঁর সমসাময়িক কালের মুসলমান সমাজভুক্ত অনুদার সাহিত্য পাঠকগোষ্ঠী তাঁর ভাষাকে ‘কাফেরি’ ভাষা অভিহিত করে পরিত্যাগ করার পাশাপাশি তাঁর লেখা বইপত্র প্রত্যাখ্যান করেছেন।

মীর মশাররফ হোসেন
মীর মশাররফ হোসেন
মীর মশাররফ হোসেন
শান্তনু কায়সার
প্রচ্ছদ ও অলংকরণ: কাইয়ুম চৌধুরীর
পরিকল্পনায় অশোক কর্মকার
প্রকাশক: প্রথমা প্রকাশন,
নভেম্বর ২০১৫
৬২ পৃষ্ঠা
দাম: ১৫০ টাকা

শান্তনু কায়সারের এই জীবনী ক্ষুদ্রায়তনের হলেও মীরের জীবনের সার্বিক একটি চিত্র তুলে ধরার আন্তরিক চেষ্টা আছে। ফলে ‘কীর্তিমান বাঙালি’ সিরিজভুক্ত এ বই তাঁর লেখনীগুণে বিশিষ্টতায় ভাস্বর। বিশেষত জীবনীকার যখন মীরের পারিবারিক জীবন, সাংসারিক ও দাম্পত্য জীবনের একান্ত ঘরোয়া দিকগুলোও তুলে ধরেন অকপটে, তখন তাঁকে প্রকৃত জীবনী রচনাকার হিসেবে অভিনন্দিত না করে পারা যায় না। প্রকৃত জীবনীকার তিনিই, যিনি সবলতা-দুর্বলতাসমেত পূর্ণাঙ্গ মানুষটির ছবি এঁকে তোলেন। এ বইয়ে লেখক তা-ই করেছেন নিষ্ঠার সঙ্গে। ফলে এই জীবনী সংক্ষিপ্ত হলেও তার পাঠের পর পাঠক সমাজ মীর মশাররফ হোসেনের পূর্ণাঙ্গ জীবনী পাঠের ব্যাপারে আগ্রহী হয়ে উঠবেন নিঃসন্দেহে।
এ বইয়ের সমৃদ্ধ অংশটি হচ্ছে তাঁর ‘সাহিত্য সাধনার বৈশিষ্ট্য ও স্বীকৃতি’ শীর্ষক অধ্যায়টি। এখানে শান্তনু যেমন তাঁর সাহিত্যকর্মের পরিচয় তুলে ধরেছেন, তেমনি তুলে ধরেছেন সাহিত্যিক হিসেবে তাঁর মূল্যায়নের দিকটিও।
মীরের গৌরি সেতু প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন-এর ১২৮০ সালের পৌষ সংখ্যায় লিখেছেন, ‘তাহার রচনার ন্যায় বিশুদ্ধ বাংলা অনেক হিন্দুও লিখিতে পারে না।’ শুধু তাই নয়, বঙ্কিম মীর সম্পর্কে বলতে গিয়ে আরও বলছেন, ‘বাঙ্গালা হিন্দু-মুসলমানের দেশ—একা হিন্দুর দেশ নহে। কিন্তু হিন্দু-মুসলমান এক্ষণে পৃথক-পরস্পরের সহিত সহৃদয়তাশূন্য।...জাতীয় ঐক্যের মূল ভাষার একতা। অতএব মীর মশাররফ হোসেনের বাঙ্গালা ভাষানুরাগিতা বাঙ্গালীর পথে বড় প্রীতিকর। ভরসা করি, অন্যান্য সুশিক্ষিত মুসলমান তাঁহার দৃষ্টান্তে অনুপ্রাণিত হইবেন।’
এ বইয়ের সূত্রেই আমরা জানব মীরের সাহিত্যিক পরিমণ্ডলটি কেমন ছিল। ‘জলধর সেনের মতো ব্যক্তিত্ব ছিলেন মীরের অনুরক্ত ও শ্রদ্ধাশীল পাঠক। তিনি তাঁর আত্মজীবনীতে মীর সম্পর্কে লিখেছেন, ‘জাতিতে মুসলমান হলেও তিনি বাংলা ভাষাকে মাতৃভাষা বলিয়া ভক্তি করিতেন।’ শুধু তাই নয়, ‘কাঙ্গালের শিষ্য হিসেবে মীর অনেক গান রচনা করেছেন।’ বস্তুত পূর্ণাঙ্গ সাহিত্যিক বলতে যা বোঝায়, মীর ছিলেন তা-ই।
শান্তনু কায়সার মীরের রচিত নাটক প্রসঙ্গে লিখতে গিয়ে বলেছেন, ‘বার্টল্ট ব্রেশট নাটক সম্পর্কে লিখতে গিয়ে বলেছেন, দর্শকেরা যেন সমালোচনার বোধ জাগ্রত রাখে।’ এ কথা বলার পরই শান্তনু বলছেন, ‘বার্টল্ট ব্রেশট-এর আগেই মীরের বসন্তকুমারীতে এর উপস্থিতি দেখা যায়।’ এটিকে আমার শান্তনুর নতুন আবিষ্কার বলেই মনে হয়েছে।
এই জীবনী পরিসরে ক্ষুদ্র হলেও স্পর্শ করে গেছে মীর মশাররফ হোসেনের সামগ্রিক জীবনের আঁকবাঁককে। এ বইয়ের পাঠ প্রবেশিকা স্তরের হলেও ভীষণ তাৎপর্যপূর্ণ।