অচেনা জলবায়ু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: অশোক কর্মকার
অলংকরণ: অশোক কর্মকার

আকাশে হঠাৎ রাত্রির পল্লব,
কে বলবে, শরতের মেঘ?
ঘাটে নৌকা বাঁধা,
ভাসমান কালো শব।

তোমার ওখানে
যাবার কথা ছিল সন্ধে ছ’টায়;
বৃষ্টির সময় বদলে গেছে,
শুরু হলো বজ্রপাত;
আশা করি,
আমাদের চন্দ্রিমায়
বিদ্যুৎ-বিদ্রোহে
হবে না ঋতুর সংঘাত।

উড়ছে মৌমাছি। পরাগায়ন হচ্ছে না।
পাতায় রৌদ্রের ক্ষত,
এবার সময়মতো
প্রকৃত রজনীগন্ধা
তোমার হাতে দিতে পারব না।

আগের মতন কোনো শস্যে নেই স্বাদ,
বীজের ভেতর অন্য শীতকাল;
চৈত্রদিনেও হবে নাকি শিমের আবাদ! 

বললে সেদিন,
‘কমে যাচ্ছে বৈচিত্র্য চুম্বনের জলবায়ু-দেশে।’

যে পাখি ডাকত হেমন্তদিনে,
অন্য পাখি, অন্য ডাক তোমার কার্নিশে।